চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শুরু থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী একমাত্র প্রতিষ্ঠান শিক্ষক সমিতি শিক্ষকদের সার্বিক কল্যাণে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে কার্যকরী নির্দেশনা দিয়েছে। কিন্তু মাঝেমধ্যে দুর্বল ও স্বার্থান্বেষী নেতৃত্বের কারণে এর ভূমিকা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। অতিসম্প্রতি জাবি শিক্ষক সমিতির নেতৃত্বের একটি অংশ নির্বাচিত উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনের নানা কর্মসূচি পালন করছে। আন্দোলনের যৌক্তিকতার পক্ষে-বিপক্ষে ইতিমধ্যে পত্রপত্রিকায় বেশ লেখালেখি হয়েছে। আন্দোলন করার অধিকার নিয়ে আমার কোনো বক্তব্য নেই। একটি দায়িত্বশীল পেশাজীবী সংগঠন হিসেবে শিক্ষক সমিতির আন্দোলনের কর্মসূচির গ্রহণযোগ্যতা নিয়েই আমার আলোচনা। লক্ষ করা গেছে, অনেক শিক্ষকের অমতে গত মাসে আন্দোলনের নামে প্রায় ১৫ দিন শিক্ষক সমিতি সব ধরনের একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কর্মসূচি পালন করে। শিক্ষক সমিতির নেতারা ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, কোনো কোনো অনুষদে শ্রেণীকক্ষে জোর করে তালা দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন। এর প্রতিবাদে বাধ্য হয়ে কয়েকজন শিক্ষক বাগানে বা খোলা আকাশের নিচে ক্লাস নিয়েছেন। প্রশ্ন হলো, শিক্ষক সমিতির ক্লাস বর্জনের সিদ্ধান্তের বিরোধিতাকারী শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা নেওয়ার এবং অনুরূপভাবে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ায় বাধা দেওয়ার ক্ষমতা শিক্ষক সমিতি কি সংরক্ষণ করে?যা হোক, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখায় জনমত আন্দোলনের বিপরীতে চলে যাওয়ায় সে কর্মসূচি বন্ধ করা হয়। অথচ শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রাণকেন্দ্র প্রশাসনিক ভবন অবরোধ করে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ রেজিস্ট্রার ও ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে আজ ২০-২২ দিন যাবৎ ঢুকতে দিচ্ছে না। আবার একই প্রশ্ন, শিক্ষক সমিতি কি আইনত বৈধভাবে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কিংবা কর্মচারীকে তাঁর কাজে বাধা দিতে পারে? অথচ এই অবৈধ কাজটিই দিনের পর দিন নির্বিকারভাবে করে যাচ্ছে শিক্ষক সমিতি। শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষক-ছাত্রছাত্রীদের ক্লাসে যাওয়ার অধিকার হরণ এবং অফিস অবরোধ করে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অফিসে প্রবেশ করার অধিকার হরণ করার এমন বেআইনি ক্ষমতা শিক্ষক সমিতি পেল কোত্থেকে? নানাভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করা যায়, যেখানে অন্যের অধিকার খর্ব হয় না, কারও স্বাধীন চলাফেরা ও কাজে বাধার সৃষ্টি হবে না। পার্শ্ববর্তী দেশ ভারতে আন্না হাজারের বিভিন্ন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আমাদের অজানা নয়। কাজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দায়িত্বশীল আচরণ সব শিক্ষক-শিক্ষার্থীসহ সমগ্র জাতি প্রত্যাশা করে। আশা করি, জাবি শিক্ষক সমিতি গণতান্ত্রিক আচরণের মাধ্যমে সুচিন্তিত পদক্ষেপ নিয়ে বর্তমান সমস্যা সমাধানে সচেষ্ট হবে। ড. খায়রুল বসর ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তালিকাভুক্ত শিক্ষক নিয়োগরেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০১২ সালের এপ্রিল মাসে। ৪২ হাজার শিক্ষক চূড়ান্তভাবে নির্বাচিত হন। যার মধ্যে ১২ হাজার শিক্ষক নিয়োগপ্রাপ্ত হন। বাকি ৩০ হাজার শিক্ষক সেই থেকে আজ এক বছরের বেশি সময় ধরে প্রহর গুনছেন। যাঁদের মধ্যে অনেকের বয়সই ৩০ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে সরকার গত ৯ জানুয়ারি ২৬ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়, যার সরকারি গেজেট নোটিফিকেশন এ মাসেই প্রকাশ করা হবে (সূত্র: প্রথম আলো)। তাহলে বাকি ৩০ হাজার তালিকাভুক্ত শিক্ষকের কী হবে? আমার বৃদ্ধ মা-বাবা আমার দিকে তাকিয়ে আছেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার কথা বলা আছে। তাহলে আমার পরিবারের চাকরিটা কোথায়? কেন সন্তান হয়ে আমি আমার বৃদ্ধ মা-বাবার দিকে তাকাতে পারি না? কেন আমি এই দেশের একজন শিক্ষিত নাগরিক হয়ে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করব? কেন আমি বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াব? শুধু আমি নই, আমার মতো ৩০ হাজার তালিকাভুক্ত শিক্ষককে অসহনীয় অভিশাপ থেকে মুক্তি দিন। রিপন কুমার বড়াল নাজিরপুর, পিরোজপুর।