চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্মান্তিকসাভারে বহুতল মার্কেট ধসে পড়ে প্রাণ হারালেন অনেক মানুষ। আহত এবং নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। মানবসৃষ্ট এই বিপর্যয়ে আজ হতবাক জাতি। এত মানুষের করুণ মৃত্যু আমাদের মনকে শোকাহত করেছে। বারবার কেন ঘটছে এ রকম মর্মান্তিক দুর্ঘটনা? গার্মেন্টস, বহুতল ভবনগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ড ও ভবনধসের মতো ঘটনা ঘটছে। এত দিন প্রাণহানির সংখ্যা সীমিত আকারে থাকায় সরকার এবং অন্য সবার টনক নড়েনি। কিন্তু এবার অনেক বেশি মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা সবাইকে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করেছে। গার্মেন্টস খাত থেকে বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। অথচ পোশাকশ্রমিকদের ন্যূনতম সুযোগ-সুবিধাও দেন না মালিকেরা। এমনকি তাঁদের জীবনের নিরাপত্তার কথাও তাঁরা বিন্দুমাত্র ভাবেন না। ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দেওয়ার পরও ভবনের মালিক তা সংস্কারের ব্যবস্থা না নিয়ে ঘটনার দিন জোর করে নিরীহ দরিদ্র গার্মেন্টস শ্রমিকদের ওই ভবনে ঢোকানোর অভিযোগ রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত শ্রমিকদের বিনা মূল্যে সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সব আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা। পিয়ানোগত ২৩ এপ্রিল প্রকাশিত প্রথম আলো পত্রিকায় ডিজিটাল পিয়ানোর ছবি প্রকাশিত হয়েছে। এই পিয়ানোগুলো মূল্যবান এবং ব্যবহার না হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেসব প্রতিষ্ঠানে প্রশিক্ষক আছেন বা যেসব স্কুলের শিক্ষক এগুলো বাজাতে জানেন, কেন সেগুলো তাঁদের দেওয়া হলো না? সরকারের এ ধরনের অনেক মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে শুধু প্রশিক্ষকের অভাবে। এ ধরনের প্রশিক্ষক খুবই কম। যাঁরা সুন্দর করে পিয়ানো বাজাতে জানেন এবং শিক্ষার্থীদের সুদ্ধ সংগীত শিক্ষাদান করতে পারেন, তাঁদের হাতে এসব পিয়ানো দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে পিয়ানো কি-বোর্ড বাজানো শিখেছি। আমি জানি, বাজাতে শিখলেও অনেকের পক্ষেই এ ধরনের পিয়ানো কেনা সম্ভব নয়। সরকারের কাছে আবেদন, এগুলোকে নষ্ট হতে না দিয়ে যেসব স্কুলে প্রশিক্ষক আছেন, তাঁদের দেওয়া হোক। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে একটি বরাদ্দ করা হলে তাতে অন্তত একটি মূল্যবান পিয়ানো নষ্টের হাত থেকে রক্ষা পাবে এবং হাজার হাজার শিক্ষার্থী বছরের পর বছর ধরে এটি বাজাতে পারবে। কয়েক হাজার ছেলেমেয়ে নিজ হাতে বাজিয়ে গাইতে পারবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তানভীর আলম শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, ঢাকা।শিক্ষক নিবন্ধনবেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বছরের এপ্রিলের শুরুতে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিঃসন্দেহে এটি আনন্দের সংবাদ। কিন্তু দুঃখজনক হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হওয়া সত্ত্বেও ওই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না থাকা। শিক্ষা ছাড়া আমাদের সমাজব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো, যাঁরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, এর বিরাট একটি অংশ অবহেলিত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যাঁরা, তাঁরা চার বছরের অনার্স কোর্স সাড়ে ছয় বছর পার হওয়া সত্ত্বেও শেষ করতে পারেননি। পরীক্ষা শেষ হয়েছে বটে, কিন্তু ফল ঘোষণার কোনো খবর নেই। আর এ কারণে ওই পরীক্ষায় তাঁদের অংশ নিতে দেওয়া হচ্ছে না। একই দেশে বসবাস করে একই কোর্স ভিন্ন সময়ে শেষ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই বৈষম্যের ফলে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যদি ফল ছাড়া বিসিএস পরীক্ষা এবং মাস্টার্সে ভর্তি হতে পারেন, তবে কেন নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন না?কর্তৃপক্ষের কাছে আবেদন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ছাড়া ওই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া অথবা ফল প্রকাশের পর পরীক্ষা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। এস এম নাসির উদ্দিন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ময়ময়নসিংহ।