চি ঠি প ত্র
অবসরভোগীদের দাবিবিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বিমুখী নীতির কারণে সাধারণ কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে অবসরভোগীরা বিমানের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার। বৈষম্য ও বঞ্চনার দুটি মাত্র উদাহরণ উল্লেখ করতে চাই।এক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ২০০৯ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে অবসরভোগী পেনশনারদের পেনশন ও গ্র্যাচুইটি হার পুনর্নির্ধারণ করে একটি অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশের ৪(খ)-এ উল্লেখ করা হয়, (ক) ‘মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ৬৬ বছর ঊর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীর নিট পেনশনের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি এবং অন্যদের ক্ষেত্রে নিট পেনশনের পরিমাণ ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। (খ) ৬৫ বছর ঊর্ধ্ব পেনশনারদের চিকিৎসা ভাতা মাসিক ১০০০ টাকা এবং অন্যান্য পেনশনারদের ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা ৭০০ টাকা হবে।’অত্যন্ত দুঃখের বিষয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা ওই আদেশ আজ পর্যন্ত কার্যকর করেনি, অথচ জাতীয় বেতন স্কেল ২০০৫ (তারিখ ২৬.৬.২০০৫) অবিকল একই রূপ আদেশ বিমান কর্তৃপক্ষ সহজেই কার্যকর করে। ২০০৫ সালের জাতীয় বেতন স্কেল কার্যকর করা হলে ২০০৯ সালের বেতন স্কেল কার্যকর করতে বাধা কোথায়, তা বোধগম্য নয়।বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাধারণ অবসরভোগীদের সামান্য বর্ধিত পেনশন ও চিকিৎসা ভাতা দিতে কার্পণ্য করলেও একজন অবসরপ্রাপ্ত বা প্রয়োজনের অতিরিক্ত পাইলট বা ফ্লাইট ইঞ্জিনিয়ারদের দারা-পুত্র-পরিবারের সবার জন্য আজীবন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে।দুই. একজন পাইলট বা ফ্লাইট ইঞ্জিনিয়ার অবসর নেওয়ার পর প্রতিবছর (১) বিনা মূল্যে চারটি টিকিট, (২) শতকরা ৫ ভাগ হারে ভাড়া দিয়ে চারটি এবং (৩) শতকরা ৫০ ভাগ হারে ভাড়া দিয়ে অগণিত টিকিট দারা-পুত্র-পরিবারসহ আজীবন প্রাপ্য হবেন। যাঁরা ১৯৯৮ সালের আগে অবসর নিয়েছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। পক্ষান্তরে, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী প্রতিবছর বিনা মূল্যে একটি করে ২০ বছরে ২০টি টিকিট পাবেন। পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অবসরভোগীদের রেয়াতি টিকিট প্রাপ্যতা ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক পরিবর্তন করে ১৯৯৮ সালের আগে অবসরভোগীদের অন্যায়ভাবে বঞ্চিত করে, যা তাদের এখতিয়ারবহির্ভূত।একই সংস্থায় চাকরি করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক রকম প্রশাসনিক আদেশ, পাইলটদের জন্য আরেক রকম প্রশাসনিক আদেশ। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।উড়োজাহাজের পাইলট বা ফ্লাইট ইঞ্জিনিয়ার কথায় কথায় প্লেনের চাকা বন্ধের ও হরতালের হুমকি-ধমকি দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে সুযোগ-সুবিধা আদায় করেন। কিন্তু বিমানের অবসরভোগী সদস্যরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন-নিবেদন করেও কোনো প্রতিকার পাননি। অতএব, বিমান কর্তৃপক্ষের কাছে অসহায়, অসুস্থ, অভাবগ্রস্ত ও অক্ষম অবসরভোগীদের আবেদন, আমাদের ন্যায্য পাওনা, বর্ধিত পেনশন ও চিকিৎসা ভাতা এবং রেয়াতি টিকিট প্রাপ্যতা পুনঃপ্রত্যর্পণ করার অনুরোধ জানাচ্ছি।শফি-উল-ইসলামঅবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিমান, ঢাকা।