চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভি রহমানের স্মৃতিআমার স্ত্রী ফরিদা রহমান বুলু ও আইভি রহমান খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। একটা নতুন শাড়ি কিনলে দুজনে ভাগাভাগি করে পরতেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে মিটিংয়ের সময় ট্রাকের ওপর বক্তৃতার সময় শেখ হাসিনার ওপর এক গ্রেনেড হামলায় কাছেই বসা আইভি রহমান গুরুতর আহত হন। তাঁর দুই পা হাঁটুর নিচ থেকে উড়ে যায়। সেই রক্তাক্ত পোস্টার সবাই দেখেছেন। তারপর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট আইভি রহমান পরিবার, বন্ধুবান্ধব ও জাতিকে শোকসাগরে ভাসিয়ে ইহলোক ত্যাগ করেন।তার আগে ২০০০ সালের ৯ অক্টোবর আমার স্ত্রী ফরিদা রহমান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। আইভি রহমান সেদিন ময়মনসিংহে ছিলেন। এসে আমার সদ্য প্রয়াত স্ত্রীর মুখ দেখে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন মেঝেতে। অনেকক্ষণ পর তাঁর জ্ঞান ফিরে আসে।আইভি রহমান ও জিল্লুর রহমান সাহেবের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের প্রায় ৫০ বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।আমাদের দুই পরিবারের মধ্যে অবাধ যাতায়াত ছিল। আইভি রহমানের মৃত্যুর ১০-১২ দিন আগে আমি একদিন দুপুরে তাঁর গুলশানের বাসা ‘আইভি কনকর্ড’-এ গিয়েছি। জিল্লুর রহমান তখন টেলিভিশন দেখছিলেন। আমি পাশে বসলাম। কিছুক্ষণ পর আইভি রহমান বেরিয়ে আমাদের সঙ্গে যোগ দিলেন।আমাদের দেখে অতি উৎসাহে বললেন, ‘আপনি এসেছেন, ভালোই হয়েছে।’ তারপর আমাকে সম্বোধন করে বললেন: ‘চৌধুরী সাহেব, আমি তিন-চার দিন আগে একটা স্বপ্ন দেখেছি। এখনো স্বপ্নটা চোখে লেগে আছে। আমি দেখলাম, আমি বুলুর বাড়িতে গিয়েছি। ভীষণ সুন্দর বাড়ি। সবকিছু সাজানো-গোছানো চকচকে। এমন সুন্দর বাড়ি দেখা যায় না। বুলু আমাকে একটা সুন্দর ড্রেসিং গাউন দিয়ে বলল,“এটা পরে নাও, আর বাথরুমে গোসল করে সব চেইঞ্জ করে আসো।” আমি বললাম, আমি চলে যাব। জিল্লুর রহমান সাহেব তো আসেননি, উনি একা। বুলু বলল, “সে জন্য তুমি চিন্তা করো না; উনি পরে আসবেন”।’ ২০০৪ সালের ২১ আগস্ট অপরাহে আইভি রহমান যখন আওয়ামী লীগ আহূত জনসভায় অংশগ্রহণের জন্য রওনা হন, ওই সময় আমি তাঁদের বাসায় ছিলাম। জিল্লুর রহমানও ছিলেন। কিছুক্ষণ পর আমি চলে আসি বনানীর নিজের বাসায়।বিকেলে মিটিংয়ে গ্রেনেড হামলার খবর টেলিভিশনে দেখার পর ছুটে গেলাম আইভি কনকর্ডে। স্তব্ধ জিল্লুর রহমান। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। বাংলার আকাশ থেকে ঝরে গেল এক ধ্রুবতারা, নারী আন্দোলনের এক পথিকৃৎ। এম আর চৌধুরী, ঢাকা