চি ঠি প ত্র
ধারাবাহিক পরাজয়বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে সম্মানজনকভাবে হারলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছে শোচনীয়ভাবে, যা বাংলাদেশের মানুষ সহজে মেনে নিতে পারেনি। মেনে না নেওয়াটাও স্বাভাবিক, কারণ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ হারবে, তা এ দেশের কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। তবে তারা হেরেছে চরমভাবে। পরাজয়ের পর দর্শকেরা বিক্ষোভ করেছে, নিন্দা জানিয়েছে এবং প্রতিপক্ষ দলের বহনকারী বাসে ঢিল ছুড়েছে। কিন্তু কী জন্য হেরেছে, তা একটু ভাবা দরকার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে যাঁরা খেলছেন, তাঁদের বেশির ভাগই নতুন খেলোয়াড় এবং তাঁদের পারফরম্যান্স নিয়মিত লক্ষ করা যাচ্ছে না। তাঁরা এক ম্যাচে ভালো করলেও আরেক ম্যাচে খারাপ খেলছেন। যাঁরা দলে খেলছেন, তাঁদের বেশির ভাগই ২১ থেকে ২৪ বছর বয়সের অধিকারী, যা পৃথিবীর অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে লক্ষ করা যায় না।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে লক্ষ করলে দেখা যায়, বোর্ড কিছুদিন পর পর খেলোয়াড় পরিবর্তন করছে এবং সেই পরিবর্তন ধারাবাহিকভাবে চলছে। এ কারণে ভালো খেলোয়াড় আমরা পাচ্ছি না। খেলোয়াড় পরিবর্তনের এই ধারাবাহিকতা কেন চলছে, তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) ভালো জানে। একটু খারাপ খেললেই দল থেকে তাঁদের বাদ দেওয়া হয়, যা অন্য দেশে খুবই কম দেখা যায়। আরও দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের ওয়ান টাইম পণ্যের মতো কিছুদিন পর পর পরিবর্তন করা হচ্ছে, যা ভালো ক্রিকেট টিম তৈরিতে সহায়ক নয়। সবচেয়ে অবাক লাগে, বাংলাদেশে একজন ক্রিকেট খেলোয়াড়ের বয়সের ব্যাপ্তিকাল ১৮ থেকে ২৮ বছরের মধ্যে শেষ হয়ে যায়, যা অন্য দেশে দেখা যায় না। খেলাধুলার জন্য বডি ফিটনেস একটা বড় ব্যাপার, কিন্তু বারবার খেলোয়াড় পরিবর্তনের কারণে তাঁদের ফিটনেস তৈরি হচ্ছে না। তা ছাড়া যেকোনো কাজে দক্ষতার জন্য সময়ের প্রয়োজন। বাংলাদেশ দলের বর্তমানে যে পারফরম্যান্স, তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ তাদের যতটুকু যোগ্যতা এবং যতটুকু দেওয়ার সামর্থ্য আছে, ততটুকুই তো তারা আমাদের উপহার দিচ্ছে। এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য কি আর তাদের আছে? মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।ভর্তি-প্রক্রিয়ায় অস্বচ্ছতাকবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষাকার্যক্রম চালু হয়েছে বেশি দিন হয়নি; সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চালু হয়েছে অল্প দিনেই। আসনসংখ্যার পরিমাণ খুব বেশি নেই এই বিদ্যাপীঠে। ইতিমধ্যে ভর্তি-প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে। সম্প্রতি ২০১০-২০১১ সেশনে ভর্তি-প্রক্রিয়ায় চরম দুর্নীতি হয়েছে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হতে ইচ্ছুক অনেক ছাত্রছাত্রী মেধাতালিকায় থেকেও ভর্তি হতে পারেনি। অপেক্ষমাণ তালিকায় আছে কিংবা তালিকায় নাম আসেনি—এমন অনেক স্থানীয় ছাত্রছাত্রী ভর্তি হয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির তদবিরে। এই ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করতে প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধলাখ টাকা কিংবা এর চেয়েও বেশি টাকা নিয়েছে। যারা মেধাতালিকায় ছিল, প্রভাবশালীরা তাদের বলেছেন, যদি তোমরা মোটা অঙ্কের টাকা দাও, তাহলে এখানে ভর্তি হতে পারবে, না হলে নয়। এভাবে মেধাতালিকায় স্থান পাওয়া অনেক ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি। ভর্তির সুযোগ পেয়েছে মেধাহীন, তালিকায় নাম নেই এমন শিক্ষার্থীরা। কিন্তু মেধাতালিকায় থাকা ছাত্রছাত্রীরা কখনো টাকা দিয়ে ভর্তি হয় না। একজন ছাত্র যদি মেধাতালিকায় থেকে ভর্তির সুযোগ না পায়, তাহলে মেধার মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কোথায়? এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি নীরব ছিল? সুতরাং ভর্তি-প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।দর্শকদের বলছি...৪ মার্চ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বাজে দিন। আমরা যারা দুই-তিন রাত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছি, স্টেডিয়ামে ঢুকেই একটু ধাতস্থ হতেই সব শেষ। বাংলাদেশের ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আমাদের হতাশ করেছে। আমাদের দিনে দিনে গড়ে ওঠা প্রত্যাশার ফানুসটি এক দমকা হাওয়ায় চুরমার হয়ে গেছে। আমরা হতাশাগ্রস্ত, বাকরুদ্ধ। আমরা ক্রিকেটারদের গঠনমূলক সমালোচনা করব। কিন্তু তাই বলে তাঁদের অপমান করা, তাঁদের টিম বাসে ঢিল ছোড়া—এটা কোনো সচেতন ক্রিকেটপ্রেমীর কাছে আশা করা যায় না। আমি ঢিল ছোড়া দর্শকদের উদ্দেশে কিছু কথা মনে করিয়ে দিতে চাই। একবার মনে করে দেখুন তো, এই দলটি কি গত কয়েক বছর আমাদের বাঁধভাঙা আনন্দের উপলক্ষ এনে দেয়নি? এই দলটি কি নিউজিল্যান্ডকে অপ্রত্যাশিতভাবে বাংলাওয়াশ করেনি? তামিম কি লর্ডসের মাঠে সেঞ্চুরি করে আমাদের গর্বিত করেনি? যে সাকিবের বাসায় ঢিল ছুড়ছি, সেই সাকিব কি দুই বছর ধরে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে ১ নম্বর জায়গা ধরে রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেনি?বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটাররা আমাদের হূদয়ে মিশে আছেন। তাঁদের বিজয়ে আমরা যেমন বিজয়ী, ঠিক বিপরীতে তাঁদের দুঃসময়েও আমাদের পাশে থাকা দরকার। আমরা এমন কিছু করব না, যাতে পাকিস্তান কিংবা ইডেনের মতো ভাগ্য আমাদের বরণ করতে হয়। ইতিমধ্যেই সারা বিশ্বে আমাদের সমর্থকদের যে সুনাম ছড়িয়ে পড়েছে, তা ধরে রাখতে চাই।পাদটীকা: ক্রিকেটারদের বলছি, ৪ মার্চ, গভীর রাতে দেখা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। ইংল্যান্ডের বিপক্ষেই ঘুরে দাঁড়াও। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, সেই সামর্থ্য ও শক্তি তোমাদের আছে। তোমরাই পারবে আমাদের হতাশা ও ক্ষোভকে বিজয়ের রঙে রাঙিয়ে দিতে। সেই প্রত্যাশায় আমরা ষোলো কোটি মানুষ। আমরা তোমাদের সঙ্গেই আছি এবং থাকব। জয় হোক বাংলাদেশের, জয় হোক ক্রিকেটের।এন আই মিঠুমহাখালী, ঢাকা।