চি ঠি প ত্র
পরিবার নিকেতনপারিবারিক নির্যাতন আমাদের দেশের জন্য একটি অভিশাপ। অসংখ্য নারী এই নির্যাতনের শিকার হচ্ছেন। পারিবারিক নির্যাতন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে সংঘটিত হচ্ছে। এই ঘটনার ব্যাপকতা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং বিকৃত মানসিকতাসম্পন্ন পুরুষ কর্তৃক নারীরা অবিরত নির্যাতিত হয়ে যাচ্ছেন। পারিবারিক নির্যাতন প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ভাবেই শিশুর ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এই সব নির্যাতনের ঘটনা তাদের মনের ওপর ক্ষতের সৃষ্টি করে। কোনো কোনো শিশু মানসিকভাবে অসুস্থ হয়ে বড় হতে থাকে। এই সব অসুস্থ শিশু যখন বড় হয় তখন তারা সমাজের অন্য মানুষের সঙ্গে সমানতালে চলতে পারে না। তাদের মধ্যে তখন একধরনের বিষণ্নতা তৈরি হয়। তাদের নিজস্ব সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে না। এই কারণে তারা রাষ্ট্রের উন্নতিতে অবদান রাখতে পারে না। আবার বিভিন্ন শিশু পারিবারিক নির্যাতন থেকে উগ্রতার শিক্ষা অর্জন করে। এই শিক্ষা তাদের অপরাধী ও সন্ত্রাসী হতে শেখায়। বড় হয়ে তারা বিভিন্ন রকম অপকর্মে জড়িয়ে পড়ে এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করে। অথচ পারিবারিক নির্যাতনের পরিবর্তে যদি পারিবারিক সম্প্রীতি থাকত তাহলে আমাদের কোমলমতি শিশুরা শান্তির মধ্যে বড় হতে পারত। তারা পরিবার হতে সুশিক্ষা অর্জন করতে পারত। তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হতো। এই সব শিশু বড় হয়ে নির্ভয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করত। সমাজের বিভিন্ন স্তরে তারা সমানতালে চলতে পারত। মোট কথা তারা রাষ্ট্রের উন্নতির জন্য নিজেকে যথাযথভাবে প্রস্তুত করতে সক্ষম হতো। অতএব পুরুষদের উচিত নারী নির্যাতনের মতো খারাপ প্রবৃত্তি থেকে বের হয়ে আসা। জীবনের বিভিন্ন সমস্যায় কোনো অজুহাতেই নারী নির্যাতন করা যাবে না। বরং সব সমস্যাকে নারী-পুরুষ যৌথভাবে মোকাবিলা করতে হবে। নারীকে জীবনের চলার সাথি ভাবতে হবে। বিভিন্ন রকমভাবে তাদের সহযোগিতা করতে হবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করতে হবে। এটা দেখে শিশুদের মাঝে সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। পরিবারে বিভিন্ন সৃষ্টিশীল কাজ করতে হবে। বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করতে হবে। প্রতিভা বিকাশ করে এরকম প্রতিযোগিতার আয়োজন করতে হবে। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে হবে। এগুলো করতে হবে স্বামী-স্ত্রী ও সন্তানদের মিলিত প্রচেষ্টায়। একটি পরিবার হবে একটি শিশুর আদর্শ বিদ্যানিকেতন। একটি রাষ্ট্রের পরিবারগুলো যদি ভালো হয় তবে সে রাষ্ট্রের উন্নতি হবেই হবে। মো. আরিফুর রহমানসহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা কর্পোরেশন।