চি ঠি প ত্র
সতর্ক থাকুন সামনে ঈদ। ঈদ মানে আনন্দ। কিন্তু এ সময় আনন্দের সঙ্গে সঙ্গে একটু সতর্ক থাকুন। ঈদ উপলক্ষে স্বাভাবিকভাবেই মানুষের হাতে টাকাপয়সা একটু বেশি থাকে। আর এ টাকার লোভেই চোর, ডাকাত, ছিনতাইকারী, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে ওঠে এবং ব্যাপকভাবে অপরাধ কম সংঘটিত করে। ঈদ উপলক্ষে যাঁরা টাকার লেনদেন বাড়িয়ে দিচ্ছেন তাঁদের বলছি, আপনারা সব সময় সতর্কাবস্থায় থাকবেন। বেশি টাকা বহনে কখনো একা বের হবেন না। নির্জন রাস্তা এড়িয়ে চলুন, কেউ আপনাকে অনুসরণ করলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। মনে রাখবেন, অপরাধীরা অপরাধকর্ম সংঘটিত করতে খুন করতেও দ্বিধা করেন না। কাজেই সব সময় নিরাপদে চলাফেরা করুন। ঈদের সময় নোট জালকারীরা বাজারে প্রচুর জাল নোট ছড়ায়। প্রতারণার হাত থেকে বাঁচতে আসল নোট কীভাবে শনাক্ত করা যায়, তা ভালোভাবে আয়ত্ত করুন। ঈদের সময় অজ্ঞান পার্টির তৎপরতা ব্যাপকভাবে বেড়ে যায়। বাস, ট্রেন অথবা লঞ্চে অপরিচিত কারও দেওয়া কিছু খাবেন না। আপনার একটু অসচেতনতার কারণে আপনার সর্বস্ব এমনকি জীবনও হারাতে পারেন। ঈদে যাঁরা বাড়ি যাবেন, তাঁরা অবশ্যই নিজ নিজ বাসায় নিরাপত্তা জোরদার করে যাবেন এবং অবশ্যই বাস, ট্রেন বা লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। ঈদে যাঁরা ঢাকায় অবস্থান করবেন, তাঁরাও সতর্ক থাকবেন। কেননা, এ সময় ঢাকার লোকসংখ্যা কম থাকে বিধায় চোর-ডাকাতেরা বেশি তৎপর থাকে। হাতের কাছে সব সময় নিকটস্থ থানার টেলিফোন নম্বর রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে অপরাধ ঠেকানো বা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। মনে রাখবেন, আপনার সতর্কতাই আপনার নিরাপত্তা। কাজেই সব সময় সতর্কাবস্থায় থাকুন এবং নিজের ও কষ্টার্জিত অর্থসম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন।মাকসুদুল হাসানদর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রবারণা পূর্ণিমায়বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী অক্টোবরে বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল উৎসাহ-উদ্দীপনার ভেতর দিয়ে অন্যান্য বছরের মতো উদ্যাপিত হবে। দিনটি বৌদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুসংঘ বর্ষাব্রত পালন করে থাকে এবং অধিষ্ঠান করে। তিন মাস সব বৌদ্ধবিহারে অবস্থানরত বৌদ্ধ ভিক্ষুরা নিজ বিহারে অবস্থান করেন। এই তিন মাস প্রতিটি বৌদ্ধ গ্রামের ধর্মপ্রাণ নর-নারী অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অষ্টশীল গ্রহণপূর্বক উপবাসব্রত পালন করেন।প্রবারণা পূর্ণিমায় বুদ্ধ মাতৃদেবীকে ধর্মদেশনার পর তাবতিংস স্বর্গ হতে সাংকস্য নগরে অবতরণ এবং বহুজনের হিতের জন্য ও বহুজনের সুখের জন্য ধর্মপ্রচারে বুদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ প্রদান করেন। এদিন প্রতিটি বৌদ্ধবিহারে বৃক্ষ পূজা, প্রদীপ পূজা, শীলগ্রহণ, ধর্মসভা ও বিদর্শন ভাবনাচর্চা ধর্মীয় ভাবগম্ভীর মর্যাদায় উদ্যাপন করা হয়।প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাসের মধ্যে শুধু তিন মাস বর্ষাবাস সফলকাম বিহারে কঠিন চীবন দান করা যায়। এহেন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের দিন সরকারি ছুটি ঘোষণা করা অপরিহার্য। এ ব্যাপারে বাংলাদেশের বৌদ্ধ আপামর জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সুমিত্রা বিকাশ বড়ুয়াসিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন, চট্টগ্রাম।