চি ঠি প ত্র
এর নাম উচ্ছ্বাস!১৪ মার্চ ২০১১, বিকেল চারটা বেজে ৫০ মিনিট। বাংলাদেশ-হল্যান্ড ম্যাচ দেখে মনটা আনন্দে ভরপুর। পরশু ঢাকার বাইরে যাচ্ছি। কাল মঙ্গলবার, নিউমার্কেট বন্ধ। তাই আজ সকাল থেকেই জরুরি কাজটা সেরে আসার তাগিদ অনুভব করছিলাম। কিন্তু বাংলাদেশ-হল্যান্ড ম্যাচের দুর্দমনীয় আকর্ষণ টেলিভিশনের সামনে থেকে সরতে দেয়নি। তাই ম্যাচ শেষে ফুরফুরে মনে শহীদ মিনারসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোয়ার্টার থেকে বের হলাম, গন্তব্য নিউমার্কেট। রাস্তায় নামতেই হাজার হাজার মানুষের সমাগম চোখে পড়ল, চারদিকে ভুভুজেলা আর বাঁশির তীব্র আওয়াজ। ভালোই লাগছিল। শুরু হলো রিকশা-বিড়ম্বনা দিয়ে—১৫ টাকার ভাড়া ৩০ টাকা। রিকশার ভাড়া ঠিক করছি, হঠাৎ ঠিক পেছনে কানের কাছে ভুভুজেলার তীব্র শব্দ। পেছন ফিরে তাকাতেই চার-পাঁচটা ছেলে লাফ দিয়ে সরে গেল। রিকশায় উঠে বসলাম। অসংখ্য মানুষ আর রিকশা-গাড়ির মধ্য দিয়ে এগিয়ে চলেছি। বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড়টা আরও বেশি। অনেকে রাস্তায় নাচানাচি করছে, ভুভুজেলা বাজাচ্ছে। কাছাকাছি আসতেই দুই পাশ থেকে দুটি ছেলে একদম কানের কাছে ভুভুজেলা দিয়ে তীব্র শব্দ করল। চারপাশে জয়ধ্বনি হলো, সঙ্গে অসংখ্য হাততালি। আমি গায়ে মাখলাম না। বাংলাদেশের জয়ে আনন্দ করাটা সবার অধিকার। রিকশা এগিয়ে চলল। আরেকটু সামনেই ঠিক গিয়াসউদ্দিন আজম আবাসিক এলাকাসংলগ্ন রাস্তায় একটা ছেলেকে পানির ড্রাম হাতে দৌড়াতে দেখলাম। সে রিকশার যাত্রীদের গায়ে পানি মারছে। আমার রিকশাওয়ালা রিকশাটাকে একটু পাশে নিয়ে দ্রুত প্যাডেল চালাল। পাশ থেকে চিৎকার শুনলাম, ‘ওই একটা বাদ পড়ল’। কিন্তু শেষরক্ষা হলো না। ছেলেটি দ্রুত দৌড়ে এসে ড্রামের সব পানি তীব্র বেগে আমার গায়ে ছুড়ে মারল। মুহূর্তে আমার চশমার কাচ ঝাপসা, কিছুই দেখতে পেলাম না। যতক্ষণে কাচ মুছে চশমাটা আবার চোখে দিয়েছি, ততক্ষণে বেশ খানিকটা পথ চলে এসেছি। বিস্মিত-ক্ষুব্ধ-নিরুপায় আমি তখন নীলক্ষেত মোড়ে। এরই নাম আনন্দ! এরই নাম উচ্ছ্বাস! রায়হান আরা জামান, শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটঢাকা বিশ্ববিদ্যালয়।আনন্দিত ও মর্মাহত২০ মার্চ প্রথম আলোর ফিচার পাতা ‘ঢাকায় থাকি’র অষ্টম পৃষ্ঠায় নবম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে রিকশায় করে মাঠে প্রবেশের ছবি ছাপা হয়েছে। যারা উদ্বোধনী অনুষ্ঠানের ওই বিশেষ মুহূর্তটি দেখতে পারেননি, প্রথম আলো তাঁদের জন্য পত্রিকার পাতায় বিশেষ এই দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে। আমিও সেই কাতারেরই একজন। প্রথম আলোর এই ফিচারে গুরুত্ব পেয়েছে অধিনায়কদের সহযাত্রী কিশোর-কিশোরীদের পরিচয়। এ জন্য প্রথম আলোকে ধন্যবাদ। কারণ, পরিচয় ছাড়া একজন মানুষের ছবি যত বড় করেই ছাপা হোক না কেন, অপরিচিতজনের কাছে তার কোনো মূল্য নেই। ওই ছেলেমেয়েদের পরিচয় জেনে যেমন ভালো লাগছে, পাশাপাশি ওই ১৪ জন এই অনুষ্ঠানের জন্য কীভাবে নির্বাচিত হলো, সে বিষয়টিও জানতে ইচ্ছা করেছে, যা ফিচারের মাধ্যমে জানা সম্ভব হয়নি। ধারণা করে নিয়েছি, সুযোগ পাওয়া ছেলেমেয়েরা তাদের স্কুলের ক্রিকেট দলের সেরা খেলোয়াড় এবং ভবিষ্যতে তাদের মধ্য থেকেই হয়তো দেশের কৃতী খেলোয়াড়েরা বেরিয়ে আসবে। এটি ভাবতে যেমন ভালো লাগছে, একই সঙ্গে অস্বস্তি হচ্ছে আরেকটি বিষয় ভেবে, যে রিকশাচালকেরা অধিনায়কদের নিয়ে মাঠে প্রবেশ করলেন, দেশের বিশেষ এক সংস্কৃতি ও বাস্তবতার প্রতিনিধিত্ব করলেন, তাঁদের পরিচয় কেন ফিচারে স্থান পেল না? রিকশার হাতল ধরা পরিচয়হীন ওই মানুষগুলোর ছবি ওই ফিচারে করুণ ও বেমানান ঠেকছে, অন্তত আমার কাছে। দিব্যেন্দু দ্বীপজগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।আদমশুমারি!পঞ্চম আদমশুমারি শেষ হয়ে গেল, অথচ নিজেই গণনা থেকে বাদ পড়লাম। আমার মতো অনেকেই এই শুমারি থেকে বাদ পড়েছে। নির্দেশনায় বলা হয়েছিল, যে যেখানে থাকবে, সেখানে তাকে গণনা করা হবে। সেই নির্দেশনা বা ঘোষণা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেডিও, টেলিভিশন ও পত্রপত্রিকাগুলোর ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তাহলে এর প্রয়োগটা কোথায় হলো। আদমশুমারির জন্য প্রায় চার লাখ জনবল নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু এই বিশাল জনবল কোথায়, কীভাবে কাজ করেছে, তার কি যথাযথ তদারকি হয়েছে? বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে থেকেও নিজে গণনা থেকে বাদ পড়লাম। তাহলে গ্রামাঞ্চলে আদমশুমারির কাজ কতটুকু হয়েছে, সেটাও তো ভাবার বিষয়। এই শুমারি সম্পন্ন করতে সরকার লাখ লাখ টাকা ব্যয় করেছে। তাহলে আদমশুমারি করে লাভটা হলো কী? আদমশুমারি একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই শুমারির ওপর দেশের জাতীয় সম্পদের সুষম বণ্টন নির্ভর করে। আদমশুমারিকে ঘিরে একটি দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। চাকরির ক্ষেত্রে কোটা নির্ধারণেও আদমশুমারি বিশেষ ভূমিকা পালন করে। যারা আদমশুমারি থেকে বাদ পড়ল, তারা তো দেশের সুষম সম্পদ বণ্টন থেকে বঞ্চিত হলো। এভাবে যদি আদমশুমারি করা হয়, তাহলে দেশের উন্নয়ন পরিকল্পনা কিংবা ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে, সেটা ভাবনার বিষয়। মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়আলু সংরক্ষণাগারনওগাঁ জেলাটি সরকারের কৃষিশুমারিতে বরাবরই খাদ্যউদ্বৃত্ত জেলা হিসেবে পরিগণিত হয়ে আসছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি (মার্চ, ২০১১) মৌসুমে ২৪ হাজার ৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং সরকারি হিসাবে ওই জমিতে কার্ডিনাল, ডায়মন্ড, কুপরি সুন্দরী, লাল পাগড়ি ও হাগড়াই জাতের আলু উৎপাদিত হয়েছে চার লাখ ৫৯ হাজার ৭০০ মেট্রিক টন।বর্তমানে জেলার ১১টি উপজেলায় হিমাগার আছে সাকুল্যে আটটি, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ৪৩ হাজার ৬৬৫ মেট্রিক টন। নওগাঁ কৃষি অফিস জানায়, উৎপাদিত আলুর ৪৩ হাজার ৬৬৫ মেট্রিক টন হিমাগারে সংরক্ষিত হবে। এ ছাড়া সারা বছর কৃষকপর্যায়ে সংরক্ষণ এবং খাদ্য হিসেবে ব্যবহূত হবে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন। আর বাকি দুই লাখ ৩৬ হাজার ৩৫ মেট্রিক টন আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই নওগাঁয়। সুতরাং লাভের টাকা চলে যাচ্ছে দালাল-ফড়িয়া-মধ্যস্বত্ব্বভোগীদের পকেটে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই মুহূর্তে জেলায় কমপক্ষে আরও ২৫টি হিমাগার নির্মাণ জরুরি। হিমাগারস্বল্পতার কারণে আলু সংরক্ষণের অভাবে একদিকে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে, অন্যদিকে দেশের সম্ভাবনাময় সম্পদ নষ্ট হচ্ছে। আলু সংরক্ষণের শুরু থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়া, লাগাতার লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে হিমাগারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে আলুতে পচন ধরার মতো ঘটনাও ঘটছে। সুতরাং মৌসুমের প্রথম থেকে আলুর গুণগত মান রক্ষা, বীজের আলু সংরক্ষণ ও কৃষকদের রক্ষিত আলু রক্ষা করতে কমপক্ষে ১৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা জরুরি। মো. ইফতেখার রহমাননওগাঁ