চি ঠি প ত্র
অ্যাডহক বনাম বিসিএসচাকরি ক্ষেত্রে মেধা যাচাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে বিসিএস পরীক্ষা। অন্যদিকে অ্যাডহক নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হয়, তা অনেকটা আনুষ্ঠানিকতার মতো। বিসিএস পরীক্ষা-প্রক্রিয়ার মধ্য দিয়ে যাঁরা যান, তাঁরা জানেন কতটা প্রতিযোগিতা করে এখানে টিকতে হয়। গত বছর জরুরি প্রয়োজন মেটাতে তিন হাজার ৫৫১ জন চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এই অ্যাডহক নিয়োগ-প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। এখন সেই অ্যাডহক পরীক্ষাকে যদি বিসিএসের সমমানের করা হয়, তবে তা মেনে নেওয়া যায় না। আমাদের মতো অনেকেই আছেন, যাঁরা অ্যাডহকে নিয়োগ না নিয়ে সাড়ে চার মাস পর অনুষ্ঠিত ২৮তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে যোগ দিয়েছি। অনেকেই আবার অ্যাডহক ছেড়ে এবারের ২৯তম বিসিএসের মাধ্যমে যোগ দিতে যাচ্ছেন। এখন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের যদি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়, তবে তাঁরা চাকরি ক্ষেত্রে আমাদের চেয়ে জ্যেষ্ঠ হিসেবে বিবেচিত হবেন, যা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিসিএস চিকিৎসক।