চি ঠি প ত্র
শিশু ও বৃক্ষশিশুরা হলো প্রাণচাঞ্চল্যের প্রতীক। তারা চায় বাধাহীন নির্মল আনন্দ। শিশুরা বোঝে না কোনো পক্ষ কিংবা প্রতিপক্ষ। তারা বেড়ে ওঠে সরলতা আর বিশুদ্ধতার মধ্য দিয়ে। তারা অজানাকে জানতে চায় তাদের মতো করে। তাদের ইচ্ছাগুলো আকাশে উড়ে বেড়ানো পাখির মতো সদা উড্ডীয়মান। ফুলের মতো পবিত্র তাদের মন। আর যখন এই কোমলমতি শিশুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তা সত্যি চরম অমানবিকতার পরিচয় দেয়। শিশুরা হয় দিকভ্রষ্ট। পথ হারিয়ে চলে অন্ধকারের পথে। কেননা, যে বয়সে পড়ালেখা করে আর খেলাধুলার মাধ্যমে নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার কথা আগামী দিনে জাতিকে পথ দেখানোর জন্য; সেই বয়সে তারা অনেকেই জড়িয়ে পড়ে নানা সংঘাতে কিংবা প্রলোভনে। শারীরিক শ্রমমূলক কাজ শিশুদের জন্য নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক শিশুকে পথেঘাটে অনেক কষ্টকর কাজ করতে দেখা যায়, যা চরম বেদনাদায়ক। আর এসব দূর করতে প্রয়োজন যথাযথভাবে আইনের প্রতিফলন ঘটানো। তা না হলে নষ্ট হবে শিশুদের ভবিষ্যৎ।আমাদের দেশে আন্দোলনের সময় দেখা যায়, গাছ কেটে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। মাঝেমধ্যে গাছের গুঁড়ি ফেলে রাখা হয় রাস্তায়। আবার মাঝেমধ্যে ‘জ্বালাও-পোড়াও’ নীতির স্টিম রোলার চলে বৃক্ষের ওপর, যা দুঃখজনক। এ ছাড়া প্রায়ই পত্রপত্রিকায় বৃক্ষ কর্তনের খবর ছাপা হয়। দুঃখের বিষয় হলো, যে বৃক্ষ মানুষের পরম বন্ধু, সেই বৃক্ষের ওপর চলে এরূপ নির্যাতন। যে বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখছে, সেই বৃক্ষের প্রতি এই অমানবিকতা গ্রহণযোগ্য নয়। সামনে আসছে বর্ষাকাল। আসছে বৃক্ষরোপণ অভিযান। অনেক সময় দেখা যায়, বৃক্ষরোপণের পর যত্নের অভাবে চারা গাছগুলো চলে যায় গবাদিপশুর পেটে। প্রয়োজন বৃক্ষরোপণের পর একটা পর্যায়ে বেড়ে ওঠা পর্যন্ত চারা গাছগুলোর যত্ন করা। বৃক্ষ লাগান। বৃক্ষই বাঁচাবে পরিবেশ, বাঁচাবে এই পৃথিবীর প্রকৃতিকে। সঞ্জয় কুমার ভৌমিকআলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল।প্রাথমিক শিক্ষকদের দাবিপ্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, প্রাথমিক শিক্ষার উন্নতি ও অগ্রগতি ব্যতীত সমাজ তথা জাতির কোনো উন্নতি সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের সৈনিক হচ্ছেন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। সরকার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন স্কেল এবং উচ্চশিক্ষিত শিক্ষকদের পদোন্নতি দেবে—এই প্রতিশ্রুতির কারণে উচ্চশিক্ষিত অনেক ছেলেমেয়ে প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতা পেশায় এসেছেন এবং এতে প্রাইমারি শিক্ষার প্রসার ও গুণগত মান বেড়েছে। সরকারের মেয়াদ শেষ পর্যায়ে। এ অবস্থায় সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নেবে, এ প্রত্যাশা শিক্ষকদের। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। শ্যামল কান্তি বিশ্বাসসি. শিক্ষক, স. প্রাইমারি, হাটহাজারী চট্টগ্রাম।বুয়েট ছাত্রের ফরিয়াদ২০১১-১২ শিক্ষাবর্ষে মেডিকেলসহ কয়েকটি প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও দেশের সবচেয়ে মেধাবীরা অধ্যয়ন করেন জেনে বুয়েটে ভর্তি হই। ক্লাস শুরুর কিছুদিন পরই শুরু হয় কতিপয় অনিয়মের বিরুদ্ধে বুয়েট শিক্ষক সমিতির ডাকে উপাচার্যবিরোধী আন্দোলন। এ কারণে দুই মাসের অধিক সময় বুয়েট বন্ধ থাকে। যদিও আন্দোলনের সময় বুয়েট শিক্ষক সমিতির বিতরণকৃত এক প্রচারপত্রে একাডেমিক প্রোগ্রামের সাময়িক ক্ষতিতে দুঃখ প্রকাশ করা হয়। বুয়েটে স্বাভাবিক অবস্থা ফিরে এলে এ ক্ষতিপূরণে প্রয়োজনে ছুটির দিনেও ক্লাস নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে এই বিষয়ে পদক্ষেপ দেখা যায়নি।কয়েক মাস আগে শুরু হয় দেশে রাজনৈতিক অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে সাপ্তাহিক ছুটি এক দিন হলেও বুয়েটে সাপ্তাহিক ছুটি দুই দিন, বৃহস্পতি ও শুক্রবার। বুয়েট থেকে কয়েক শ গজ দূরে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজে হরতালের দিনে ক্লাস-পরীক্ষা চালু থাকে। হরতাল শুরুর পর পরই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস নেওয়া শুরু করে অর্থাৎ সপ্তাহে সাত দিনই সেখানে ক্লাস-পরীক্ষা হচ্ছে।অনেক বিলম্বে বুয়েটের রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে গত ১৩ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার বিভাগীয় প্রধানের অনুমতি নিয়ে শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নিতে পারবেন বলে জানালেও আমি যে বিভাগে পড়ছি সেখানে গত এক মাসে শুধু এক বৃহস্পতিবার ক্লাস নেওয়া হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেখানে তৃতীয় টার্মের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেখানে বুয়েটে সবেমাত্র প্রথম টার্ম শেষ হয়ে দ্বিতীয় টার্মের ক্লাস চলছে। বুয়েট কর্তৃপক্ষের উদাসীনতায় মনে হচ্ছে একই সেশনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু-এক বছর আগে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। তাই বুয়েটকে সেশনজটমুক্ত করে শিক্ষার্থীদের হতাশা দূর করার জন্য সাপ্তাহিক ছুটি এক দিন প্রবর্তন, পরীক্ষার আগে প্রস্তুতিমূলক ছুটিসহ অন্যান্য ছুটি কমানো, ঐতিহ্যবাহী বুয়েটকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষের ত্বরিত হস্তক্ষেপ কামনা করছি।নাম প্রকাশে অনিচ্ছুকযন্ত্রকৌশল বিভাগের জনৈক ছাত্রবুয়েট, ঢাকারাস্তাটি সংস্কার প্রয়োজন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ১৪ নম্বর চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উত্তর দিকে মোহাম্মদ কোরবান আলী প্রামাণিক সরণির চৌরাস্তার মোড় হয়ে পশ্চিম দিকে মোহাম্মদ আবদুল মান্নান চেয়ারম্যান সরণি দিয়ে চৈরাহাটি হয়ে পশ্চিম দিকে মোসলেম হাঁটি দিয়ে দক্ষিণ দিকে চান্দের বাজার হয়ে দক্ষিণ দিকে মোসলেম হাঁটিমোড়া পর্যন্ত রাস্তাটি সংস্কারবিহীন পড়ে রয়েছে। আগে রাস্তাটির অর্ধেক পিচ ঢালাই এবং অর্ধেক ইটের খোয়া বিছানো ছিল। দুঃখের বিষয়, রাস্তাটির বর্তমান অবস্থা করুণ।যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। মোহাম্মদ আশরাফুল ইসলাম নবাবগঞ্জ, ঢাকা।