চি ঠি প ত্র
কোটাপদ্ধতিবর্তমানে বিসিএস পরীক্ষাসহ সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাপদ্ধতি ব্যবহূত হচ্ছে। এর ফলে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ছে। সম্মানজনক সরকারি চাকরি লাভের এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অসংখ্য শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে থাকেন। কিন্তু অল্প কিছুসংখ্যক সাধারণ শিক্ষার্থী এই কঠিন বাধা পার হতে পারেন। এর পেছনে মূল কারণ হচ্ছে কোটাপদ্ধতি। মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি, পোষ্য এবং আরও বিভিন্ন কোটা মিলিয়ে মোট নিয়োগের শতকরা ৫৬ ভাগ নিয়োগ হচ্ছে কোটায়। অন্যদিকে অসংখ্য সাধারণ শিক্ষার্থীর শতকরা মাত্র ৪৪ ভাগ আসনে চাকরির জন্য কঠোর প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। দেখা যাচ্ছে যে বর্তমানে একজন সাধারণ শিক্ষার্থী হয়তো ৭০ নম্বর পেয়েও বাদ পড়ছেন। কিন্তু কোটার একজন শিক্ষার্থী মাত্র ৫২ নম্বর পেয়েও টিকে যাচ্ছেন। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে এই অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। অসংখ্য যোগ্য, মেধাবী সাধারণ শিক্ষার্থী সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে কোটাপদ্ধতির কারণে উত্তীর্ণ হতে না পেরে অত্যন্ত হতাশ হয়ে পড়ছেন। তাঁদের অনেকেই পরবর্তী সময়ে মেধার যথাযথ মূল্যায়ন না পেয়ে অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন। অচিরেই কোটাপদ্ধতির সংস্কার প্রয়োজন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা শতকরা ৫৬ ভাগ থেকে কমিয়ে শতকরা ১০ ভাগ করতে হবে। এতে সাধারণ শিক্ষার্থীরা যেমন তাঁদের মেধার প্রকৃত মূল্যায়ন পাবেন, তেমনি কোটার মধ্যে থাকা শিক্ষার্থীদের ভেতর তখন কিছুটা হলেও প্রতিযোগিতা বাড়বে। এর ফলে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গুণগত মান কিছুটা হলেও বাড়বে। কাজেই অবিলম্বে কোটাপদ্ধতির সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।চাকরির বয়সপত্রিকা খুললেই মাঝে মাঝে চোখে পড়ে চিঠিপত্র কলামে আমাদের মতো হতভাগ্যের চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা। জানি না আমাদের সরকারের চোখে এ ধরনের সামান্য লেখা পড়ে কি না? অনেক আশা নিয়ে আওয়ামী সরকারকে আমরা ক্ষমতার আসনে বসিয়েছিলাম। আপনার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, সেগুলো কি ভুলে গেছেন? আপনারা ক্ষমতায় এসে চাকরি থেকে অবসরের বয়স বাড়ালেন কিন্তু প্রবেশের বয়স বাড়ালেন না কেন?মন্ত্রী মহোদয় ভুলে যাবেন না, আমাদের সংখ্যাও দেশে কম নয়। তার ওপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ও কোটাপদ্ধতি। আমাদের মতো একজন সাধারণ ছাত্রছাত্রী কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৮০%-৯০% নম্বর পেলেও চাকরি হয় না। আমাদের কি ডিজিটাল বাংলাদেশে কোনো স্থান হবে না? বিশ্বের সব দেশে আমাদের দেশের চেয়ে চাকরির প্রবেশের বয়স বেশি, কিন্তু সে সুযোগ আমরা পাব না কেন? আমরা আশা করেছিলাম, শিক্ষাজীবনের শেষে দেশের জন্য কোনো অবদান রাখব, কিন্তু এখন জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের ছাড়া দেশের কোনো স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা তো আপনার সন্তানের মতো, তবে আমাদের জীবনটা কেন এভাবে নষ্ট করছেন? আমরা শিক্ষা অর্জন করে মনে হয় জীবনে অপরাধ করেছি। আমাদের সরকারি চাকরির বয়স অন্তত ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করে আমাদের অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা করুন। নাকি আমরা রাস্তায় নেমে থালা-বাটি নিয়ে আন্দোলন করছি না বলে অধিকার থেকে বঞ্চিত হব। আমাদের চাকরির প্রবেশের বয়স বাড়িয়ে দেশের উন্নয়নে সাহায্য করার সুযোগ করে দিন নতুবা আমাদের হাতে একটু বিষ তুলে দিন। আমরা তো আপনাদের কাছে কোনো অনৈতিক দাবি করছি না, তবে কেন দাবি থেকে বঞ্চিত হব। অমিত রায় ও ইকবাল বারীসরকারি এম এম কলেজ, যশোর।সংশোধনী১৮ জুলাই ২০১৩, প্রথম আলোর ১৫ পাতায় প্রকাশিত ‘ধর্মীয় সম্প্রীতি ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক ক্রোড়পত্রে নিরঞ্জন অধিকারীর বক্তব্যে ভুলবশত ছাপা হয়েছে, ‘একটি সিদ্ধান্ত হয়েছিল, সব ধর্মকে যুক্ত করে একটি ধর্মীয় বই হবে।’ এখানে ‘সিদ্ধান্ত’ শব্দের পরিবর্তে ‘প্রস্তাব করা হয়েছিল’ পড়তে হবে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখিত।—বি. স.