চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী প্রতিনিধি বাংলাদেশের তরুণ প্রজন্ম ইন্টারনেটে মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিংয়ে অসাধারণ সাফল্য লাভ করেছে। ফ্রিল্যান্সিংয়ের কাজে এ দেশের ফ্রিল্যান্সাররা বিবিধ সমস্যার মধ্যে পড়েন। ইন্টারনেটের ধীরগতি, ফ্রিল্যান্স প্রশিক্ষণের ভালো প্রতিষ্ঠানের অভাব, বিদ্যুতের সমস্যা, ইন্টারনেটের উচ্চমূল্য, ইন্টারনেট সংযোগের দুষ্প্রাপ্যতা, ফ্রিল্যান্সিংয়ের ভুয়া প্রতিষ্ঠান ইত্যাদি। এত সব সমস্যা মোকাবিলা করেও আমাদের দেশের তরুণেরা ফ্রিল্যান্সিং করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন। সম্প্রতি ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করার জনপ্রিয় সাইট ফ্রিল্যান্সার ডট কমে বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি হিসেবে নাবিলা মোরশেদকে নিয়োগ করা হয়েছে। এর জন্য নাবিলাকে ধন্যবাদ। তাঁর প্রতি অনুরোধ, তিনি যেন ফ্রিল্যান্সিংয়ে এই দেশের তরুণদের আরও সম্পৃক্ত করার চেষ্টা করেন। দেশের সব প্রান্তে ফ্রিল্যান্সিংয়ের কাজ পৌঁছে দিতে তাঁর সব রকম প্রচেষ্টা নেওয়া উচিত। এই কাজ সহজভাবে যাতে বোঝা যায়, এর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। বিদেশ থেকে সহজে কাজ পাওয়া এবং সেই কাজ অত্যন্ত সুচারুভাবে করে দিয়ে টাকা আয় করার জন্য যা যা করা দরকার, সেগুলো শিখিয়ে দিয়ে আমাদের তরুণসমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে পড়ালেখা শেষ করে কেউ কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারেন। কোনো ব্যক্তি যদি ফ্রিল্যান্স সম্পর্কে জানতে চান, তবে তাঁকে অবশ্যই গুরুত্বসহকারে ও আন্তরিকতার সঙ্গে ফ্রিল্যান্স সম্পর্কে যথাযথ তথ্য প্রদান করতে হবে, যাতে তাঁর এ ব্যাপারে আরও আগ্রহ বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি ফ্রিল্যান্সিংয়ে সম্পৃক্ত হয়ে তাঁর ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখতে পারেন। মো. আরিফুর রহমান সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন। কাঁকড়ানওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা, ডিমা, ভবানীপুর, রাউতাড়া গ্রামের ওপর দিয়ে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে কাঁকড়া (একধরনের মালবাহী ট্রাকটার) চলছে। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গতিরোধক দিয়েও এসব কাঁকড়ার গতি রোধ করা যাচ্ছে না। ফলে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কাঁকড়ার উচ্চ শব্দে মানুষ অতিষ্ঠ। এই কাঁকড়া চলাচল করায় রাস্তার পাশে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর বালিকা বিদ্যালয় থাকায় স্কুলগামী ছেলেমেয়েদের অভিভাবকেরা বেশি আতঙ্কে আছেন। এসব কাঁকড়া মান্দা উপজেলা থেকে ইট, বালু পরিবহন করে। খোলা অবস্থায় বালু পরিবহনের সময় মানুষের চোখে এসে পড়ছে বালু। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন শিগগিরই এসব কাঁকড়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এলাকার লোকজনকে রাস্তাঘাটে নিরাপদ চলাচল নিশ্চিত করে। সবুজ সরকারনিয়ামতপুর, নওগাঁ।সংলাপ দ্রুতই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাজনৈতিক অস্থিরতা। জোরালো ইস্যু হিসেবে যা দাঁড়িয়েছে তা হলো ‘তত্ত্বাবধায়ক সরকার’। অপরদিকে রয়েছে নির্বাচনের সময় ‘অন্তর্বর্তীকালীন সরকার’ ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জটিলতা মতপার্থক্য থাকার কারণে। যার কারণে আসন্ন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। কেননা, মানুষ চায় আনন্দমুখর পরিবেশে ভোটদানের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। আর এ জন্য প্রয়োজন সংলাপ। সংলাপ এমন একটি ব্যাপার, যেখানে আলোচনার মাধ্যমে একদিকে কমবে রাজনৈতিক অস্থিরতা, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের দূরত্ব কমবে, বাড়বে সম্প্রীতি; অন্যদিকে এই আলোচনা অনেক কঠিন সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে। তৈরি হবে সমঝোতার পথ। সংলাপে না বসে দূর থেকে যত ধরনের কথা বলা হোক না কেন, তাতে কোনো শুভফল পাওয়া যাবে না। বরং সময় হাঁটবে অসময়ের পথে। বাড়বে সাধারণ মানষের ভোগান্তি। সৃষ্টি হবে উৎকণ্ঠা, উদ্বেগজনক পরিবেশ নির্বাচনকে ঘিরে।বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রবাসে যেসব বাংলাদেশি থাকেন, তাঁদের অনেকের হূদয়ের কথাগুলো, কষ্টগুলো (যা শুধু নিজ দেশকে ঘিরে) যখন প্রথম আলোর দূর পরবাসে বিভাগটিতে পড়ি, তখন সেটা আরও বেশি অনুভব করি। আর দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজন আনন্দঘন পরিবেশে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। যেখানে থাকবে না কোনো দ্বিধা, সংশয়। গজিয়ে ওঠার সুযোগ পাবে না কোনো অপশক্তি। অব্যাহত থাকবে সুষ্ঠু ও বিশুদ্ধ গণতান্ত্রিক চর্চা। সঞ্জয় কুমার ভৌমিকআলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল। সম্পদ বাঁচানবাংলাদেশের অগ্রগতি অনেকাংশেই কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। তাই তাঁদের নিরাপত্তা ও উত্তরোত্তর উন্নয়ন আমাদের সবার কাম্য। মহাজনের কাছে তাঁর পাইকার একজন সন্তানের মতো। শিল্পমালিকের কাছেও তাঁর কর্মীরা সন্তানতুল্য। শিল্পের আয়, উন্নতি ও সমৃদ্ধি বহুলাংশে কর্মীদের ওপর নির্ভরশীল। সুতরাং শিল্পমালিক ও কর্মীর সম্পর্ক অত্যন্ত মধুর হওয়া বাঞ্ছনীয়। তাই মালিকপক্ষের কাছে অনুরোধ, কর্মীদের উপযুক্ত বেতন দিয়ে তাঁদের মানবসুলভ জীবনযাপনের সুযোগ করে দিন। কর্মী ভাইদের বলি, যে প্রতিষ্ঠান থেকে আপনাদের রুটিরুজির সংস্থান হয়, তাকে কথায় কথায় আঘাত করবেন না, ভাঙচুর করবেন না। দেশের দক্ষিণাঞ্চলে যেসব মৎস্যজীবী ভাই আছেন, সরকার তাঁদের নিরাপদ জীবনের ব্যবস্থা করুক। প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যু, বনদস্যুদের কবল থেকে তাঁদের রক্ষা করুক।বাংলার কৃষক, শ্রমিক ও কর্মজীবীরা ভালো থাকলে তাঁরাই দেশকে সমৃদ্ধিতে ভরে তুলবেন। তাঁদের বাঁচান, তাঁরাই বাঁচাবেন দেশ। এক গুণ দিলে তাঁদের কাছ থেকে ফেরত আসবে ১০ গুণ।দিলীপ রায়, বড়দিয়া, নড়াইল।