চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডহক বনাম বিসিএসগত ২৮ ফেব্রুয়ারি ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ওই পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক হাজার ১৭৬ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ২৮ তারিখ যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, তাতে কোনো সংখ্যা উল্লিখিত না হলেও ফলাফলের তালিকা থেকে ধারণা করা যায়, প্রায় ৯০ শতাংশ (৭৫০-৮০০ জন) পরীক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘ বছরব্যাপী চলা বিসিএস পরীক্ষার প্রতিযোগিতামূলক তিনটি ধাপ পেরিয়ে এসব পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও এদের মধ্যে মাত্র ১২২ জন পরীক্ষার্থীকে ক্যাডার পদে নিয়োগদানের সুপারিশ করা হয়েছে। পিএসসি ঘোষিত ফলাফলে বলা হয়েছে, শূন্য পদের সংখ্যা না থাকায় এবং সরকার কর্তৃক চাহিদা না জানানোয় বাকি নির্বাচিত প্রার্থীদের ক্যাডার পদে নিয়োগ দেওয়া সম্ভব নয়, ভবিষ্যতে মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে তাঁদের নন-ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়া হবে। অতীত অভিজ্ঞতার (২৮তম বিসিএস) আলোকে আমরা জানি, এই সম্ভাবনা নিতান্তই অনিশ্চিত। তা ছাড়া ক্যাডার পদে চাকরি লাভের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও নন-ক্যাডার পদে নিয়োগদান কতটুকু যুক্তিযুক্ত, সেটিও প্রশ্নসাপেক্ষ। এরই মাঝে অত্যন্ত পরিহাসের বিষয় হিসেবে যেটি উঠে এসেছে, সেটি হচ্ছে, ‘অ্যাডহক’ ২৯তম বিসিএস পরীক্ষার ফল ঘোষণার পর সপ্তাহ দুয়েক পার না হতেই ১০ মার্চ ২০১১ নতুনভাবে ৫৮২ জন চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, যেখানে পদ খালি নেই বলে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি দেওয়া হচ্ছে না, সেখানে এই ৫৮২ জন চিকিৎসককে কীভাবে নিয়োগ দেওয়া হলো? দেশবাসীর নিশ্চয়ই স্মরণে আছে, এর আগে ২০১০ সালের জুলাই মাসে তিন হাজার ৫৫২ জন চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সে সময় এই নিয়োগ প্রক্রিয়াতে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির ছায়া ছিল সুস্পষ্ট।প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকেই তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলছেন। আমরা চিকিৎসকেরাও এ উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু তৃণমূল পর্যায়ে যে চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে, সেখানে যদি স্বচ্ছতা বজায় রাখা না হয়, তাহলে কতটুকু মানসম্পন্ন সেবা প্রদান সম্ভব হবে? রাজনৈতিক প্রভাব ও অর্থের সহায়তায় যে চিকিৎসকেরা নিয়োগ পাচ্ছেন, তাঁদের দায়বদ্ধতাই বা কতটুকু? তাই তো আমরা দেখি, প্রধানমন্ত্রীর উপর্যুপরি আহ্বানের পরও উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রেই চিকিৎসকেরা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। অন্যদিকে বিসিএস পরীক্ষায় (২৮ ও ২৯তম) নিয়মতান্ত্রিকভাবে উত্তীর্ণ হয়েও যেসব চিকিৎসক নিয়োগ পাচ্ছেন না, তাঁদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ ও হতাশা। আশা করি, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করবে। অন্যথায় তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা যে একটি ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডা. আরিফুল হকগুলশান, ঢাকা।পতেঙ্গায় অবৈধ স্থাপনাবাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরের কোল ঘেঁষেই পতেঙ্গা সমুদ্রসৈকত। ১৭ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের অধিকাংশ স্থানই এখন অবৈধ দোকানদারদের দখলে। সৈকতজুড়েই তাদের ত্রাস। বেড়িবাঁধ ঘেঁষে বেড়ে ওঠা এসব দোকান যেমন সৈকতের সৌন্দর্য দিন দিন নষ্ট করছে, তেমনি এখানে বেড়াতে আসা পর্যটকদের নানাভাবে এসব দোকানির হাতে নাজেহাল হতে হচ্ছে। অন্যদিকে আশপাশের এলাকার স্কুলপড়ুয়া অনেক শিক্ষার্থী এসব দোকানে এসে সময় কাটায়, বাজে আড্ডা দেয়। এসব দোকানে দিন-দুপুরে অসামাজিক কার্যকলাপ চলে বলেও লোকমুখে অহরহ শোনা যায়। একমাত্র সরকারের সঠিক পদক্ষেপই পারে পতেঙ্গা সমুদ্রসৈকতকে আরও সুন্দর, প্রসিদ্ধ ও পর্যটনমুখর করে তুলতে।মো. সাহেদশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।