চি ঠি প ত্র
চাকরিতে প্রবেশের বয়স বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশের হাজার হাজার সমস্যার মধ্যে শিক্ষাঙ্গনে সেশনজট অন্যতম। সেশনজটের কবলে পড়ে একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর পাস করতে বয়স ৩০-এর কাছাকাছি চলে যায়। আবার আমাদের দেশের অনেক শিক্ষার্থী অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত কারণে কয়েক বছর বিরতির পর আবার পড়াশোনা শুরু করে স্নাতকোত্তর পাস করেন। তাই অনেকেরই সরকারি চাকরিতে আবেদনের বয়স থাকে না। চাকরিতে প্রতিযোগী বেশি হওয়ার কারণে অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও ছোট চাকরি করেন। তাঁদের মনে আশা থাকে, ভবিষ্যতে ভালো কোনো চাকরি পাবেন। কিন্তু সাধারণ কোটার প্রার্থীদের বয়স ৩০ বছর পর্যন্ত হওয়ায় তাঁরা আর ভালো চাকরিতে আবেদন করতে পারেন না। এতে করে দেশে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, বেকার ও তাঁদের অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা তরুণ প্রজন্মের একটি অতি জরুরি ও প্রয়োজনীয় দাবি। আর তাই প্রধানমন্ত্রী ও বর্তমান মহাজোট সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অবিলম্বে বেকার তরুণ প্রজন্মকে হতাশার হাত থেকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের মেয়াদেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত করা হোক। মো. মহিউদ্দিন উত্তরা মডেল টাউন, ঢাকা।রাস্তা সংস্কারমিরপুর থানার ১১ ও সাড়ে ১১ এলাকায় হাজার হাজার লোকের বসবাস। এ এলাকার কাঁচাবাজার করতে যাওয়ার রাস্তাটি এত খারাপ যে এখান দিয়ে কোনো যানবাহনই সুষ্ঠুভাবে চলাচল করতে পারে না। রাস্তাটি আর চলাচলের উপযোগী নেই। ফলে দূর-দূরান্ত থেকে যাঁরা এখানে বাজার করতে আসেন তাঁদের অসহনীয় ও চরম দুর্ভোগে পড়তে হয়। অবিরাম বর্ষণের ফলে এ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে। এ রাস্তা আশু সংস্কার করা হলে জনগণকেই এর চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হোক এবং জনগণকে ভোগান্তির হাত থেকে রেহাই দেওয়া হোক, যাতে জনগণ এ রাস্তা দিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। লাবণ্যমিরপুর। পরীক্ষার সময়সূচি২০১০ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। কিন্তু আমরা যারা পরীক্ষার্থী, এই সময়সূচির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে তিন-চার দিন অবকাশ রাখা হয়েছে। এই অবকাশের সময় বাড়ানো হলে প্রতিটি পরীক্ষা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া সম্ভব হবে। অপর দিকে রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষা পরিবর্তনেরও আশঙ্কা থেকে যায়। সুতরাং, আমাদের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্রথম দিনের পরীক্ষার মতো প্রতি শনিবার সময়সূচি প্রণয়ন করলে আমাদের ছাত্রদেরও পরীক্ষা দেওয়া সহজ হবে; পক্ষান্তরে রাজনৈতিক অস্থিরতার কবলেও আমাদের পড়তে হবে না।২০১০ সালের মাস্টার্সের (শেষ পর্ব) সব পরীক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।