চি ঠি প ত্র
কুলাঘাট সেতুএকটা সেতু হবে, মানুষ সেই সেতু ধরে পার হয়ে যাবে ধরলা নদী। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটা আর স্বপ্ন নেই। এটা এখন ফুলবাড়ীর লাখো মানুষের দাবি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর সেই স্বপ্নদেখা মানুষগুলো একটা সেতুর জন্য মিছিল-সমাবেশ করে বেড়ায়। পাতার পর পাতা ভরে গণস্বাক্ষর তোলে। সরকার আসে সরকার যায়, আশ্বাস ছাড়া বাস্তবে আর তেমন কিছুই পায় না ফুলবাড়ীর মানুষ।সেতুটা হয়ে গেলে পুরো উত্তর ধরলায় নতুন অধ্যায় সৃষ্টি হবে। ভুরুঙ্গামারী থানার সোনাহাট স্থলবন্দর চালু হলে ভারত-নেপাল আর ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি হবে বেশি বেশি, বাণিজ্য বাড়বে। কুলাঘাট সেতুটা হয়ে গেলে দেশের মধ্য থেকেও ছিটকে পড়া এ জনপদে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কিন্তু এ সেতুটা না তৈরি হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। অথচ যেকোনো নির্বাচন এলেই ভোট চাওয়ার অন্যতম ইস্যু হয় এই কুলাঘাট সেতু।সব দলের সব প্রার্থীর নির্বাচনের প্রধান প্রতিশ্রুতি থাকে, নির্বাচনে জিতলে কুলাঘাটে একটা সেতু উঠবেই। কিন্তু কেউ কথা রাখে না। গত সংসদ নির্বাচনেও বর্তমান নির্বাচিত সংসদ সদস্যের প্রধান প্রতিশ্রুতি ছিল কুলাঘাটে সেতু তুলে দেওয়া। দেখতে দেখতে তিনটি বছর পার করল এই সরকার, কিন্তু এখনো সেতুর নাম-নিশানাও দেখল না কেউ। এখানকার বেশির ভাগ মানুষ খেটেখাওয়া দিনমজুর, তাই বলে কি এই জনপদের মানুষকে দেখার মতো কেউ নেই। আর কতকাল অবহেলিত থাকবে ফুলবাড়ীর লাখো মানুষ? একটি সেতুই এ এলাকার ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, ফুলবাড়ীর হাজার হাজার মানুষের কথা চিন্তা করে কুলাঘাট সেতুটি নির্মাণের উদ্যোগ নিন।শাকিল আবদুল্লাহঢাকা।স্বাস্থ্যব্যবস্থা ও বাণিজ্যসম্প্রতি বেশ কয়েকটি স্বনামধন্য মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কথা শোনা যাচ্ছে। কিন্তু এতে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যয়ের সম্মুখীন হবে। কারণ, এসব মেডিকেল কলেজে দূরদূরান্ত থেকে গরিব রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। বিশ্ববিদ্যালয় হলে এভাবে স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ ছাড়া চিকিৎসা ও শিক্ষাব্যবস্থায় অরাজকতা দেখা দেবে। আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষার সততা নিয়ে এখন পর্যন্ত গর্ব করতে পারি। কিছু ভুলত্রুটি হলেও সেগুলো ধরে ফেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। এখন তা সরকারি পরিচালনায় অভিন্নভাবে পরিচালিত হয়। তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তির প্রক্রিয়া অনুসরণ করা হবে বিভিন্নভাবে এবং যোগ্য প্রার্থীদের স্থান পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে।লাভ হবে কেবল গুটিকয়েক চিকিৎসকের, যাঁরা ওই সব কলেজে চাকরিরত আছেন। কারণ, তাঁদের আর বদলি হতে হবে না। তাঁদের চাকরির মেয়াদ বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ে তাঁদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে। সরকারি চাকরিরত চিকিৎসকদের পদায়নের স্থান সংকুচিত হয়ে পড়বে। সবচেয়ে ক্ষতি হবে দরিদ্র জনগণের। দেশে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। সদিচ্ছা থাকলে এটাকেই বিশ্বমানের করে গড়ে তোলা যায় এবং সব মেডিকেল কলেজের শিক্ষাব্যবস্থা এর অন্তর্ভুক্ত করা যায়। ফলে কার্যত ফলাফলসহ অন্যান্য কার্যক্রম গতিশীলতা পাবে। তাই এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে ভেবে দেখার অনুরোধ করছি।অলিভ রেজাআসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা।