চি ঠি প ত্র
সাভার ট্র্যাজেডিসাভার ট্র্যাজেডির মতো দুর্যোগ আরও অপেক্ষা করছে আমাদের সামনে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ না হলে এবং প্রতিরোধব্যবস্থা না নিলে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটতেই থাকবে। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ফলে ১১২ জন পোশাকশ্রমিক নিহত হয়েছিলেন। এর আগে সাভারের বাইপাইলে স্পেকট্রাম ভবনধসে ৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়। রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় হতাহতের সংখ্যা সহস্রাধিক।যেভাবে বৃহত্তর ঢাকায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো অপরিকল্পিত বহুতল ভবন গড়ে উঠছে, তাকে আমরা ভবন না বলে বলব মরণফাঁদ। অতি মুনাফার লোভে তৈরি পোশাক কারখানার মালিকেরা ভবন যথাযথ নিয়মে তৈরি হয়েছে কি না, তা না দেখে ভবন ভাড়া নিয়ে তৈরি পোশাক কারখানা গড়ে তুলছেন। দেখা গেছে, অনুমতি আছে পাঁচতলার কিন্তু ভবন তৈরি করা হয়েছে নয়-দশতলা। তৈরি পোশাক কারখানা স্থাপন করার আগে অনুমতি পেতে প্রথমে রাজউক এবং ফায়ার সার্ভিসসহ ১৯টি সরকারি প্রতিষ্ঠানের সনদ নিতে হয়। তারপর বিজিএমইএ এবং বিকেএমইএ সনদ দেয়। এসব নিয়মকানুন মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে পোশাকশিল্পে ভয়াবহ দুর্ঘটনা এড়াতে এবং পোশাকশিল্প বাঁচাতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নে নজর দিতে হবে। ভবন তৈরি এবং কারখানা স্থাপনে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান সব বহুতল ভবন এবং তৈরি পোশাক কারখানাগুলো বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো ঝুঁকিপূর্ণ এবং অনুপযুক্ত, সেগুলো চিহ্নিত করে বন্ধ করে দিতে হবে। ভবিষ্যতে ভবন তৈরি এবং কারখানা স্থাপনের সময় যথাযথ নিয়মকানুন মানার ব্যাপারে আরও কঠোর হতে হবে। মাহতাব আলী, মিরপুর, ঢাকা। সংলাপচলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সংলাপ নিয়ে যে টালবাহানা শুরু করেছেন, তাতে সংলাপের আশা করা যায় না। অবশ্য তিনি যে নির্বাচনকালীন সরকারব্যবস্থার কথা বলছেন, তাতে সংলাপের কিছু নেই। প্রধানমন্ত্রীর মনে রাখা প্রয়োজন, এটা যুক্তরাষ্ট্র নয়, এটা বাংলাদেশ। আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পাই, নির্বাচন শেষে জয়ী দল ও পরাজয়ী দল ফলাফল মেনে নিয়ে পরস্পর কুশল বিনিময় করে। কিন্তু আমাদের দেশে নির্বাচনে জয়ী দল বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর পরাজিত দল বলে নির্বাচনে কারচুপি হয়েছে। আমরা এই নির্বাচন মানি না। পরদিন থেকে শুরু হয় সরকার পতনের আন্দোলন। তাহলে কীভাবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? তাই দরকার দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের সংলাপের মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ১৯৯৬ সালের পুনরাবৃত্তি করবেন না। এটা দেশের জন্য অকল্যাণকর।মো. জাকারিয়ামেছড়া, সিরাজগঞ্জ।পেনশন মঞ্জুর না হওয়াআমার স্বামী নারায়ণ চন্দ্র দাস নোয়াখালী জেলার সদর উপজেলার রাজগঞ্জ উপ-ডাকঘরে কর্মরত ছিলেন। ২০০৯ সালের ২৪ অক্টোবর কর্মরত অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর চার বছর পরও আমি পারিবারিক পেনশন পাইনি। পেনশনের জন্য ডাক বিভাগের দ্বারে দ্বারে ঘুরলেও ১৯৮৯ সালের আইনি জটিলতা দেখিয়ে আমাকে পেনশন পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। নোয়াখালী বিভাগীয় পোস্ট অফিস ও নোয়াখালী প্রধান ডাকঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, চট্টগ্রাম সার্কেল অফিস ও ঢাকা ডাক অধিদপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে ৮৯-এর জটিলতাযুক্ত অন্য পেনশনারদের নামের তালিকার সঙ্গে আমার স্বামীর নামও অন্তর্ভুক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন অফিসে পাঠানো হয়েছে। কিন্তু এখনো সেখান থেকে ফেরত আসেনি।এ অবস্থায় আমি পাঁচ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সংসারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। তাই ছেলেমেয়ে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি। গত ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে ডাক বিভাগের মহাপরিচালকের কাছে একটি আবেদন করেছি, কিন্তু আজও কোনো ফল পাইনি।তাই আমার অসহায়ত্বের কথা বিবেচনা করে পারিবারিক পেনশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সবিতা রানী দাসখোদেদাদপুর, বানদত্ত বাজার, নোয়াখালী।রাস্তাটি সংস্কার প্রয়োজন নোয়াখালী জেলার সুধারাম থানাধীন দত্তের হাটবাজার থেকে ৫ নম্বর বিনোদপুর ইউনিয়নের মূল সড়ক বিনোদ বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে এ রাস্তার সংস্কার করা অথবা সংস্কারের উদ্যোগ পর্যন্ত নিতে দেখা যায়নি। প্রতিদিন এ রাস্তায় অগণিত রিকশা, অটোরিকশা, সিএনজি, পিকআপ, ভ্যানগাড়িসহ মাঝেমধ্যে ভারী যান যাতায়াত করছে। বিনোদপুর গ্রামে রয়েছে একটি হাইস্কুল, একটি প্রাইমারি স্কুল, বাজার এবং একটি এনজিও অফিস। পড়ুয়া এবং লোকজনসহ এই ইউনিয়নের প্রায় আটটি গ্রামের মানুষ এ রাস্তায় প্রতিদিন চলাচল করছে। দেড় কিলোমিটারের রাস্তাটি এবড়োথেবড়ো, পুরো রাস্তাজুড়ে গর্ত। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। পথচারীদের চলাচলও দুষ্কর। রাস্তাটি অবিলম্বে সংস্কার করে জনসাধারণের এবং যান চলাচলের উপযোগী করে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।বাবুল সরকার দত্তের হাট, নোয়াখালী।