চি ঠি প ত্র
আবর্জনার পাহাড়পুরান ঢাকার ইংলিশ রোডে বিশাল স্থানজুড়ে রয়েছে আবর্জনার পাহাড়। চিত্রামহল প্রেক্ষাগৃহের সম্মুখ থেকে শুরু করে তাঁতীবাজার রোডের পার্ক পর্যন্ত (নগর নিসর্গ) পাহাড়সমান আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে। এখানে একসময় পার্ক ছিল। অনেক আগে থেকে আশপাশের এলাকার মানুষ গৃহস্থালি, দোকানপাট ও কারখানার ময়লা ফেলে আসছে এখানে। এ ছাড়া ডিসিসিও নাকি উন্নয়নের নামে এখানে প্রথম ময়লা ফেলেছিল।চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, আশপাশের ইট, বালু ও ভবনের ধ্বংসাবশেষ ফেলার কারণে স্তূপটির উচ্চতা প্রায় ৩০ ফুট। রাস্তার এক পাশ থেকে দেখা যায় না অন্য পাশে কী হচ্ছে। ময়লা-আবর্জনায় ঢাকা পড়ে পার্কের অনেক গাছ মরে গেছে। একটু বৃষ্টি হলেই আবর্জনার ময়লায় রাস্তা ভেসে যায়। এই আবর্জনার ভারে পাশের গ্রামীণফোনের যাত্রীছাউনি ভেঙে পড়ার উপক্রম। সন্ধ্যা হলেই পার্কে অপরাধীদের আনাগোনা বেড়ে যায়। বিকিকিনি হয় মাদক। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এই আবর্জনার স্তূপ পরিবেশকে যেমন দূষিত করছে, তেমনি সৌন্দর্যও নষ্ট করছে। আবর্জনার স্তূপ সরাতে ডিসিসিকে বারবার জানানোর পরও কোনো ফল পাওয়া যাচ্ছে না। আশা করি, ডিসিসি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে ইংলিশ রোডের সমস্যার সমাধান করবে।সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।