চি ঠি প ত্র
আগ্রাসনভৌগোলিক সাম্রাজ্যবাদ নয়, বর্তমান যুগ হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের। বিশ্বায়নের কল্যাণে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদও আজ পিছিয়ে নেই।সাংস্কৃতিক এই সাম্রাজ্যবাদ আজ সাংস্কৃতিক আগ্রাসনে রূপ নিয়েছে। বাংলাদেশের জন্য এটি বর্তমানে খুবই উদ্বিগ্নের বিষয়। আমাদের দেশে ভারতীয় চ্যানেলগুলোর বাহুল্যতা, দেশীয় চ্যানেলগুলোকে ছাপিয়ে গেছে। আজ দেশের শিশু থেকে বৃদ্ধের (বিশেষ করে নারীসমাজ) বিশাল একটা অংশ ভারতীয় টিভি সিরিয়ালগুলোর অন্ধ ভক্ত। দেশের একটা শ্রেণীতে আজ কথায় কথায় হিন্দি ভাষার চর্চা হয়। একদিকে দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে বাজার দখল করে নিয়েছে বিদেশি গান ও সিনেমার সিডি-ডিভিডি। আজ শহর থেকে গ্রাম—সব জায়গায় দেখা যায় বিশেষ করে চায়ের দোকান, খাবার হোটেল, যাত্রীবাহী বাস, লঞ্চ ইত্যাদিতে ভারতীয় গান ও সিনেমার প্রদর্শনী, যার বিভিন্ন নেতিবাচক প্রভাব দেশের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে পড়তে বাধ্য।এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এর দায় কার? দেশীয় সংস্কৃতিকে বাঁচাতে হলে আর কালক্ষেপণ করা ঠিক হবে না। আমি মনে করি, দু-একটি গুরুত্বপূর্ণ চ্যানেল ছাড়া বাকি সব বিদেশি চ্যানেলের সম্প্রচারের ব্যাপারে উপযুক্ত নীতিমালা প্রণয়ন করা উচিত। তবে এ ক্ষেত্রে আমাদের দেশীয় চ্যানেলগুলোর বাইরের দেশে সম্প্রচার সমতার ভিত্তিতে, যেকোনো বিদেশি চ্যানেলকে ছাড় দেওয়া যেতে পারে।কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথোপযুক্ত বিশ্লেষণ করে দেশীয় সংস্কৃতিকে বাঁচানোর লক্ষ্যে ত্বরিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।রিমন হাসানফুলপুর, ময়মনসিংহ।হায় দর্শক!সাকিব, মুশফিকদের জয়ে আমরা আনন্দে ভাসি। পরাজয়ে দুঃখ পাই, চোখ ভিজাই কেঁদে। আজ ক্রিকেটের উন্নতির পেছনে অন্যতম প্রধান কারণ সমর্থকদের উৎসাহ আর ভালোবাসা। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এ দেশের দর্শক। আমরা দর্শকেরা একটি সিরিজ শেষ হয়ে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করি, কবে আবার কার সঙ্গে বাংলাদেশের খেলা হবে। আমি তো সকালে পত্রিকার সব পৃষ্ঠা ডিঙিয়ে আগে খেলার পাতায় চোখ রাখি। দেখে নিই আমাদের সোনার ছেলেগুলো কোথায় কেমন আছে। কিন্তু দীর্ঘ বিরতি আর অপেক্ষার পর দিনের সব কাজকর্ম তাড়াহুড়োয় শেষ করে দোয়াদরুদ পড়ে, বুকভরা আশা নিয়ে যখন টিভির সামনে বসে জানতে পারি, বাংলাদেশের খেলা টিভিতে দেখাবে না, তখন কেমন লাগে? ১৮ জুলাই আয়ারল্যান্ড বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ দেখার আশায় টিভির দিকে তাকিয়েছিল এ দেশের কোটি কোটি ক্রিকেট-ভক্ত। অথচ খেলা সম্প্রচারের ব্যবস্থাই করেনি কোনো স্পোর্টস চ্যানেল! এই খবর আগে জানলেও অন্তত এত হতাশ হতো না দর্শকেরা। ভবিষ্যতে বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ টেলিভিশনে না দেখালে তা আগেভাগে জানানোর জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ রইল।রবিউল করিমমোহাম্মদপুর, ঢাকা।যানবাহন ছাত্রভাড়াপ্রতিনিয়ত সবাইকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে। বিভিন্ন মাধ্যম থাকলেও বর্তমানে যাতায়াতের প্রধান মাধ্যম হলো বাস, যার মাধ্যমে জনগণ দেশের প্রায় সর্বত্রই যাতায়াত করে থাকে। কিন্তু সমস্যা হলো, জনগণের তুলনায় যানবাহনের সংকট, যে কারণে সবাইকে অতি কষ্টে যাতায়াত করতে হচ্ছে। এদিকে পাবলিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলো দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাই সাধারণ জনগণের মতো ছাত্রছাত্রীদেরও প্রতিনিয়তই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাতায়াত করতে হচ্ছে দূরদূরান্তে। বিশেষ করে, বাড়িতে যেতে-আসতে বাসে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে ছাত্রদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। অন্যান্য উন্নত দেশের তুলনায় এটি ব্যতিক্রম। এ দেশে ছাত্রজীবনটা প্রায় পুরোপুরি পিতামাতার ওপর নির্ভর। আবার আজকের এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই ধরবে দেশের হাল। তাই ছাত্রছাত্রীদের যানবাহনে চলাচলে অগ্রাধিকার ও ভাড়া যদি অর্ধেক করা হয় সাধারণ যাত্রীদের তুলনায় তবে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। যদিও বর্তমানে দেশের কোনো কোনো অঞ্চলে এ ব্যবস্থা চালু আছে, কিন্তু দেশব্যাপী এ ব্যবস্থা প্রয়োজন।তাই ছাত্রছাত্রীদের ভাড়া যাতে অর্ধেক হয় এবং তারা যাতে মানসম্মতভাবে যাতায়াত করতে পারে, সে ব্যাপারে জরুরি ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।প্রতিমা রানী সরকারবাংলাদেশ কৃষি বিশ্ব., ময়মনসিংহ।