চি ঠি প ত্র
কিছু অপ্রিয় কথাযখন বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে প্রথম আলো পড়ে বাংলাদেশের অপার সম্ভাবনার খবর জানতে পারি, তখন খুবই ভালো লাগে। দেশকে নিয়ে আশাবাদী হই এবং নিজেও অনেকটা বড় স্বপ্নচারী হয়ে যাই। কিন্তু বর্তমানে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতায় ওই আশাবাদ ও স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এই ভয়ানক পরিস্থিতির পাশাপাশি আরও উদ্বেগের বিষয় হলো, যে দেশের পাবলিক পরীক্ষা, বিশেষ করে এসএসসি, এইচএসসি ও বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, সেই দেশের আইনের শাসন খুব স্বাভাবিক কারণেই প্রশ্নসাপেক্ষ। যে দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যেখানে শিক্ষক-শিক্ষিকা একটি শিশুকে মনস্তাত্ত্বিকভাবে শিক্ষা দেবেন, সেই দেশে কীভাবে অপার সম্ভাবনাগুলো টিকে থাকবে। কেননা, আজকের শিশু আগামীকাল জাতিকে নেতৃত্ব দেবে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অচিরেই যেন সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে দেশকে অবশ্যম্ভাবী ধ্বংস থেকে রক্ষা করা হয়। কিছুদিন আগে প্রথম আলোর সম্পাদকীয় কলামে প্রশ্ন তোলা হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কেন কোনো অপ্রীতিকর ঘটনার আগাম কোনো সংবাদ দিতে পারে না? আমি এর সঙ্গে একটু যোগ দিয়ে বলতে চাই, আমাদের দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যাপারে দলীয়করণ, স্বজনপ্রীতি ও কোটার ওপর জোর দেওয়া হচ্ছে; তাতে আমলাতান্ত্রিক গোষ্ঠী, আইনপ্রণেতা ও আইনের শাসকেরা মেধাশূন্য হয়ে যাচ্ছে, যাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।হাবীব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।কলঙ্কমুক্ত হোক দেশএকাত্তরে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল বলেই আজ আমরা নিজেদের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারি। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশ-মাকে পেয়েছি, সেই বীর শহীদ ও বীরাঙ্গনাদের ঋণ কখনোই শোধ হওয়ার নয়। আমরা চিরঋণী তাঁদের কাছে। তবে যেসব মানুষ বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং একাত্তরে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নিকৃষ্ট মানবতাবিরোধী পাপাচারে লিপ্ত হয়েছিল, তাদের প্রাপ্য সাজাটুকু নিশ্চিত করার মাধ্যমে হয়তো কিছুটা হলেও দেশের প্রতি দায় শোধ করা হবে।আমরা হতে পারি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক কিংবা একেক মতাদর্শে বিশ্বাসী; কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে দেশের স্বার্থ জড়িত, সেখানে আমাদের সবার কি একবিন্দুতে মিলিত হওয়া উচিত নয়? মানবতাবিরোধী অপরাধী সে যে-ই হোক কিংবা যে দলেরই হোক, তার বিচার চাই। কিন্তু খুবই অবাক হই, যখন দেখি, মানবতাবিরোধী অপরাধের বিচারের শাস্তির রায় শুনে তাদের পক্ষে এ প্রজন্মের কিছু মানুষ পুরো দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে পেছনের দিকে ঠেলতে চায়! আমরা কি তবে দেশকে কলঙ্কমুক্ত করতে চাই না? আমাদের ভুলে যাওয়া উচিত নয়, জন্মসূত্রেই আমরা দেশের কাছে ঋণী ও দায়বদ্ধ। তাই মানবতাবিরোধী অপরাধীদের বিচার না করতে পারলে হয়তো কখনোই বীর শহীদদের, তথা এ দেশের কাছে আমরা ক্ষমা পাব না। সাকিবুল হাসানমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।পুলিশের নিরাপত্তাআমরা যারা পুলিশ বিভাগে চাকরি করি, আমাদের নিয়ে কেউ ভাবে না। ভাবার চেষ্টাও করে না। আমরাও যে মানুষ, এ কথা কেউ ভাবে না। গত ১৬ এপ্রিল প্রথম আলোয় ‘পুলিশের নিরাপত্তা দেবে কে’ শিরোনামে তুহিন ওয়াদুদের একটি লেখা ছাপা হয়। লেখাটি পড়ে মনে শান্তি পেলাম যে আমাদের নিয়ে একজন ব্যক্তি হলেও চিন্তা করেন। আমার এ লেখাটির উদ্দেশ্য হলো, তুহিন ওয়াদুদের প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। নাম প্রকাশে অনিচ্ছুকএকজন পুলিশ কনস্টেবল।বোনাস বৃদ্ধিসরকার পেনশন, মাসিক চিকিৎসা ভাতাসহ সমর্পিত অর্থের ভিত্তিতে দুই ঈদে দুটি বোনাস দিয়ে আসছে। ওই বোনাসের অঙ্ক ১০-১৫ বছর আগে যা ছিল, এখনো একই অবস্থায় আছে। যদিও ইতিমধ্যে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে এ টাকার ক্রয়ক্ষমতা নগণ্য পর্যায়ে চলে এসেছে। বলা বাহুল্য, অপেনশনধারীদের অধিকাংশই পীড়িত ও অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অপরদিকে পেনশনভোগীদের মাসিক পেনশন ও বোনাসের পরিমাণ প্রতি পে-স্কেলে বাড়ানো হয়েছে, যা যুক্তিযুক্ত।এ অবস্থায় সরকারের কাছে আকুল আবেদন, প্রজাতন্ত্রের এসব অসহায় পেনশন সমর্পণকারীদের বোনাসের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করে অন্তত একটু স্বস্তিতে ঈদ উদ্যাপন করার সুযোগ করে দেবেন।মোজাম্মেল হকঅবসরপ্রাপ্ত ব্যাংকার, খিলগাঁও, ঢাকা।জবির ক্যাফেটেরিয়াজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের নিচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়ায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী খাওয়া-দাওয়া করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়ার দায়িত্বভার গ্রহণ করে এটি পরিচালনা করছে। ফলে খাবারের দাম কমায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত। কিন্তু ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের বসার পর্যাপ্ত চেয়ার নেই; ফলে অনেক সময় দাঁড়িয়ে খাবার খেতে হয়। তা ছাড়া পানি পান করার জন্য পর্যাপ্ত জগ ও গ্লাস নেই; এতে অধিকাংশ সময়ই পানি পান করতে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাই শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে ক্যাফেটেরিয়ায় বসার জন্য পর্যাপ্ত চেয়ার এবং পানি পান করার জন্য জগ ও গ্লাস সরবরাহ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।মো. মাহফুজুর রহমানজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।