চি ঠি প ত্র
রক্ষা করবে কে?১৯৭১ ও তার পূর্ববর্তী বছরগুলোয় পাকিস্তানিরা তাদের এদেশীয় দালাল জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর যে নারকীয় হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট করেছিল, তার সঙ্গে আজ ৪২ বছর পরের দৃশ্যের পার্থক্য কোথায়? পার্থক্য শুধু এখানেই—তখন এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আর এখন বাংলাদেশ। পরিবর্তন হয়নি বাংলাদেশের সংখ্যালঘুদের ভাগ্য আর জামায়াত-শিবিরের চরিত্র। স্বাধীন বাংলাদেশে আজও দিনদুপুরে হিন্দুদের বাড়িঘর, পবিত্র স্থান মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ করা যায়। মানুষ কুপিয়ে, পুড়িয়ে মারা যায়। হিন্দু মালিকানার ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা যায়। একাত্তরে যেমন রাজাকাররা হিন্দু সম্পত্তি ভোগদখল মহাপুণ্যের কাজ মনে করত, আজও সেই ধারা অব্যাহত আছে।বিগত বিএনপি-জামায়াত শাসনামলে হিন্দুরা যে ব্যাপক মাত্রায় সহিংসতার শিকার হয়েছিল, সে সংস্কৃতি এখনো বর্তমান। সাতক্ষীরার কালীগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের রামুসহ আরও অনেক অপ্রকাশিত ঘটনা, আর আজকের নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বাগেরহাটসহ প্রায় ১৪টি জেলায় মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটেছে বর্তমান সরকারের আমলে। সংখ্যালঘুদের অধিকার নিয়ে মুখে খই ফোটানো আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটা এসব তাণ্ডবলীলার সুষ্ঠু বিচার হিন্দুরা পেয়েছে বা পাবে বলে আমার মনে হয় না। হয়তো এসব কারণেই হামলাকারীরা ধরে নিয়েছে, সংখ্যালঘুদের হত্যা করলে, তাদের বাড়িঘর বা মন্দির পুড়িয়ে দিলে বা তাদের সম্পদ লুট করলে তার কোনো বিচার হবে না। অথবা সংখ্যালঘুরা সাহস করে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না।বিগত দিনগুলোয় ঘটা রাজনৈতিক মামলার তদন্ত হয়, বিচার হয়। কিন্তু সংখ্যালঘু নিপীড়নের কোনো মামলার অগ্রগতি হয় না। যদি আগের ঘটনাগুলোয় দায়ী ব্যক্তিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত, তাহলে সাম্প্রতিক হামলা করার আগে তারা দ্বিতীয়বার ভাবত।দেশে সংখ্যালঘুরা যে কতটা অসহায়, তা বোঝা যায় যখন সবকিছু হারিয়ে সর্বস্বান্ত মানুষগুলো তাদের সর্বনাশকারী পরিচিত মুখগুলোর বিরুদ্ধে মামলা করতে বা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতেও ভয় পায়। সংখ্যালঘুরা কী দোষ করেছে, যে কারণে সব সময় আতঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। একাত্তরে তো হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। তাহলে কেন তাদের আজ মেরুদণ্ডহীনের মতো জীবন যাপন করতে হবে।অনেক সংখ্যালঘু পরিবার একাত্তরে নির্যাতনের শিকার হয়েও যুদ্ধাপরাধীদের বিচারে সাক্ষ্য দিতে রাজি হয়নি। এখন ভাবি, তাদের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত। অতীতের সব ক্ষোভ ও শোক বুকে চেপে রেখেছে কোনোমতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখার জন্য। তাহলে তাদের ওপর কেন বারবার এমন আক্রমণ?বিগত জোট সরকারের সময় থেকে দেশে সংখ্যালঘুর সংখ্যা ক্রমাগত কমেছে। হয়তো নির্বাচনের আগে এ গতি আরও ত্বরান্বিত করার জন্যই দেশব্যাপী এ আক্রমণ। নোয়াখালীর জেলা প্রশাসন বেগমগঞ্জে পুড়ে যাওয়া বাড়িপ্রতি ৫০ হাজার ও মন্দিরপ্রতি এক লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ টাকা দিয়ে হয়তো একটি ঝুপরিঘর বা মন্দির প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু সেই সঙ্গে হিন্দুদের যে আবেগ, ধর্মীয় শ্রদ্ধাবোধ, মনোবল পুড়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে?তাই সরকারের প্রতি আবেদন, সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি শুধু সংবিধান টক শো বা রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ না রেখে অন্তত একবার প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করুন। সংখ্যালঘু সম্প্রদায় শুধু মামলা করে নয়, মামলার নিষ্পত্তি দেখতে চায়।নাম প্রকাশ না করার শর্তে একজন ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু।শান্তি বাংলাদেশে...আমার লাল-সবুজের পতাকার শান্তিভূমির বাংলাদেশে এখন কী শুরু হলো? সোনার বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান গলাগলি করে পাশাপাশি সুখে-দুঃখে আমরা একসঙ্গে বাস করছি। এ জন্যই আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে বিশ্বের কাছে পরিচিত। এটা আমাদের বাঙালির গর্ব, বাংলাদেশের গর্ব, বাঙালি মুসলমানের গর্ব। এটা আমাদের জাতীয় ঐতিহ্য। সাম্প্রতিক কালে আমরা কী দেখছি! সংখ্যালঘুদের ধর্মীয় মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে। কেন এই আক্রোশ? বাংলার বার ভূঁইয়ার এক ভূঁইয়া ঈসা খাঁ, তাঁর ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মোগল শত্রুপক্ষের মান সিংহ। আমাদের বাঙালি মুসলমান ছিল এমন। এত বছর পর আমাদের আরও এগিয়ে যাওয়ার কথা। কিন্তু কী কারণে আজ আমার ভাই বিশ্বজিৎ খুন হলেন? আমরা কি তাঁকে ভুলে গেছি! কেন সংখ্যালঘুরা শঙ্কিত থাকবে! এ দেশ সবার। আমরা যদি প্রকৃতই মুসলিম হই, তাহলে আমাদের উচিত, সবার আগে সংখ্যালঘুদের সব দিক থেকে নিরাপদ রাখা। এটা তাদের প্রতি করুণা নয়, এটা তাদের অধিকার। আর যদি মানুষ হয়ে থাকি, তাহলে মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কে কাকে দিয়েছে! আর এ তো জানা কথাই, যে নিজের ধর্মকে সম্মান করবে, তার উচিত অন্যের ধর্মকেও সম্মান করা। তাই আমাদের সময় নষ্ট না করে সবাইকে এখনই এ বিষয়ে সজাগ হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির পতাকা ভূলুণ্ঠিত না করে তার মাথা উঁচু করে ধরতে হবে। তবেই হবে বাঙালি জাতির সার্থকতা। তাসনীম চৌধুরীকাগাবলা, মৌলভীবাজার।