চি ঠি প ত্র
দূষণের শহর‘আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া’—অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অভাবে ঢাকা শহরে পানিদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণ বেড়েই চলছে। ময়লা-আবর্জনায় নোংরা, যানজটে স্থবির আমাদের ঢাকা। খাবারে বিষ, ওষুধে ভেজাল, নিঃশ্বাসে সিসা নিয়ে আমরা বহন করে চলেছি নাগরিক জীবন। ঢাকার খাল-বিল ভরাট করে একের পর এক নির্মিত হচ্ছে আকাশচুম্বী ভবন। প্রতিদিন হাজারীবাগের ট্যানারি থেকে ১৬ হাজার টন বিষাক্ত বর্জ্য বুড়িগঙ্গায় গিয়ে পড়ছে। এ ছাড়া তেজগাঁও শিল্প এলাকা থেকে যে বিষাক্ত বর্জ্য বুড়িগঙ্গায় গিয়ে প্রতিদিন পড়ছে, তার পরিমাণ তিন হাজার টন। ঢাকায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমেনি; বরং বাড়ছে। পরিত্যক্ত পলিথিনে জলাবদ্ধতাসহ পরিবেশ দূষিত হচ্ছে।আরও দুঃসংবাদ হলো, বুড়িগঙ্গার তলদেশ থেকে পলিথিন ওঠানোর কার্যক্রম যথাযথ পরিকল্পনার অভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা শহরের বাতাসে সিসার পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের জরিপে বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। বিশ্বের মধ্যে ভূমিকম্পঝুঁকিতে থাকা শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান প্রথম দিকে। একদিকে জলবায়ুর প্রভাব, অন্যদিকে সব সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় অন্যান্য জেলা থেকে অতিরিক্ত জনসংখ্যা এসে ঢাকার দূষণকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুরা কি এই পরিবেশে বেড়ে উঠবে? ফুসফুসের ব্যাধিতে মানুষ কি আক্রান্ত হতেই থাকবে? যেকোনো নাগরিক চায় তার রাজধানী হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, বসবাসের উপযোগী। ঢাকা শহরকে সহনীয় ও বাসযোগ্য করার জন্য ট্যানারি আর শিল্প এলাকা সরাতে হবে। বিভাগীয় ও জেলাগুলোতে সুযোগ-সুবিধা বাড়াতে হবে।সাধন সরকার শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।