চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা ট্রেনের সময়সূচিঐতিহাসিক-রাজনৈতিক-অর্থনৈতিক গুরুত্ব ও জনগণের দারিদ্রকে বিবেচনায় নিলে পার্বতীপুর-রমনা (কুড়িগ্রাম-চিলমারী) রুটে আন্তনগরসহ কয়েকটি মেইল চলাচল করার কথা। সেখানে গত বিএনপি-জামায়াত জোট আমলে চলাচলরত চারটি ট্রেন উঠিয়ে নেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে দিনে দুবার ট্রেন চলাচলের ব্যবস্থা করে; যা পার্বতীপুর থেকে রমনায় (চিলমারী) এসে পৌঁছাত সকাল আটটায় এবং এটি তিস্তায় ফিরে গিয়ে লালমনিরহাট-পার্বতীপুর মেইলের সঙ্গে সংযোগ দিত। এটা রংপুর, পার্বতীপুর, দিনাজপুরগামী যাত্রীদের জন্য সুবিধাজনক হয় এবং সেটি আবার রমনায় ফিরে আসত দুপুর সাড়ে ১২টায়, যা পার্বতীপুরে ফেরার পথে সৈয়দপুর-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, চিলাহাটি-রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেসসহ ঢাকাগামী বরেন্দ্র, একতা, লালমনি এক্সপ্রেসের সঙ্গে সংযোগ পেত। এতে করে গত ৩০ বছরের মধ্যে টিকিট চেকার ছাড়াই শুধু গণ-উদ্যোগেই টিকিট বিক্রিতে রেকর্ড সৃষ্টি হয়, ডাক যোগাযোগে ব্যাপক পরিবর্তন আসে। স্থানীয় জনগণই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে টিকিট চেক করেন। স্টেশন কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে জনগণের সঙ্গে ঝগড়াও হয়। টিকিটও পাওয়া যায় না মাঝে মাঝে, তার পরও এই রেকর্ড বিক্রি, যা গণ-উদ্যোগের নিদর্শন। কিন্তু হঠাৎ করেই ১০ জুলাই থেকে নতুন সময়সূচি চালু হয়। অর্থাৎ রমনার সকাল আটটার ট্রেনটি বেলা দেড়টায় ও দুপুর সাড়ে ১২টার ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটায় চালু হয়। ফলে পুরো যোগাযোগব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। এতে দেখা যায়, পূর্বের সময়সূচিতে চলতি মাসের ০১/০৭/২০১৩ থেকে ০৯/০৭/২০১৩ পর্যন্ত নয় দিনে চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর স্টেশনের যেখানে মোট যাত্রী ছিল চার হাজার ৮৭ জন ও আয় ছিল ৭৬ হাজার ৪৬২ টাকা; সেখানে নতুন সময়সূচিতে ১০/০৭/২০১৩ থেকে ২১/০৭/২০১৩ পর্যন্ত ১২ দিনে যাত্রীসংখ্যা নেমে আসে ৯৪১ জনে এবং আয় ১৬ হাজার ২৩৬ টাকা। বাকি চারটি স্টেশনের অবস্থাও অনুরূপ। অথচ রেল কর্তৃপক্ষকে এই লোকসানের বিষয়ে অবহিত করে আগের সময়সূচিতে ট্রেন চালুর কথা জিজ্ঞেস করলে তাঁরা জানান, পূর্বের সময়সূচিতে রাত তিনটায় পার্বতীপুর থেকে ট্রেন ছাড়তে হতো, যা নাকি সম্ভব নয়। অথচ সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুসারে, ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’ কর্তৃপক্ষ ছাড়া কর্মচারী ও শ্রমিকেরাও আগের সময়সূচির পক্ষে। লালমনিহাটের বিভাগীয় ম্যানেজার সময়সূচি বদলের পেছনে তিস্তা জংশনে তেল চুরিকে একটি কারণ বলে জানিয়েছেন। তাই মাথাব্যথা সারাতে মাথা কাটার এই সিদ্ধান্ত! অথচ গোটা রেল বিভাগে রেলওয়েকে লাভজনক করার বেলায় রমনা লাইন অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। যেখানে এই দৃষ্টান্ত কাজে লাগানো কর্তব্য, সেখানে সময়সূচি বদলের সিদ্ধান্ত অন্ধকার ভবিষ্যতেরই ইঙ্গিতবাহী। রেলকর্তারা যেখানে বলেছেন, ‘একটি ট্রেনকে লাভজনক করতে হলে কমপক্ষে ১০টি বগি ও পরিপূর্ণ ধারণক্ষমতার যাত্রী বহন করতে হয়।’ (প্রথম আলো, ১৪/০৭/২০১৩)। সেখানে চারটি বগি নিয়েই রমনা মেইল প্রথম দিন থেকেই লাভজনক। রেলকর্তারা বলেন, একটি ট্রেন চালুর আগে যাত্রী-চাহিদা আছে কি না, ট্রেন চালানোর ভালো সময় আছে কি না, ইঞ্জিন-কোচ পর্যাপ্ত আছে কি না—এসব বিষয় সমীক্ষা করতে হয়। অথচ রমনা রুটে এসবের একটিরও ঘাটতি নেই, লাভজনক রুট তারই প্রমাণ। রেলকর্তারাও এর প্রশংসা করেছেন। আর এই প্রশংসার ফল হচ্ছে অহেতুক সময়সূচি পরিবর্তন। কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে বহুবার ডেমুর গল্প, আন্তনগরের গল্প শুনিয়েছে, কিন্তু তাঁরা পেলেন নাকের বদলে নরুন।ইতিমধ্যে চিলমারী ও উলিপুর উপজেলার বিক্ষুব্ধ জনগণ আগের সময়সূচি প্রবর্তনের দাবিতে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে স্মারকলিপি দেওয়াসহ দুই দিন রেল অবরোধ করেছে। আশা করি, কর্তৃপক্ষের এ বিষয়ে ভাবার সময় এসেছে।নাহিদ হাসানসভাপতি, রেল-নৌ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, চিলমারী, কুড়িগ্রাম।[email protected] বৃক্ষকে বন্ধু ভাবুনএখন বর্ষাকাল। গাছ লাগানোর উপযুক্ত সময়। যদিও ইচ্ছে করলে সারা বছরই বৃক্ষ লাগানো যায়। যাঁরা ভাবেন, প্রতিদিন একটি ভালো কাজ করবেন, তাঁরা এই কাজ করতে পারেন। একটি গাছের চারা লাগানো মানে নির্মল পরিবেশের জন্য কাজ করা, পৃথিবীটাকে বাসযোগ্য করার জন্য নিজেকে নিবেদন করা কল্যাণমূলক কাজে। নগরায়ণের চাপে ব্যস্ত নগরগুলোতে গাছের সংখ্যা দিন দিন কমছে। সেই ছোঁয়া লাগছে গ্রামগুলোতেও। আবাদি জমির ওপর গড়ে উঠছে অট্টালিকা; কোথাও কোথাও আবার গাছ-গাছালি কেটে রাস্তা বানানো হচ্ছে কিংবা বসতভিটা তৈরি হচ্ছে। অন্যদিকে গাছকাটা, গাছ চুরিসহ নানা কারণে বনাঞ্চলের পরিধি কমছে এবং তা ধ্বংসের সম্মুখীন হচ্ছে। যেকোনো মূল্যে বেআইনিভাবে কিংবা ইচ্ছাকৃত গাছ কাটা বন্ধ করতে হবে। ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ যেন পরিণত না হয় আনুষ্ঠানিকতায়। কর্মসংস্থানের অভাবে অনেক যুবক বেকার সময় অতিবাহিত করছে। বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপের মাধ্যমে তাদেরকে ‘নার্সারি’করণের প্রতি আকৃষ্ট করতে হবে। কেননা, অনেক ব্যক্তি আছেন, যাঁরা শুধু গাছ লাগানোর মধ্য দিয়েই নিজেদের দারিদ্র্য দূর করেছেন। তাই আসুন—গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।