চি ঠি প ত্র
গান্ধীর চিঠিগত ১১ জুলাই প্রথম আলোতে প্রকাশিত ‘গান্ধীর চিঠি ও জিনিসপত্র কিনে নিল ভারত সরকার’ শিরোনামে খবরটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। অন্য দেশের খবর হলেও আপনার পত্রিকায় স্থান পেয়েছে। আমি সাধুবাদ জানাই। কিছুদিন আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে জাদুঘরের মহাপরিচালকের কাছে জাদুঘরে রাখার জন্য মহাত্মা গান্ধীর স্বহস্তে লিখিত একটি চিঠি হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে আমাদের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পত্রিকার প্রকাশিত খবর অনুযায়ী, ওই চিঠির আর্থিক মূল্য হতে পারত ৪০-৫০ হাজার ডলার। আমাদের মতো মধ্যবিত্ত চাকরিজীবী পরিবারের জন্য এটা একটা লোভনীয় অঙ্ক। এটাকে নিলামে তোলার পরিকল্পনা যে মাথায় আসেনি তাও নয়। যাকে এই চিঠি গান্ধীজি লিখেছিলেন, তিনি গান্ধীজির প্রিয়পাত্র ছিলেন। তিনি আজীবন এই চিঠি অতি যত্নের সঙ্গে রেখেছিলেন। একদিকে গান্ধীর প্রতি তাঁর শ্রদ্ধা, অন্যদিকে আমাদের জাতীয় জাদুঘরের সমৃদ্ধির কথা ভেবে এই চিঠিটি জাদুঘরে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুধু আপনারা কেন, প্রথমসারির কোনো পত্রিকাই এই খবরটি ছাপায়নি। ছাপালে আমাদের প্রচার হতো তা নয়, চিঠির নিরাপত্তা বৃদ্ধি পেত। শুনেছি, অতীতে জাদুঘর থেকে কিছু জিনিস হারিয়ে গেছে। পত্রিকায় প্রকাশিত হলে অন্যরাও উৎসাহিত হতেন, যাঁদের নিজস্ব সংগ্রহে এ-জাতীয় জিনিস রয়েছে। দুররে শাওয়ারউত্তরা, ঢাকা।