চি ঠি প ত্র
সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি গুরুতর সমস্যা। দিনে দিনে এ সমস্যা বেড়েই চলেছে। প্রতিদিন রেডিও, টেলিভিশন বা পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ সব চিত্র। সড়ক দুর্ঘটনায় মানুষের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনার। সড়ক দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতির কারণে সংশ্লিষ্ট পরিবারেই শুধু অপূরণীয় ক্ষতি হয় না, জাতিও অনেক সম্ভাবনাময় মানবসম্পদ হারায়। সড়ক দুর্ঘটনায় অকালে নিভে যাচ্ছে অসংখ্য জীবনপ্রদীপের কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছে। ১৯৪৭ সালের পর মাত্র ৬০০ কিলোমিটার সড়কপথ নিয়ে তৎকালীন পূর্ব বাংলার সড়ক পরিবহনব্যবস্থার সূত্রপাত। সময়ের পরিক্রমায় স্বাধীন বাংলাদেশের সড়কপথ আজ হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু জনসাধারণ সড়কপথে যাতায়াতের উন্নত সেবা থেকে বঞ্চিত। নানা বিশৃঙ্খলার কারণে আমাদের যাতায়াতব্যবস্থা আজ এক করুণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এর কারণে প্রতিদিনই ঘটে চলেছে একের পর এক সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা অভিন্ন কারণে ঘটে না। ফিটনেসবিহীন যানবাহন, ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী চালক, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ওভারটেকিং, প্রতিযোগিতা, গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোনে কথা বলা, অসতর্কতা, ভাঙাচোরা রাস্তাঘাট, ট্রাফিক আইনের প্রতি চালকের উদাসীনতা ইত্যাদি কারণে ঘটে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত কোনো যানবাহনের চালককে আটক করা হলেও বেশির ভাগ সময়ই তাঁদের শাস্তি হয় না। সড়ক দুর্ঘটনাহীন কোনো দেশ পৃথিবীতে নেই। কিন্তু এ দেশের মতো এত সড়ক দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশেই ঘটে না। কাজেই অতি সত্ত্বর সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা চালকের।চলন্ত গাড়িতে যাত্রীদের জানমালের নিরাপত্তা চালকের হাতেই থাকে। চালক একটু সচেতন থাকলেই দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। কাজেই রাস্তায় গাড়ি চালানোর সময় চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।মাকসুদুল হাসান দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।