চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহার্ঘ ভাতাসরকারি কর্মকর্তা-কর্মচারীরা আশা করেছিলেন, এ বছরের চলতি বাজেটে পে-স্কেল অথবা মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেটা হয়নি। পে-স্কেল অত্যন্ত প্রয়োজন ছিল সীমিত আয়ের কর্মকর্তা-কর্মচারীদের। কারণ, সর্বশেষ পে-স্কেল ২০০৯ সালে কার্যকর করা হয়েছিল এবং ২০০৯ সালের বাজারদর ও ২০১৩ সালের বাজারদর এক নেই।সামাজিক ও অর্থনৈতিক সব পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় আছেন। আর কয়েক দিন পর রোজা শুরু হবে। এরই মধ্যে কিছু দ্রব্যের দাম বেড়েছে এবং রোজা আসার পর প্রায় সব দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। এ ঘটনা প্রতিবছর ঘটছে এবং এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও বিভীষিকাময় অবস্থায় পড়তে হবে এবং রোজার পর ঈদ উৎসব করাও অনেকের জন্য কষ্টকর হয়ে পড়বে।বর্তমান সরকারের কাছে অনুরোধ, পে-স্কেল যেহেতু সম্ভব হবে না, তাই মূল বেতনের শতকরা ৩০ ভাগ মহার্ঘ ভাতা রোজা শুরু হওয়ার আগেই কার্যকর করা হোক। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত চারটি ইনক্রিমেন্ট দেওয়া হোক, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবার নিয়ে সিয়াম সাধনা পরিপূর্ণভাবে করতে পারেন এবং আনন্দের সঙ্গে ঈদ উৎসব করতে পারেন।মো. আরিফুর রহমানসহকারী ব্যবস্থাপকসাধারণ বীমা করপোরেশন।রিকশা লেনকয়েক মাস আগে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় একটি প্রকল্পের আওতায় প্লাস্টিক ও সিমেন্টের তৈরি ডিভাইডার দিয়ে রিকশা চলাচলের জন্য বিভিন্ন লেন তৈরি করা হয়। কিছুদিন যেতে না-যেতেই ডিভাইডারগুলো রাস্তায় এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা যাচ্ছে, যা গাড়ি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। যাঁরা এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন, তাঁরা কি কোনো দিন ভেবে দেখেছেন, ঢাকা শহরের সরু রাস্তায় রিকশা চলাচলের জন্য বিভিন্ন লেন তৈরি করা যাবে কি না; নাকি শুধু প্রকল্পের টাকা খরচ ও নিজেদের পকেট ভারী করার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন?রিকশা চলাচলের জন্য যে লেন তৈরি করা হয়েছে, তা দিয়ে সাইকেলও চলাচল করতে পারে না। তা ছাড়া অনেক জায়গায় রাস্তায় পাশে গর্ত ও ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় রিকশা চলাচলে বাধা সৃষ্টি হয়। কিছুদিন দেখা গেল, বিভিন্ন মোড়ে দু-চারজন লোক দিয়ে জোর করে রিকশাগুলো তৈরি করা লেনে ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে; কিন্তু এই লেন দিয়ে রিকশা চলতে পারে না। ডিভাইডারগুলো রাস্তা থেকে সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যাঁরা স্থাপন করেছেন) দৃষ্টি আকর্ষণ করছি।মো. মমিন উল্যাহিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।নতুন ঘাটদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৪টি জেলার লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার পরিবহন প্রতিদিন পারাপার হয় মাওয়া-কাওরাকান্দি ঘাট দিয়ে। ওই নদীপথে লঞ্চে পার হতে সময় লাগে এক ঘণ্টা ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা আর ফেরিতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত। কিন্তু মূল পদ্মা নদী পার হতে উভয় জলযানের সময়ের প্রয়োজন মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট। তারপর একটি সরু নদীপথে আরও এক থেকে দেড় ঘণ্টা (এটি আগের দৌলতদিয়া-আরিচা ঘাটের মতো। কিন্তু সেখানে পাটুরিয়া পর্যন্ত নতুন সড়ক ও ঘাট করায় এখন মাত্র ২৫ থেকে ৩০ মিনিটের প্রয়োজন হয়)।যদি পাটুরিয়া ঘাটের মতো কাওরাকান্দি ঘাট থেকে মূল নদী পর্যন্ত আট থেকে নয় কিলোমিটার সড়ক এবং পদ্মার পাড়ে নতুন একটি ঘাট তৈরি করা যায়, তাহলে দৌলতদিয়া-পাটুরিয়ার মতো এখানেও ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে পারাপার হওয়া সম্ভব। এতে লাখ লাখ যাত্রী সময় ও অর্থ অপচয় থেকে রক্ষা পাবে। ফেরিগুলো কয়েক গুণ বেশি যানবাহন পারাপার করতে পারবে। সরু নদীটি ড্রেজিং করার ঝামেলা থেকে বেঁচে যাবে নৌপরিবহন মন্ত্রণালয়।উল্লেখ্য, ওই পয়েন্টে পদ্মা সেতুর কাজ শিগগিরই শুরু হবে, কিন্তু তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করতে আরও কয়েক বছর লেগে যাবে। বর্তমান নৌমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী দুজনই জনস্বার্থে নানাবিধ কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁরা কাজটি যদি বর্তমান সরকারের সময়ের মধ্যে করে যেতে পারেন, তাহলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ তাঁদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।আহম্মদ হাসানফরিদপুর।