চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে ও পরে ১৬ এপ্রিল প্রথম আলোয় ‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়; যা পড়ে রীতিমতো হতাশ ও হতবাক হতে হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগে ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা করেন পুরুষ চিকিৎসক। ওই চিকিৎসককে সহায়তা করেন পুরুষ ওয়ার্ডবয়। এটা কি নারীর জন্য চরম অপমানকর ও অবিচার নয়? ‘নারী অধিকার’ নিশ্চিত করার স্বার্থে প্রত্যেকটি মানুষ যেখানে সচেতন, সেখানে নির্যাতনের শিকার নারীদের জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে নারী একবার সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে নির্যাতিত হয়েছেন; তিনি কতটা অসহায়, তা ভাবার অবকাশ রাখে না। শারীরিক পরীক্ষা করতে এসে সেই নারী যখন এ ধরনের অসহনীয় পরিবেশের মুখোমুখি হন; তখন তিনি নিজেকে কতটা হতভাগ্য ভাবেন, তা সহজেই অনুমেয়। এতে নির্যাতিত নারীরা আরেক দফা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। যা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। প্রথম আলোয় এই প্রতিবেদন প্রকাশের পরদিন পত্রিকা হাতে নিয়ে দেখলাম, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে দুজন নারী চিকিৎসক ও দুজন আয়া নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা পুরুষ চিকিৎসক দিয়ে করানোর ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ উপযুক্ত কর্তৃপক্ষকে। সেই সঙ্গে ধন্যবাদ প্রথম আলোকে। বোঝা গেল, জনসাধারণের কল্যাণে গণমাধ্যম কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এখন দেশের অন্যান্য মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগেও যাতে নারী চিকিৎসক ও নার্স রাখা হয়, সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। সঞ্জয় কুমার ভৌমিক বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।শিক্ষাগত যোগ্যতাগণতন্ত্রকে অনেকে মূর্খের শাসন বলে। এ ছাড়া গণতন্ত্রকে অযোগ্য, অসৎ, উচ্ছৃঙ্খল, আদর্শহীন, পুঁজিবাদী, আমলাতান্ত্রিক, উন্নয়ন-পরিপন্থী, অজ্ঞ ও অক্ষমদের শাসন বলা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র আরও একধাপ এগিয়ে পরিবারতান্ত্রিক, কালোটাকা ও দুর্নীতিবাজদের শাসনব্যবস্থা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অশিক্ষিত, অযোগ্য ও দুর্নীতিবাজেরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে। শিক্ষিত ও যোগ্য লোকজন রাজনীতিতে আসছে না। এর থেকে উত্তরণে রাষ্ট্রপ্রধান থেকে স্থানীয় সরকার—সব ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া প্রয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের জন্য মাস্টার্স বা সমমানের যোগ্যতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদের জন্য স্নাতক বা সম্মান, সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের জন্য এইচএসসি বা সমমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের জন্য এসএসসি বা সমমান ও ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হোক।সাগর আহমেদরংপুর।ট্রেন সার্ভিসগাজীপুর জেলার বিভিন্ন থানার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হচ্ছে জয়দেবপুর রেলস্টেশন ও টঙ্গী জংশন। গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস সার্ভিস রয়েছে। কিন্তু যানজটের কারণে ঢাকার ফার্মগেট, মতিঝিল, গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে ক্ষেত্রবিশেষে কয়েক ঘণ্টা লেগে যায়। টঙ্গী থেকে বাসে ফার্মগেট পৌঁছতে ফাঁকা রাস্তাতেও কমপক্ষে ৫০ মিনিট সময় লাগে। কিন্তু সেখানে ট্রেনে টঙ্গী থেকে তেজগাঁও রেলস্টেশনে যেতে সময় লাগে সর্বোচ্চ ২৫ মিনিট।তেজগাঁও থেকে ফার্মগেট হাঁটা পথে ৭-১০ মিনিটের দূরত্ব। কিন্তু টঙ্গী থেকে তেজগাঁও যাওয়ার জন্য গুটিকয়েক লোকাল, মেইল ও কমিউটার থাকলেও এর কয়েকটি আবার তেজগাঁও রেলস্টেশনে থামে না। এ জন্য গত বছর সাংসদ জাহিদ আহসান রাসেল স্বাক্ষরিত একটি চিঠি তৎকালীন রেলমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রেরণ করে যাত্রী পরিষদ। মন্ত্রী সচিবকে ব্যবস্থা নেওয়ার কথা বললেও পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। এ পরিস্থিতিতে গাজীপুরবাসীর আকুল আবেদন, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব আন্তনগর, মেইল ট্রেন টঙ্গী, তেজগাঁও ও বনানী রেলস্টেশনে যাত্রাবিরতি করে। আশা করছি, অযথা সময় নষ্ট না করে এই ছোট অথচ অতীব গুরুত্বপূর্ণ কাজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাড়াতাড়ি সম্পন্ন করবে।মির্জা কাদিম, টঙ্গী, গাজীপুর।