চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের বেতনজাতি গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করা হয় শিক্ষকদের। এটা বিশাল গর্বের। এই গর্ব আরও বেশি অনুভূত হয়, যখন ছাত্রছাত্রীরা লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে সুশিক্ষার চাদরে। ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের ভান্ডার ছড়িয়ে দেওয়ার কাজটি শিক্ষকের জন্য এক বিশাল আনন্দের। এটা হলো শিক্ষকতার নৈতিক ও আদর্শ রূপ, যা অনুসরণীয় ও গভীর শ্রদ্ধার যোগ্য।শিক্ষকেরাও মানুষ। তাঁদেরও ইচ্ছা করে ‘সচ্ছলতা’ শব্দটির মধ্যে জীবন অতিবাহিত করতে। ইচ্ছা করে ছেলেমেয়েদের জন্য কিছু টাকা সঞ্চয় করে যেতে, তাদের ভবিষ্যৎ সুরক্ষার্থে। ইচ্ছা করে ঈদ কিংবা পূজার বাজারে খুব সুন্দর পোশাকটি কিনে দিয়ে আদরের সন্তানটির অভিমান ভাঙাতে। কিংবা বছরে একটি বিশেষ দিনে নিজের স্ত্রীকে পছন্দের শাড়িটি (যা হতে পারে ব্যয়বহুল) কিনে দিয়ে নিজের ভালোবাসা ব্যক্ত করতে। এই ইচ্ছাগুলো অনবরত হোঁচট খায় বেতনের স্বল্পতা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অসম সংঘর্ষের বাস্তব প্রতিফলনের উদাহরণ হিসেবে, যা একজন শিক্ষকের জন্য দারুণ বেদনাদায়ক।‘স্বতন্ত্র বেতন স্কেল—এই দাবি শিক্ষকদের দীর্ঘদিনের। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এই দাবির প্রতি সব সময়ই জোরালো আবেদন জানিয়ে আসছেন। বর্তমান বাজেটেও এ সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি; কিংবা কবে নাগাদ শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, সে সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি, যা দুঃখজনক ও দারুণ হতাশাজনক।শিক্ষকদের বেতন ও পারিপার্শ্বিক বাস্তবতা—এ দুইয়ের মধ্যে সম্পর্ক হয়ে গেছে ‘বারো হাত কাঁকুড়ের (বেতন) তেরো হাত বিচির (বাস্তবতা) মতো অবস্থা। চাহিদা ও জোগানের জাঁতাকলে পিষ্ট হতে হতে মাঝেমধ্যে ছোটবেলায় পড়া সেই ‘মাস্টার মশাই’ গল্পটির কথা মনে পড়ে যায়, যেখানে শিক্ষকদের বেতনের পাশাপাশি সম্মানের করুণ চিত্র ফুটে উঠেছিল।২৫ জুলাই প্রথম আলো পত্রিকায় দেখলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে উন্নত বেতনকাঠামোর বিকল্প নেই। ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রী মহোদয়কে। এখন প্রয়োজন সেটাকে বাস্তবে রূপ দেওয়া।বাস্তবতার সঙ্গে মিল রেখে শিক্ষকদের জন্য উন্নত বেতনকাঠামো সৃষ্টি করা হোক। চালু করা হোক স্বতন্ত্র বেতন স্কেলসহ নানা সুযোগ-সুবিধা। একটু সন্দর, একটু সচ্ছল জীবন উপভোগ করতে এটাই প্রত্যাশা। সঞ্জয় কুমার ভৌমিক সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল। জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের জাতীয় জীবনে জাতীয় পরিচয়পত্র একটি অপরিহার্য ডকুমেন্ট। চাকরিতে, ব্যাংক হিসাব খোলা, মোবাইল সিম ক্রয়, পাসপোর্ট তৈরি, ব্যবসা-বাণিজ্য এমনকি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ই-টিআইএন রেজিস্ট্রেশনেও জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। আমি একজন তরুণ ব্যবসায়ী। আমি দ্বিতীয় পর্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় গত ৩১.৩.২০১২ তারিখে রেজিস্ট্রেশন করি। কিন্তু পরিতাপের বিষয়, দীর্ঘ ১৫ মাস অতিবাহিত হওয়ার পরও আজ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাইনি। কবে নাগাদ পাব, তারও নিশ্চয়তা নেই। নির্বাচন কমিশনের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের এহেন দীর্ঘসূত্রতা কাঙ্ক্ষিত নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, জাতীয় পরিচয়পত্র বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। মো. হাসান, কমলগঞ্জ, মৌলভীবাজার।সংশোধনীগত ২৭ জুলাই খোলা কলম পাতায় প্রকাশিত কামাল আহমেদের ‘বিশ্বায়নের কাল’ কলামে ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মোট ১১৪টি দেশ সফর করেছেন’ লেখা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা হবে ১১৪টি সফর, দেশ নয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বিভাগীয় সম্পাদক