চি ঠি প ত্র
ভর্তি পরীক্ষাএইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। গতবারের চেয়ে ফল খারাপ হওয়ায় এটা নিয়ে একে অন্যকে দোষারোপ তথা রাজনৈতিক বিতর্কও হয়ে গেছে। এখন এসব উত্তীর্ণ শিক্ষার্থীরা নামবে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জনে ভর্তি হতে। পাসের হার বনাম মেধার মান—এ দুটো বিষয় যদি এক কাতারে নিয়ে যাওয়া হয়, তবে তা অনেক সময় ভুল প্রমাণিত হতে পারে কিংবা ঘটতে পারে মেধার অপচয়। কেননা, বর্তমান সময়ে পড়ালেখাটা অনেকটাই সাজেশননির্ভর। স্বল্পদৈর্ঘ্যের সাজেশনের ভিত্তিতে সীমিত পড়ালেখায় পাঠ্যবইয়ের অনেক অংশই থাকে ধরাছোঁয়ার বাইরে। যার কারণে মেধার মানটাও সেভাবে বেড়ে ওঠে না। এ ছাড়া পাঠ্যবইয়ের বাইরেও রয়েছে একটা বিশাল জ্ঞানের জগৎ। যেখানে বর্তমান সময়ে শিক্ষার্থীদের পদচারণ খুবই কম ঘটে। যদি ভর্তি পরীক্ষা নেওয়া হয়, তবে শিক্ষার্থীদের মধ্যে সেই অভ্যাসটা (সাধারণ জ্ঞানের বই, গল্প, কবিতা, জানা-অজানা কাহিনি) কিছুটা হলেও গড়ে উঠবে। বৃদ্ধি পাবে তাদের জানার আগ্রহ। আর ভর্তি পরীক্ষার নামে শিক্ষার্থীদের অর্থের অপচয় না ঘটাতে কোচিং বাণিজ্য অনতিবিলম্বে বন্ধ করতে হবে।বিশ্বের অনেক দেশেই জিপিএ পয়েন্টের মাধ্যমে ভর্তি করানো হলেও আমাদের দেশে তা কতটা যুক্তিযুক্ত, এ বিষয়ে সংশয় রয়েছে। কেননা, বিদেশের সঙ্গে তাল মিলিয়ে লাভ নেই। বিদেশের শিক্ষাব্যবস্থা, পরিবেশ, সুযোগসুবিধা—এসবে আমরা এখনো পিছিয়ে রয়েছি। কেননা, শুধু ঢাকাকেন্দ্রিক আর বড় বড় শহরকেন্দ্রিক চিন্তা করলে হবে না। ভাবতে হবে গ্রামের কথাও। ভালো খেললেই যেমন ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায় না, তেমনি ভালো ফল করলেই তাকে সর্বসেরা বলা যায় না। যদি এটা হতো, তবে ভর্তি পরীক্ষার সময় সেরা ছাত্ররাই (সার্টিফিকেটধারী) বিবেচিত হতো। পানিকে ফিল্টার করে যেমন বিশুদ্ধ পানি পাওয়া যায়; তেমনি ভর্তি পরীক্ষার মাধ্যমে সেরা মেধাবী ছাত্রছাত্রীদেরও খুঁজে বের করা যায়। তাই অগণিত ছাত্রছাত্রীকে হতাশ না করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো হোক। এটাই বিনীত অনুরোধ। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।সার্টিফিকেট কবে পাব?আমি ১৯৭১ সালে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করি এবং এই সূত্রে রৌমারী ক্যান্টনমেন্টে একটি বিশেষ দলের সঙ্গে সুবেদার আফদাবের অধীনে এবং হাবিলদার নামদারের সহায়তায় বিশেষ অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করি। অতঃপর দেশের মধ্যে বাসেত কোম্পানিতে যোগদান করে বিভিন্ন যুদ্ধে সক্রিয় ও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। কিন্তু পরবর্তী সময়ে চাকরির সূত্রে ময়মনসিংহ জেলায় অবস্থান করায় আমি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা কমান্ডের একজন তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আমার নাম গেজেটভুক্ত করতে পারিনি। ২০০০ সালে মুক্তিযোদ্ধা সংসদ যে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে, তাতে আমার নাম প্রকাশিত হয়। কিন্তু আজ অবধি আমি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাইনি। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে এই মর্মে প্রতিকার প্রার্থনা করে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলরের চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত প্রেরণ করি। আজ অবধি তার কোনো উত্তর পাইনি। কিন্তু চেয়ারম্যানের খবরের কাগজের মাধ্যমে বলেছিলেন যে আমার মতো বঞ্চিত মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তিনি যথাযথ সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।তাই আমার আবেদন এই যে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ বি তাজুল ইসলামের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা দয়া করে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমি যাতে একজন গেজেটেড মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাই, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। মো. জুলফিকার রফিক জেল রোড, ময়মনসিংহ।