চি ঠি প ত্র
বিপিএলবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ দেশের ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকেরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে বিপিএলের খেলা উপভোগ করার জন্য, প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য। কিন্তু অতিসম্প্রতি বাংলাদেশের কিছুসংখ্যক ক্রিকেটারের বিরুদ্ধে বিপিএল টুর্নামেন্টে ম্যাচ পাতানোর এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা দেশের ক্রীড়ামোদী সাধারণ মানুষকে বিস্মিত, দুঃখিত ও ক্ষুব্ধ করেছে। বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় সাফল্য অর্জনের জন্য অতীতে বিভিন্ন সময় ফ্ল্যাট, গাড়ি, অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এ ছাড়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, বোনাস ইত্যাদি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। ক্লাবগুলো থেকেও ক্রিকেটাররা বর্তমানে যথেষ্ট আর্থিক সুবিধা পাচ্ছেন। তার পরও লোভের বশবর্তী হয়ে ঘুষ নিয়ে ম্যাচ পাতানো, স্পট ফিক্সিংয়ের মতো জঘন্য অপরাধকর্মে জড়িত হওয়ার বিষয়টি চরম অন্যায়। কোনো খেলার ভেতরে যখন টাকার অবৈধ লেনদেন ঢুকে পড়ে, তখন সেটি আর খেলা থাকে না। এটি হয়ে পড়ে জুয়া। বিপিএলের নাম করে প্রকারান্তরে জুয়ার আসরের প্রদর্শনী হয়েছিল, তা আর ভবিষ্যতে আমরা দেখতে চাই না। নিরপেক্ষভাবে তদন্ত সম্পূর্ণ শেষ করে ঘটনার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তিকে অতি দ্রুত কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।ফল বিক্রয়ে প্রতারণাআমাদের দেশে লিচু বিক্রি হয় শ হিসেবে। কিন্তু পাঠক-ক্রেতা কোনো দিন কি ১০০-এর ওই থোকাটি গুনে দেখেছেন? আপনি গুনতে চাইলেও আপনাকে বেশ কটি ফাউ ধরিয়ে দিয়ে বলা হলো ‘বেশি আছে’ আর আপনিও সন্তুষ্ট হয়ে খুশি মনে থোকাটি নিয়ে চলে গেলেন। আর যে ক্রেতা ফ্রি পাওয়ার পরও সন্তুষ্ট হতে না পেরে গুনতে শুরু করবেন, দেখবেন বিক্রেতা কিছুতেই আপনাকে গুনতে দিচ্ছে না। আপনার হাত থেকে থোকাটি কেড়ে নিয়ে বিক্রেতা নিজেই গোনা শুরু করবেন এবং তা করবেন আপনাকে দেওয়া সেই ফ্রি (অতিরিক্ত) লিচুগুলো দিয়ে। এরপরও দেখা গেল ১৫-২০টি লিচু কম। বিক্রেতার একেবারে সহজ উত্তর ‘খুলে ছুটে পড়ে গেছে।’ পাঠক-ক্রেতা, এরপর আর প্রশ্ন কিংবা বাড়াবাড়ি করলে হয়তো আপনাকেই নাজেহাল হতে হবে। মনে হচ্ছে ওরা সংঘবদ্ধ প্রতারক চক্র। শুধু গণনায় কম নয়, ওজনযোগ্য ফলগুলো বিভিন্ন কৌশলে ওজনে কম দেওয়া হচ্ছে। লক্ষ করবেন, ডিজিটাল ম্যাগা স্কেলটি দর্শনীয় স্থানে না রেখে বিক্রেতার পেছনে রেখে মাপার সময় এমনভাবে দাঁড়াচ্ছে যাতে ক্রেতা স্কেলের স্ক্রিনের লেখাটি দেখতে না পায়। গণনা-ওজনে কম দেওয়া ছাড়াও অভিনব কায়দায় আমার বাছাইকৃত আমের ঠোঙাটি বদল করে অন্য একটি ঠোঙা ধরিয়ে দেওয়ার মতো প্রতারণার শিকার আমি নিজেও দু-একবার হয়েছি। তাই পাঠক-ক্রেতাসাধারণকে উল্লিখিত প্রতারণা ও কারচুপি থেকে সাবধান ও সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।আলমগীর হোসেনহাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম।