চি ঠি প ত্র
ইউক্যালিপটাস সারা দেশের মতো বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত নওগাঁর নিয়ামতপুর ও মান্দা উপজেলায় ব্যাপক হারে রাস্তার ধারে, জমির আলে, পুকুরপাড়ে, বাড়ির আশপাশে, খালের ধারে, পতিত জমিতে বাগান আকারে ইউক্যালিপটাসগাছ লাগানো হয়েছে। এই গাছ দ্রুত বর্ধনশীল ও দাম বেশি পাওয়ার লোভে লোকজন রোপণ করছে বলে জানা গেছে। এই গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চলে আর কয়েক বছর পর ভূগর্ভস্থ পানি পাওয়া যাবে না, আর্সেনিক ও জিঙ্ক সমস্যা দেখা দেবে। যা বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য আগাম সতর্কসংকেত। বিশেষজ্ঞরা বলছেন, এটি এমন একটি গাছ, যা একই সঙ্গে মাটি, পানি, বায়ুদূষণের সঙ্গে জড়িত। সামনে বর্ষা মৌসুম আগত। লোকজন আবারও এই গাছ লাগানো শুরু করবে। এখনই সরকারি-বেসরকারি সব পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে লোকজনকে সচেতন করতে হবে, তারা যেন এই গাছ লাগানো থেকে বিরত থাকে। পরিবেশের স্বার্থে এবং আমাদের জন্যই এই উদ্যোগ গ্রহণ করতে হবে। সবুজ সরকার নিয়ামতপুর, নওগাঁ।দেবোত্তর সম্পত্তিসাম্প্রতিক কালে দেবোত্তর সম্পত্তি নিয়ে সরকারের যাবতীয় পদক্ষেপ প্রশংসনীয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য দেবোত্তর সম্পত্তি আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু কিছু দুষ্ট লোক দেবোত্তর সম্পত্তির ওপর লোভের বশবর্তী হয়ে, আইনের চোখে ধুলা দিয়ে জরিপকালে বা অন্য কোনো পন্থায় নিজেদের নামে দলিলপত্র ইত্যাদি করিয়ে নেয়। যা নিয়ে বর্তমানে অসংখ্য মামলা চলছে। এতে করে দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপক বা কমিটির লোকজন হয়রানির শিকার হচ্ছেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন—এই মূল্যবান কথাটির ওপর বিশ্বাস রেখে সরকার, বিচারকমণ্ডলী ও সুশীল সমাজের কাছে আমাদের আকুল আবেদন, যেন দেবোত্তর সম্পত্তি প্রতিষ্ঠা লাভ করে। দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপক বা কমিটিকে হয়রানি বন্ধে আপনাদের সহযোগিতা কামনা করছি। পীযূষ সাহা, কুমিল্লা।