চি ঠি প ত্র
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে নরসিংদী ঐতিহ্যবাহী ও গৌরবদীপ্ত এলাকার নাম। সাহিত্য-সংস্কৃতি, শিল্প, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানকারী জেলা হিসেবে নরসিংদী বরাবরই নন্দিত। প্রাচীন প্রত্নতাত্ত্বিক অঞ্চল উয়ারী-বটেশ্বরের কারণে এ এলাকার নাম আজ দেশজুড়ে বিস্তৃত। এ জেলায় অনেক খ্যাতনামা কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চিত্রশিল্পী, চলচ্চিত্রকারের জন্ম হয়েছে। তাঁদের কর্মে ও মননে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লালিত হয়েছে এ দেশ এবং ধন্য হয়েছে নরসিংদীর মাটি। নরসিংদী অঞ্চলের যে কজন গুণী ব্যক্তি দেশ পেরিয়ে বিশ্বনন্দিত হয়েছেন, তাঁদের মধ্যে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, নন্দিত চলচ্চিত্রকার, লেখক আছেন। তাঁদের মধ্যে লেখক আলাউদ্দিন আল আজাদ, মনিরুজ্জামান, কবি শামসুর রাহমান, শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক অন্যতম। নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে নরসিংদী জেলা জ্ঞান-বিজ্ঞানে আরও এক ধাপ এগিয়ে যাবে। নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। মো. সহিদুল ইসলামপোড়াদিয়া, বেলাব, নরসিংদী।প্রধানমন্ত্রীর প্রতি আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে দেশমাতৃকাকে শত্রুর হাত থেকে উদ্ধারের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কোনো কিছু পাওয়ার আশায় নয়। বঙ্গবন্ধুও কোনো কিছু দেওয়ার ওয়াদা করেননি। দিতে চেয়েছিলেন স্বাধীনতা—যা আমরা অর্জন করেছি। জাতি যে সম্মানটুকু দিচ্ছে, সেটুকুই যথেষ্ট। কিন্তু কোনো কোনো সময় একই ক্ষেত্রে বৈষম্য দেখলে খারাপ লাগে বৈকি। বিষয়টি হলো, ২০০৯ সালে যখন মুক্তিযোদ্ধা গণকর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছিল; তখন এলপিআর ভোগরত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীরা সেই সুযোগ ভোগ করেছেন। অপর দিকে অন্য সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি থেকে অবসরের বয়স যখন ৫৭ থেকে ৫৯ করা হয়েছে, তখনো এলপিআর (পিএলআর) ভোগরত চাকরিজীবীরা ওই সুবিধা পেয়েছেন। বর্তমানে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার দেশ পরিচালনা করছে এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়গুলো সুজনরে দেখছে। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসরের বয়স ৬০ বছর ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি ৬ ডিসেম্বর অধ্যাদেশ নম্বর ১০/২০১২ জারি করে সেটা কার্যকর করেছেন। ওই অধ্যাদেশ জারির তারিখ পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী এলপিআর-পিএলআর ভোগ করেছিলেন, তাঁরা ৬০ বছর বয়স বৃদ্ধির সুবিধা পাবেন কি না, তা সংশ্লিষ্ট গেজেট বিজ্ঞপ্তিতে ধোঁয়াশাপূর্ণ। তাই আমরা যারা ৬ ডিসেম্বরের আগ থেকে পিএলআর ভোগরত ছিলাম, তাঁরা যাতে ৬০ বছর চাকরির বয়স বৃদ্ধির সুবিধা পেতে পারি, সে ব্যাপারে নির্দেশনা জারির জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং তাঁর সদয় হস্তক্ষেপ কামনা করছি। মো. মহিউদ্দিন মুক্তিযোদ্ধা কর্মচারী, পাবনা জেলা প্রশাসন, পাবনা।