চি ঠি প ত্র
লজ্জা‘খেলা শেষ। বেজে গেছে আম্পায়ারের শেষ বাঁশি। মহিলা কাবাড়ির সোনার লড়াইয়ে ১৯-১৬ পয়েন্টে জিতে উল্লাসে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে বিজেএমসি। তখনই শুরু হয়ে গেল লঙ্কাকাণ্ড। গ্যালারি ও কোর্টের পাশ থেকে আনসার সদস্যরা চড়াও হলেন ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার আলী আজগর ও রফিকুল ইসলামের ওপর। চেয়ার তুলে যথেচ্ছ মার শুরু হলো, সঙ্গে চলল কিল, ঘুষি ও লাথি। দুই আম্পায়ারই আহত হলেন।’ এ প্রতিবেদনটি (‘রক্তাক্ত কাবাডি কলঙ্কিত গেমস’ শিরোনাম) পড়লাম ২৪ এপ্রিল প্রথম আলোর খেলার পাতায়। সত্যি লজ্জা পেলাম। ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত হলো। বলতে হবে বাংলাদেশ গেমসের ইতিহাসে এটা অবশ্যই কলঙ্কের একটি দিন। খেলাধুলা মানুষের মনের চাহিদা মেটায় শরীরকে সুস্থ রাখার পাশাপাশি। আর প্রতিযোগিতামূলক খেলাধুলা অবশ্যই সবার জন্য আনন্দের। আর এ পরিবেশে যদি ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তবে তা সত্যি চরম দুঃখজনক।প্রতিবাদের অনেক পথ রয়েছে। এ ছাড়া রয়েছে লিখিত অভিযোগের ব্যবস্থা। কিন্তু এভাবে আম্পায়ারকে আহত করে প্রতিবাদ জানানোটা সত্যি হতাশাজনক ও চরম লজ্জার। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়ানোর একমাত্র পথ হচ্ছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। সঞ্জয় কুমার ভৌমিকসহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।