চি ঠি প ত্র
ভারতীয় চলচ্চিত্র সম্প্রতি আমাদের চলচ্চিত্রশিল্পের চরম দুরবস্থার পরিপ্রেক্ষিতে ভারতীয় সিনেমা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে প্রদর্শনের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে তিনটি বাংলা ছায়াছবি আনা হয়েছে। প্রদর্শক সমিতির উদ্যোগে আরও নয়টি দেশীয় চলচ্চিত্রের সুরক্ষা ও ভিনদেশি সিনেমার সঙ্গে ‘বিপজ্জনক অসম প্রতিযোগিতা’র যুক্তি দেখিয়ে অনেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। শিল্পী সমিতির পক্ষ থেকে ভারতীয় ছায়াছবি আমদানির বিপক্ষে প্রতিবাদ-কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।চলচ্চিত্র সুরক্ষার চেয়ে এ আঙিনায় মেধার বিকাশ হওয়া অধিক গুরুত্বপূর্ণ। যে জন্য আমাদের চলচ্চিত্রের প্রতিভাধর ও সৃজনশীল তরুণ নির্মাতা, কলাকুশলী, বোদ্ধা, সুধীজন—সর্বোপরি দর্শকদের রাখতে হবে অগ্রণী ভূমিকা। সংস্কৃতিকে নির্দিষ্ট সীমারেখায় বেঁধে রাখার চেষ্টা নিছক বোকামি। প্রতিকূলতার মধ্যেও ভালোটা টিকে থাকবে, মন্দটা হারিয়ে যাবে। চলচ্চিত্রশিল্পের খোলনলচে পাল্টে প্রভূত উন্নতি সাধন করতে হবে। একই ধাঁচের জোড়াতালি দেওয়া ‘বাণিজ্যিক ছায়াছবি’ এখন আর মানুষকে প্রেক্ষাগৃহমুখী করে না। মানসম্মত ছবির অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে গড়ে উঠছে শপিং মল, বহুতল ভবন, নয়তো গুদামঘর। এই অবস্থায় সুস্থ, সৃজন ও বিনোদনধর্মী ভারতীয় বাংলা ছায়াছবি প্রদর্শিত হলে মধ্যবিত্ত ও সাধারণ দর্শক হলমুখী হবে। সিনেমা হলগুলো অন্তত বাঁচবে। পাশাপাশি প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে নির্মাতা, প্রযোজক তথা চলচ্চিত্রাঙ্গনের কারিগরদের ভালো ছবি নির্মাণে লগ্নি করতেই হবে। দেশীয় চলচ্চিত্রের প্রাণবায়ু টিকিয়ে রাখতে যা বড় বেশি প্রয়োজন। এফডিসির অবাস্তব চলচ্চিত্রের বিস্বাদ আর কত দিন? সোহেল নওরোজ, শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।