চি ঠি প ত্র
পাঠক ও লেখকঈদসংখ্যা ২০১৩ বাজারে এসেছে। বিভিন্ন পত্রিকা বের করেছে নানাভাবে। ‘প্রথম আলো ঈদ সংখ্যা ২০১৩’ কিনলাম। নানা উপাদানে (জাহানারা ইমামের অন্তরঙ্গ চিঠি, নেলসন ম্যান্ডেলা, উপন্যাস, আত্মজীবনী, সাহিত্য, গল্প, স্মৃতিকথা, কবিতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভ্রমণ, খেলা, চলচ্চিত্র, রান্না, ফ্যাশন) ভরপুর এবারের প্রথম আলো ঈদসংখ্যাকে ফাটাফাটি বিশেষণ দিলে কম হয়ে যাবে। নানা তথ্যসমৃদ্ধ লেখার কারণে সংখ্যাটি সংগ্রহে রাখার মতো। ধন্যবাদ সম্পাদক মতিউর রহমান এবং ঈদসংখ্যা সম্পাদক সাজ্জাদ শরিফকে, পাঠকদের এমন একটি সংখ্যা উপহার দেওয়ার জন্য। পাশাপাশি স্মরণ করছি সাহিত্যের রাজপুত্র হুমায়ূন আহমেদের অনুপস্থিতি। এই মহান লেখকের চলে যাওয়াটা পাঠকদের হূদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছে, তার দাগ কোনো দিন মুছবে না। এই ক্ষতি অপূরণীয়। ঈদসংখ্যার মতো বড় মাপের সংখ্যাগুলোতে সব সময় বড় বড় লেখকের লেখা ছাপা হয়। যার ঘোষণা আগে থেকে শুরু হয়। পাঠকেরাও তা উপভোগ করেন। কিন্তু কিছু পাঠক আছেন আমার মতো, যাঁরা ভাবেন, ‘ইশ্, যদি এখানে আমার একটি লেখা থাকত।’ কিন্তু এই ইচ্ছাটা অপূর্ণ থেকে যায়। কেননা, এই সুপ্ত বাসনাকে বাস্তবে রূপ দিতে এসব সংখ্যায় পাঠকদের জন্য কোনো সুযোগ রাখা হয় না, যা দুঃখজনক।উপরন্তু সব লেখকই পাঠক, কিন্তু সব পাঠক লেখক নন। পাঠকদেরও যদি বড় পরিসরে (ঈদসংখ্যা) সুযোগ দেওয়া হয়, তাহলে সংখ্যাটি হবে আরও আকর্ষণীয়। সঞ্জয় কুমার ভৌমিকআলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।ব্যাচেলরদের বাসা ভাড়াআমি পুরান ঢাকার একটা মেটাল কোম্পানিতে চাকরি করি। আমার মতো এমন অনেক চাকরিজীবী আছেন, যাঁরা বিয়ে করেননি বা ফ্যামিলি গ্রামে রাখেন। আমরা ব্যাচেলররা যখনই বাসা ভাড়া নিতে যাই, প্রথমে যে প্রশ্নের সম্মুখীন হই তা হলো ব্যাচেলর, নাকি ফ্যামিলি। বাড়িওয়ালারা ব্যাচেলর শুনে মুখের অভিব্যক্তি এমন করেন যেন ব্যাচেলর থাকাটা বিরাট অপরাধ। অথচ ব্যাচেলররা থাকলে বাড়িওয়ালারই সুবিধা। ব্যাচেলররা চাকরি বা ব্যবসার কাজে সারা দিন বাইরে থাকে, এতে পানি-বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কম হয়। আমাদের অনেকেরই ব্যবসায়িক লেভেল বা চাকরির পদবি বিবেচনায় মেসে সিট নিয়ে থাকাটা মানানসই হয় না। তাই প্রয়োজন পড়ে ফ্ল্যাট বাসার। এই ফ্ল্যাট বাসা ভাড়া নিতে গেলেই বিড়ম্বনা ও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমরা ব্যাচেলররা এই বিড়ম্বনা থেকে মুক্তি চাই। চাই বাড়িওয়ালাদের একটু আন্তরিকতা ও ব্যাচেলর ভাড়ার আইন। বাড়িওয়ালারা ভুলে যাবেন না, আপনারাও একসময় ব্যাচেলর ছিলেন। মো. রফিক, রাজ মেটাল ইন্ডাস্ট্রিজ, ঢাকা।সংশোধনীগতকাল সম্পাদকীয় পাতায় প্রকাশিত সৈয়দ আবুল মকসুদের লেখা ‘সংকট সমাধানে প্রয়োজন বুদ্ধি’ শিরোনামের নিবন্ধের তৃতীয় কলামের তৃতীয় প্যারার ১২তম লাইনে ছাপা হয়েছে ‘রায়ের পর ১৮-দলীয় জোট থেকে...’। এখানে ‘১৮-দলীয়’র বদলে পড়তে হবে ‘১৪-দলীয়’। এই মুদ্রণপ্রমাদের জন্য আমরা দুঃখিত। বি.স.