চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি বিষয়ে সৃজনশীলতানবম-দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র (ইংলিশ ফর টুডে) বইটি পূর্ববর্তী শিক্ষাবর্ষের বইগুলোর তুলনায় বহুগুণে উন্নত। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অনেক সহায়ক। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতেও এটি সাহায্য করে। বইটি শিক্ষার্থীদের ইংরেজি বলতে পারা, শুনে বুঝতে পারা ও লিখতে পারার ক্ষমতা বৃদ্ধিতে অনেকাংশেই সহায়ক। বইটিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা শ্রেণীকক্ষে সবার অংশগ্রহণে সম্পন্ন করতে হবে। এ ছাড়া বিভিন্ন দলগত কাজের কথা বলা আছে, যেগুলো করার ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে নিজেদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজি ভাষায় আলোচনা করতে পারবে। কিন্তু এসব বাস্তবায়ন করার পেছনে সবার আগে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে পাঠদানের পদ্ধতি পরিবর্তন করা। শিক্ষকেরা সঠিক নিয়মে পাঠদান করলেই বইটি শিক্ষার্থীদের কাজে লাগবে। নতুবা বইটি পরিবর্তন করার পরও কোনো লাভ হবে না। বইটিতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য যেসব নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষকেরা শ্রেণীকক্ষে তা মানছেন না। তাঁরা শুধু শ্রেণীকক্ষে রিডিং পড়িয়ে প্রশ্নোত্তর বা মডেল কোশ্চেন সমাধান করেন। এ কারণে শিক্ষার্থীরা বইয়ে উল্লেখিত দলগত কাজগুলো শ্রেণীকক্ষের সবার অংশগ্রহণে করার সুযোগ পায় না। অথচ ওই দলগত ও একক কাজগুলো করার মাধ্যমেই এ দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতার সুষ্ঠু বিকাশ ঘটবে। আবার শ্রেণীকক্ষে শিক্ষকেরা বইয়ের একক ও দলগত কাজগুলোতে কোনো আগ্রহ প্রকাশ না করায় শিক্ষার্থীরা একক কাজগুলো বাড়িতেও করছে না। তাহলে বইটি এত সুন্দর ও কার্যকরভাবে তৈরি করার অর্থ কী? পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু শেখা, নম্বর বেশি পাওয়া নয়।সুতরাং এই মূলমন্ত্রটি বজায় রেখে শিক্ষাদান করা প্রয়োজন। ২০১৩ শিক্ষাবর্ষের এই ইংরেজি প্রথম পত্র বইটি সত্যিই প্রশংসনীয়। তাই শিক্ষকদের এটি অনুসরণ করার জন্য অনুরোধ করছি। লাবিবা রহমান, উত্তরা, ঢাকা। মানুষ মানুষের জন্যআমাদের যুবসমাজে যখন মূল্যবোধের চরম অবক্ষয় চলছে, তখন ‘সুড়ঙ্গের অপর প্রান্তে ক্ষীণ আলোর রেখা’র মতো কিছু ঘটনা আমাকে আশাবাদী করে। সাভারে রানা প্লাজার উদ্ধারকাজের সময় সবে কৈশোর উত্তীর্ণ তরুণ শুভ ও তার ফেসবুক বন্ধুরা হতাহতদের নানাভাবে সাহায্য করার পাশাপাশি একটি এতিম শিশুকে পরম স্নেহে কোলে তুলে নিয়ে তাকে মানুষ করার দৃপ্ত শপথ গ্রহণ করে এবং দুই লাখ টাকার একটি ফান্ড গঠন করে। এখন প্রতি মাসে ওরা ওই বাচ্চার জন্য আট হাজার টাকা খরচ করে।মানবতার কী অপূর্ব নিদর্শন। আমাদের যুবসমাজের মধ্যে অফুরন্ত মানবিক গুণাবলি রয়েছে, তা এমনভাবেই বিকশিত হোক। এরাই হোক একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত।মো. শওকত আলীমিরপুর, ঢাকা।ন্যূনতম যোগ্যতাএইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। গতবারের তুলনায় এবার পরীক্ষার ফল খারাপ হয়েছে। বিশেষ করে কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডে। বেশির ভাগ শিক্ষার্থী তাঁদের আশানুরূপ ফল অর্জন করতে পারেননি। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সৃজনশীল পদ্ধতি এই খারাপ ফলের জন্য অনেকাংশে দায়ী। বিশেষ করে গ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে শহর এলাকার শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতি বুঝতে পারলেও গ্রামের শিক্ষার্থীরা এ ব্যাপারে একেবারেই অজ্ঞ থেকে গেছেন। কারণ, গ্রামে উন্নত ও দক্ষ শিক্ষকের অনেক অভাব রয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে। এ বছর বাংলা ও রসায়নে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। আর সে কারণে শিক্ষার্থীরা আশানুরূপ ফল অর্জন করতে পারেননি। সামগ্রিকভাবে পাসের হার ৭১ দশমিক ৩ শতাংশ হলেও জিপিএর দিক দিয়ে গ্রামের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছেন। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এমন অনেক শিক্ষার্থী আছেন, যাঁদের পরীক্ষার ফল এতটাই খারাপ হয়েছে যে তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা গতবারের চেয়ে কম। বিশেষ করে কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের। এই দুই বোর্ডের গ্রামের শিক্ষার্থীরা জিপিএর দিক থেকে অনেক পিছিয়ে আছেন। তাই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারবেন না, যদি গতবারের মতো যোগ্যতা চাওয়া হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির ক্ষেত্রে যোগ্যতা শিথিল করা হলে গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা তাঁদের মেধা যাচাইয়ের সুযোগ পাবেন। তাই গতবারের চেয়ে যোগ্যতা শিথিল করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে ন্যূনতম যোগ্যতা ২ দশমিক ৫ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ফরহাদুল ইসলামমিরসরাই, চট্টগ্রাম।