চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান নিয়ন্ত্রণ আইনসম্প্রতি জাতীয় সংসদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন বিল, ২০১৩’ পাস হয়েছে। ফলে ‘জনবহুল’ বা ‘প্রকাশ্যে’ ধূমপানের জন্য ৩০০ টাকার জরিমানার বিধান করা হলেও এতে রয়েছে বড় ধরনের ফাঁকি। এতে ‘জনবহুল স্থান’ বা ‘পাবলিক প্লেস’ বলতে অনেক কিছুর উল্লেখ করা হলেও এর সংজ্ঞায় সুকৌশলে ফুটপাত, পার্কসহ কোনো উন্মুক্ত স্থান অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু আমরা জানি, বর্তমানে বাংলাদেশের সব শহরের রাজপথ বা ফুটপাত জনবহুল। এসব রাজপথ বা ফুটপাতে সাধারণত অনেকটা ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি করে চলাফেরা করতে হয় এবং প্রায়ই লক্ষ করা যায়, এতে বয়স্ক লোক ছাড়াও অল্প বয়সী তরুণেরা চলমান অবস্থায় অবজ্ঞাভরে বা তোয়াক্কা না করে ধূমপান করে ধোঁয়া ছাড়ছেন। সংশোধিত আইন অনুযায়ী, তামাকজাত পণ্যের মোড়কে সতর্কবাণী লিপিবদ্ধকরণ নতুন কোনো কিছু নয়। নতুন সংশোধিত আইন প্রণয়নে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এই বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয়!সংশোধিত আইনে ধূমপানের জন্য ৩০০ টাকা জরিমানার বিধান রাখা হলেও যখন আমরা দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য প্রকাশ্যে ধূমপান করছেন, তখন এরূপ একটি ত্রুটিযুক্ত ‘সংশোধিত’ আইনের আদৌ বাস্তবায়ন নিয়ে সন্দেহই জাগে। তা ছাড়া যেসব আবদ্ধ স্থান বা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ হয়েছে, সেসব আবদ্ধ স্থান বা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কমই গিয়ে থাকেন।মীর মাহফুজুর রহমানকাঁঠালবাগান, ঢাকা।বেসিসের প্রতিশুরুতেই ধন্যবাদ জানাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসকে (বেসিস)। কারণ, তারা আউটসোর্সিংয়ে কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১০০টি পুরস্কার দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। কারণ, আমাদের দেশের জন্য আউটসোর্সিং হচ্ছে একটি সম্ভাবনাময় খাত। যেকোনো পর্যায়ের মানুষ এই আউটসোর্সিংয়ের মাধ্যমে তার ব্যক্তিগত পর্যায়ের উন্নতি সাধন করতে পারেন। আউটসোর্সিংয়ে অপার ও সীমাহীন সম্ভাবনা কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি তাঁর ভাগ্যকে সম্পূর্ণ বদলে ফেলতে এবং অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে নিতে পারে এই আউটসোর্সিং।বেসিসের কাছে আমার বিশেষ আবেদন, এ দেশে আউটসোর্সিং যাতে দ্রুত প্রসারিত হতে পারে, সে জন্য তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে। এ দেশের মানুষের মধ্যে আউটসোর্সিংয়ের ধারণা পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সেমিনার ও ট্রেনিংয়ের আয়োজন করতে হবে। এসব সেমিনার ও ট্রেনিং শুধু শহরকেন্দ্রিক না করে গ্রামপর্যায়েও আয়োজন করা যেতে পারে।আউটসোর্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি কোনো নির্দিষ্ট জায়গায় বা সময়ে করতে হয় না। এর ফলে এটা শহর কিংবা গ্রাম—সব জায়গায় করা যাবে। প্রয়োজন শুধু দ্রুতগতির ইন্টারনেট, কম্পিউটার ও ব্যক্তির আউটসোর্সিং সম্পর্কে ধারণা ও আগ্রহ। গ্রামাঞ্চলে নারী-পুরুষকে আউটসোর্সিংয়ে প্রশিক্ষিত করে তুলতে গ্রাম এলাকায় প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে হবে। তাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে সমর্থন জুগিয়ে যেতে হবে। কারণ, তারা শহর এলাকার মতো সুযোগ-সুবিধা পায় না। বাংলাদেশের সব এলাকায় যেসব ব্যক্তি আউটসোর্সিং সম্পর্কে আগ্রহী, তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের আগ্রহে যাতে কোনোক্রমেই অনাগ্রহের সৃষ্টি না হয়, সে জন্য অত্যন্ত সহজ কর্মশালার আয়োজন করতে হবে। মোট কথা, বাংলাদেশে আউটসোর্সিংয়ে দক্ষ জনবল তৈরি করতে বেসিস কার্যকর ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। এই আউটসোর্সিংয়ের মাধ্যমে একদিন এ দেশের প্রতিটি ঘর একেকটি শিল্পপ্রতিষ্ঠান হবে—এই প্রত্যাশায় বেসিসকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হবে, এ আশা আমরা করতেই পারি। মো. আরিফুর রহমান ঢাকা।