চি ঠি প ত্র
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দৈনিক প্রথম আলোয় ৩০ মে ২০১৩ প্রকাশিত প্রত্যর্পণ আইনের সংশোধনী চেয়ে বিজ্ঞ আইনজীবী সুবল চন্দ্র সাহার মতামতের জন্য ধন্যবাদ। জনাব সাহার মতামতের মধ্যে মূলত প্রণিধানযোগ্য চারটি পয়েন্ট রয়েছে দেখা যায়। তাই শুধু এই চারটি পয়েন্টের ওপরই আমার মতামত বা ব্যাখ্যা প্রদান করছি জনাব সাহাসহ সংশ্লিষ্ট সবার ভ্রান্তি অপনোদনের জন্য। আমার ধারণায় তিনি একটু ভুল বুঝেছেন। তিনি দেওয়ানি আদালতের হায়ারার্কি বা পদক্রম বিন্যাসের সঙ্গে এই ট্রাইব্যুনালকে এক করে দেখেছেন। এই আইনের ১৬(৪)/১ ধারায় গঠিত সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ নিয়ে গঠিত ট্রাইব্যুনালের ক্ষমতা ও মর্যাদা সমপর্যায়ের। এ ক্ষেত্রে অতিরিক্ত জেলা জজের ট্রাইব্যুনালকে বেশি ক্ষমতা বা মর্যাদা দেওয়া হয়নি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের আওতায় গঠিত সকল ট্রাইব্যুনালের ক্ষমতা বা মর্যাদা দেওয়া হয়নি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের আওতায় গঠিত সব ট্রাইব্যুনালের ক্ষমতা ও মর্যাদায় ইতরবিশেষ নেই। আবার সিনিয়র সহকারী জজ থেকে অতিরিক্ত জেলা জজ পর্যন্ত সব ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল হবে জেলা জজ পর্যায়ের আপিল ট্রাইব্যুনালে। এর সঙ্গে বাস্তব হায়ারার্কির কোনো মিল নেই। এ ক্ষেত্রে প্রকৃত হায়ারার্কিকে অগ্রাহ্য করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু কোনো কোনো জেলায় মামলার আধিক্যের কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে, সেহেতু মূল ট্রাইব্যুনালে অতিরিক্ত জেলা জজ আদালত পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। আর তার আপিলের সংখ্যা যেহেতু কম হওয়ার সম্ভাবনা, সেহেতু জেলা জজকেই আপিল ট্রাইব্যুনালের প্রধান করা হয়েছে। তৃতীয়ত, যেহেতু কোনো কোনো জেলায় মামলার আধিক্যের কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে, সেহেতু মূল ট্রাইব্যুনালে অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনালের পরিপূরক, প্রতিস্থাপক বা সাংঘর্ষিক নয়। চতুর্থত, জনাব সাহা কমিটিগুলোর ওপর অন্যায্যভাবে দোষারোপ করেছেন। এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো, কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ‘খ’ তালিকার বিষয়ে, যেসব সম্পত্তি সরকারের দখলে বা ব্যবস্থাপনায় নেই। এ ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বা কমিটির রেকর্ডের বাইরে তেমন কিছুই করার নেই। মোহাম্মদ শফিউল আলম ভূমি আপিল বোর্ড, ঢাকা। চাকরির বয়সসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। যেখানে আমাদের লেখাপড়া শেষ করতেই ২৭-২৮ বছর লেগে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তো আরও ভয়াবহ। এই নিয়ে জাতীয় পত্রিকাগুলোতে অনেক লেখালেখি হচ্ছে, তার পরও সরকারের নীতিনির্ধারণী কমিটি থেকে সুবিবেচনাপ্রসূত কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। অবসরের বয়সসীমা যেখানে দুই বছর বেড়েছে, সেখানে চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন বাড়বে না, সেটাই একটা প্রশ্ন।মহামান্য রাষ্ট্রপতি যখন স্পিকার ছিলেন, তখন তিনিই বিষয়টি প্রথম উপলব্ধি করে একটি সুচিন্তিত মতামত ব্যক্ত করেছিলেন। কিন্তু সেটাও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমরা তাঁর কাছেই বিনীত অনুরোধ করছি, এই বয়সসীমা বৃদ্ধি করে আমাদের মতো হতাশাগ্রস্ত বেকারদের ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ ও যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কল্যাণে নিয়োজিত হওয়ার সুযোগ সৃষ্টি করুন। মো. হাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।জাতীয় পরিচয়পত্রজাতীয় পরিচয়পত্র বাংলাদেশ নামক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিদের একটি বহনযোগ্য প্রমাণপত্র। বর্তমানে দেশের যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন নির্বাচনকালীন ভোট প্রদানসহ নানান কাজে এ পত্রের ব্যবহার আবশ্যকীয়। কিন্তু লক্ষ্মীপুর জেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়নে ৭ এপ্রিল ২০১৩ সরকারিভাবে নির্দিষ্ট কেন্দ্রে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলার পরও আজ পর্যন্ত আমরা আমাদের পরিচয়পত্র পাইনি। ইউনিয়ন পরিষদে খবর নিয়ে জানতে পারলাম, তারা এখনো পরিচয়পত্র হাতে পায়নি। এখন আমরা কী মনে করব, এটা কি সরকারের ব্যর্থতা, নাকি কর্মকর্তাদের অবহেলা? আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন। মো. রাশেদ, শাকচর, লক্ষ্মীপুর।