চি ঠি প ত্র
পাখিদের অভয়াশ্রমপ্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। আবার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মানুষের আপ্রাণ চেষ্টার কৌশল দেখে অবাক হতে হয়। এমনি এক অভিনব কৌশল দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমাদের ক্যাম্পাসের পশ্চিম পাড়ায় অবস্থিত পাশাপাশি দুটি হল খালেদা জিয়া ও তাপসী রাবেয়া হলের পেছনে একটি বড় পুকুর/ডোবা রয়েছে। অনেক পাখি, বিশেষ করে পানকৌড়ি, বক ও অন্যান্য মৎস্যভোজী পাখি এই পুকুর ঘিরে বসবাস করছে। আর এই পাখিগুলোর অভয়ারণ্য হলো, ওই একই হল দুটির মাঝে অবস্থিত বড় বড় কয়েকটি গাছসহ একটি ছোট জঙ্গল, যা এসব পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। কিন্তু যাকে ঘিরে এসব পাখির আনাগোনা, সেই পুকুরটি কেউ একজন ইজারা নিয়ে মাছ চাষ করছে এবং এই মাছ যাতে পাখিরা না খেতে পারে, সে জন্য লম্বা লম্বা রশ্মি পুকুরটির এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত খুঁটিতে বেঁধে তাতে লাল-নীল রঙিন কাগজ এঁটে দিয়েছে পানির ঠিক হাত দুই ওপরে। যার কারণে নিরীহ এই পাখিগুলো ভয়ে পানিতে নামতে পারছে না। দেখা যায়, পাখিগুলো ওড়াউড়ি করছে কিন্তু পুকুরে নামছে না। এই অবস্থার আশু সমাধানকল্পে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ছোট্ট জঙ্গলটিসহ পুকুরটি নিরীহ এই পাখিগুলোর অভয়াশ্রমে পরিণত করুন, যাতে পাখিরা নির্বিঘ্নে ওড়াউড়ি করবে, বকেরা থাকবে এক পায়ে দাঁড়িয়ে, পানকৌড়িরা সাঁতার কাটবে, টুপ করে ডুব দিয়ে হারিয়ে যাবে। সত্যি, কতই না সুন্দর লাগবে দেখতে। এখনো যখন দেখি গাছগুলোর ডালে ডালে অসংখ্য পাখি চুপটি মেরে বসে আছে, তখন খুব কষ্ট লাগে। মো. আশরাফুল ইসলামরাজশাহী বিশ্ববিদ্যালয়।ভোক্তা অধিকারবাণিজ্যমন্ত্রী বললেন, ২০০৯ সালে প্রণীত ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনটি ভালো। তবে এখনো কার্যকর হতে পারেনি। মানুষ, এমনকি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ আইন সম্পর্কে জানেন না। বাণিজ্যসচিব ব্যবসায়ীদের কাছে হাতজোড় করে ভোজ্যতেলের দাম কমাতে বলছেন। এফবিসিসিআইয়ের সভাপতি বলছেন, ‘মুনাফার কারণে আমরা অমানুষ হয়ে গেছি। মানুষকে ফরমালিন দেওয়া মাছ-ফল খাওয়াচ্ছি।’ আবার তিনি দাবিও করছেন, ৯৫ শতাংশ ব্যবসায়ীই সৎভাবে ব্যবসা করেন।এ সবই পত্রিকায় এক দিনে প্রকাশিত খবর। ভোক্তা-অধিকার আইন ভোক্তাদের অজানা, অথচ ‘ভালো’ বলে দাবি করা একটি আইন। প্রায় প্রতি সপ্তাহে পত্রিকায় কোনো না কোনো সরকারি দপ্তরের পৃষ্ঠাজুড়ে ‘ক্রোড়পত্র’ প্রকাশিত হয়, যাতে ‘বাণী’ ছাড়া পড়ার মতো কিছু থাকে না। বাণিজ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ভোক্তা-অধিকার আইনের চুম্বক অংশ পত্রিকায় ছাপুন, পোস্ট করুন, রেডিও-টিভিতে বিজ্ঞাপন দিন। সর্বোপরি আইনটির প্রয়োগ ঘটান।আমরাও আইনটি ভালো বলতে চাই। ভালো আইন শুধু প্রণয়নে নয়, প্রয়োগে প্রমাণিত হয়।মাহবুব ইলাহীআজিমপুর, ঢাকা।ভিসা ফি বৃদ্ধিবাংলাদেশের জনগণ ভারতসহ যেকোনো দেশে ভ্রমণ করতে গেলে এখন যে হারে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ভিসা ফি বৃদ্ধি করছে, তা এই গরিব দেশের জনগণের জন্য কষ্টসাধ্য। এমনকি প্রতিবেশী দেশ ভারতে আবেদনের জন্য ই-টোকেনসহ ভিসা ও অন্যান্য কাগজপত্র জমা দিতে একজনকে প্রায় হাজার টাকা ব্যয় করতে হয়। তারপর ভারতীয় ভিসা জমা ও গ্রহণ করতে যে বিড়ম্বনা, তা সত্যিই দুঃখজনক ও অমানবিক।উল্লেখ্য, বাংলাদেশিদের জন্য এখন কোনো দেশের ভিসা পাওয়া সহজ নয়, আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের ভিসা ফির হার এত বেশি যে তারা ওই টাকায় এ দেশে তাদের অফিসের ব্যয়ভার বহন করে থাকে। এ ক্ষেত্রে জাপান এখনো কোনো ভিসা ফি চালু করেনি। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস বা হাইকমিশনগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে যে অস্বাভাবিক হারে ভিসা ফি বৃদ্ধি করেছে, তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে নেই। তাদের অবহেলা ও উদাসীনতার জন্য আজ বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি হিসেবে আমাদের এ বিড়ম্বনা কে দেখবে?এমতাবস্থায় ভারতসহ বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনগুলোতে গরিব দেশের নাগরিক বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা ফির হার কমানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীগেন্ডারিয়া, ঢাকা।বাড়িভাড়া নিয়ন্ত্রণগ্রামগঞ্জ থেকে মানুষ কর্মের সন্ধানে শহরে আসে। জীবিকার তাগিদে শহরে বাস করতে হয় বাধ্য হয়ে। বেতনের তিন ভাগের দুই ভাগ বাড়িভাড়া পরিশোধে করতে ব্যয় হয়। বাকি টাকা দিয়ে অন্যান্য ব্যয় নির্বাহ করা খুবই কষ্টকর। অথচ, বাড়িভাড়া নিয়ন্ত্রণে কারও কোনো মাথাব্যথা নেই। কিন্তু সব রাজনীতিবিদ বড় বড় কথা বলেন। ঢাকাতে এমনিতেও জীবনযাত্রার ব্যয় বেশি। আর এই সুযোগ নেন স্বার্থলোভী বাড়ি, দোকান ইত্যাদি স্থাপনার মালিকেরা। মালিকেরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা বলে বাড়িভাড়া বৃদ্ধি করে থাকেন। আসলে বাড়ি, ঘর ইত্যাদি স্থাপনার ভাড়া বৃদ্ধির ফলেই জিনিসপত্রের দামসহ দুর্নীতি বাড়ে। রিকশা ভাড়া, খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ে। তাই এখনই বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা দরকার। বাড়ির মালিকেরা বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অমান্য করলে ওই স্থাপনার গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে মর্মে আইন প্রণয়ন করতে হবে এবং তা কঠোর হাতে বাস্তবায়ন করতে হবে।মো. বেলায়েত হোসেন, ঢাকা।