চি ঠি প ত্র
রাজনৈতিক সংস্কৃতি ভাবনাএকটি রায়ের প্রতিক্রিয়ায় আমি বিচলিত। মাত্র তিন মাস জেল এবং এক হাজার টাকা জরিমানায় হরতাল ডাকা হলো। এ ধরনের হরতাল যদিও দেখতে দেখতে আমরা থিতু হয়ে গেছি। কোনো রাজনৈতিক নেতা গ্রেপ্তার হলেই হরতাল। এমনকি কারও নামে মামলা হলেও হরতাল। মিছিলে বাধা দিলে, মিছিল করতে না দিলে, সভা করতে না দিলেও হরতাল।আগের দিন বিকেলে ঘোষণা দিয়েই শুরু হয় গাড়ি ভাঙচুর, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ। মায়ের সঙ্গে থাকা শিশুছাত্রীর ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেও আমরা অভ্যস্ত হয়ে উঠছি। যারা সরকারে থাকে, তার আগের সরকারও আরও জঘন্য নিপীড়ন করেছিল বলেই তাদের বর্বর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় বিরোধী দলের ওপর। কিন্তু এ দেশের বেশির ভাগ মানুষ কোনো রকম দিনাতিপাত করে থাকে। তাদের হরতালের বলি হতে হয় নির্মমভাবে। আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। খুলনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আমার কর্মস্থল। কর্মস্থলে যেতে আমি যে দৃশ্য অবলোকন করি, তা রীতিমতো দুঃসহ ঘটনা। ভাড়াটিয়া মোটরসাইকেল চালকেরা দূরপথের যাত্রীদের দিকে ধেয়ে আসে। ৫০ টাকার ভাড়া আদায় করে ৩০০ টাকা। ভ্যানচালকেরা পাঁচ টাকার ভাড়া নেন ২০ টাকা। রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়। এই ব্যারিকেড পার হতে হয় হেঁটে। খুলনা-মংলা মহাসড়কে এ দৃশ্য দেখতে দেখতে শ্রান্ত হয়ে গেছি। সারা দেশের চিত্র অনুরূপ হবে বলে আমার বিশ্বাস। একজন সচেতন মানুষ হিসেবে রাজনীতিবিদদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপামর জনগণকে বাঁচানোর জন্য।সেখ ফিরোজ আহমেদবানরগাতী, খুলনা।