চি ঠি প ত্র
ফ্লাইওভার ও যানজট২০০৬ সালে ইস্কাটনে ফ্ল্যাট কিনে প্রায়ই যানজটের সম্মুখীন হতাম, ফলে মাথায় আসে যানজট কমানোর উপায় দেখিয়ে সংবাদপত্রে লেখা দেওয়ার। তখনো হাতিরঝিল প্রকল্পের দেখা নেই। লিখেছিলাম হাতিরঝিলের ওপর সোনারগাঁও হোটেলের পূর্বদিকে একটা ব্রিজ করে মগবাজার ইস্কাটন এলাকার গাড়িগুলো বাংলামোটর দিয়ে না গিয়ে এদিক দিয়ে গেলে এ এলাকার যানজট যেমন কমবে, তেমনি বাংলামোটরের যানজটও কমবে। এখন মালিবাগ থেকে ইস্কাটন পর্যন্ত এবং সাতরাস্তা থেকে রমনাপার্ক পর্যন্ত ফ্লাইওভার হচ্ছে যানজট কমানোর জন্য। এটা উত্তম ব্যবস্থা। কিন্তু একটু এগিয়ে যদি বাংলামোটর ক্রস করেই গাড়িগুলো ওঠানামার ব্যবস্থা করা হতো তবে ইস্কাটন এলাকাসহ ফার্মগেট-শাহবাগ রোডটি যানজটমুক্ত থাকত।সাতরাস্তাটি ফ্লাইওভারের সঙ্গে যেমন সোনারগাঁও সড়কের যানবাহনের ওঠানামার সংযোগ করে দেওয়া হচ্ছে, তেমনি হাতিরঝিলের নতুন রাস্তা, যেটা গুলিস্তানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, সেখানে সোনারগাঁও সড়কের আদলে ফ্লাইওভারে গাড়ি ওঠানামার ব্যবস্থা করে দিলে সাতরাস্তা সড়কে যানজট একেবারেই থাকবে না। এটা বর্তমান ফ্লাইওভারের কাজ চলা অবস্থাতেই ব্যবস্থা না নিলে সংযোগ খরচ অনেক বেড়ে যাবে। রাধাকান্ত রায়, ইস্কাটন।কৃষি ভাতাবাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের ৭০ ভাগেরও বেশি মানুষ কোনো না কোনো প্রকারে কৃষিকাজে জড়িত। আর বলতে গেলে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে এই খাত থেকে। প্রতিবছরই বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হন এই কৃষক। ফলে মহাজনি ঋণ বা প্রাতিষ্ঠানিক ঋণের জালে আটকে পড়ে কৃষক আর সহজে তা থেকে বের হতে পারেন না। আস্তে আস্তে ঋণের মধ্যে জড়িয়ে পড়েন। কৃষকের উৎপাদিত ফসলই আমাদের দেশের সব মানুষের খাদ্য জোগান দেয়। কিন্তু এই কৃষকের ভাগ্যের পরিবর্তন সহজে আসে না। সবার জন্য ফসল উৎপাদন করে কৃষক নিজে তিন বেলা খেতে পারেন না। যে বছর ভালো ফসল উৎপাদন হয় সেই বছর ফসলের ন্যায্য মূল থেকে বঞ্চিত হন। আর কৃষকেরা যেহেতু গ্রামে বসবাস করেন, তাই তাঁরা অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। আমাদের দেশের যাঁরা প্রকৃত কৃষক আর যাঁদের বয়স ৫০-ঊর্ধ্ব তাঁদের জন্য কোনো প্রকার ভাতা চালু করা যায় কি না, তা ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। সেটা বয়স্ক ভাতা না হয়ে হবে কৃষি ভাতা।মো. জাহাঙ্গীরগ্রাম ও ডাক তালশহর, ব্রাহ্মণবাড়িয়া।বাংলা সন১৪২০ নববর্ষ সংখ্যায় প্রথম আলোর ‘বাংলা, বাঙালি ও বাংলা সন’ নিবন্ধে শামসুজ্জামান খান লিখেছেন—‘তিনি (আকবর) ভারতের বিভিন্ন অংশে যেসব সন প্রবর্তন করেছিলেন, তা পরিষ্কারভাবে উপর্যুক্ত গ্রন্থে (আইন-ই-আকবরী) লেখা আছে।’ কিন্তু আমি তো সেখানে পাই কেবল ইলাহি সনের বিবরণ। সুতরাং তাঁকে অনুরোধ, অনুগ্রহ করে তিনি কী জানাবেন, ইলাহি সন ব্যতীত আর কোন কোন সন আকবর ভারতে প্রবর্তন করেছিলেন এবং সে বিবরণ ওই গ্রন্থের কোন খণ্ডের কোন পৃষ্ঠায় লেখা রয়েছে? আবার তিনি ১৪ এপ্রিল ২০১৩-এর সংবাদ-এ ‘চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ; নিবন্ধে লিখেছেন, ‘আমাদের ধারণা আকবরের ইলাহী সনকে ভিত্তি হিসাবে ধরে তিনিই (মুর্শিদকুলি খান) বঙ্গাব্দ চালু করেন...।’ এখানে ‘ইলাহী সনকে ভিত্তি হিসেবে ধরে’ কথাটা বোঝা গেল না। কারণ, ১৫৫৬ খ্রিষ্টাব্দে যখন ১ ইলাহি সন, তখন ৯৬৩ বঙ্গাব্দ। তাহলে ইলাহি সনকে ভিত্তি হিসেবে ধরে বঙ্গাব্দ কীভাবে চালু হয়? এ কথার ব্যাখ্যা জানালে খুশি হব।ববি রায়, গুলশান, ঢাকা।