চি ঠি প ত্র
একজন শর্মিলা বসুগত ২৫ মার্চ শ্রদ্ধেয় কলাম লেখক হাসান ফেরদৌসের ‘আর্চার ব্লাড: একটি শ্রদ্ধাঞ্জলি’ পড়তে গিয়ে প্রথম লাইনেই থমকে যাই। যখন কেউ ১৯৭১ সালের গণহত্যাকে অস্বীকার করে, যখন কেউ শর্মিলা বসুর মতো ‘গবেষণালব্ধ’ প্রচেষ্টার পর ‘ঐতিহাসিক তথ্য’ হিসেবে দাবি করে বসেন যে ১৯৭১ সালে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, তখন আইনের ছাত্র হিসেবে নিজের ‘নীরব পাঠকের’ ভূমিকায় অবস্থান করাটা বিবেকের দংশনেরই নামান্তর। তাই প্রতিবাদ জানাতেই আমি আজ লিখতে বসেছি।১৯৪৮ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় ‘জেনোসাইড কনভেনশন’ শীর্ষক ঐতিহাসিক সিদ্ধান্ত। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে পূর্বতন যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্দেশ্যে গঠিত ‘হেগ ট্রাইব্যুনাল’—এই দীর্ঘ সময়ের মধ্যে সংঘটিত গণহত্যার মতো জঘন্য মহাপাপ মোকাবিলায় যে দুটি আলোকপ্রদীপ আমরা দেখতে পাই, তার একটি ষাটের দশকে ভিয়েতনামে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে প্রখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল কর্তৃক গঠিত ‘ভিয়েতনামে যুদ্ধাপরাধ বিচারের গণ-আদালত’ ও অপরটি হলো ১৯৭৩ সালের ১৯ জুলাই বাংলাদেশে গৃহীত ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট’ (১৯৭৩ সালের ১৯ নম্বর আইন)। জেনোসাইড কনভেনশনের (১৯৪৮) অনুচ্ছেদ এক (১) থেকে ছয় (৬) বিবেচনায়, গণহত্যার বিচার বর্তায় জাতীয় সরকার এবং সেই সঙ্গে জাতিসংঘের ওপর। এই পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালের ১৯ নম্বর আইনটি ‘জেনোসাইড কনভেনশন’ (১৯৪৮) এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (১৯৯৮) মধ্যকার সেতুবন্ধ হিসেবে ভূমিকা রেখেছে।গবেষক (!) শর্মিলা বসুর প্রতি জিজ্ঞাসা রইল, তাঁর বিস্তর ঘাঁটাঘাঁটি ও তথ্য উদ্ধার অভিযানে আন্তর্জাতিক তাৎপর্যপূর্ণ আইনটি (১৯৭৩ সালের ১৯ নম্বর আইন) কি একবারও নজরে পড়েনি? আর যদি নজরে পড়েই থাকে, তাহলে আইনটির মূল উদ্দেশ্য (মুক্তিযুদ্ধে সংঘটিত অপরাধ, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও পরিকল্পিত গণহত্যার বিচার) যে অপরাধসমূহের বিচার করা, সেই অপরাধসমূহ কি এতটাই নির্মমতাশূন্য ছিল যে গণহত্যার আওতায় তা আনা যাবে না?১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে বড় বড় লাইব্রেরিতে বসে পড়াশোনা কিংবা বিস্তর কাগজপত্র ঘাঁটার দরকার নেই। বাংলাদেশের প্রতিটি অঞ্চল একাত্তরের ভয়াবহ অপকর্মসমূহের সাক্ষ্য বুকে ধারণ করে নিভৃতে কেঁদে যাচ্ছে। মোহাম্মদ রুবাইয়াৎ রহমানচতুর্থ বর্ষ, আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।