চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘিওর সেতুটি বাঁচানআমার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়বিলা গ্রামে। বৃদ্ধ মা-বাবাকে দেখতে গত ২৯ জুলাই বাড়ি যাওয়ার পথে ঘিওরে ধলেশ্বরীর শাখা নদীর ওপর স্থাপিত সেতু অতিক্রম করার সময় কর্তৃপক্ষ বাধা দেয়। সেতুটি ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ধসে পড়তে পারে—এই আশঙ্কায় যান চলাচল বন্ধ। শুধু কিছু রিকশা, অটোরিকশা, ভ্যান চলছে। মানুষজন তাদের বাক্সপেটরা নিয়ে পায়ে হেঁটে সেতু পার হচ্ছে। অগত্যা আমিও তা-ই করলাম। এ-সম্পর্কিত খবর ছবিসহ প্রথম আলোয় গত ২৩ জুলাই ছাপা হয়েছে।পানির তীব্র স্রোতে সেতুর উত্তর দিকের দুটি পিলারের কাছে ভাঙনের ফলে মাটি সরে যাওয়ায় যেকোনো সময় ধসে পড়তে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি। অথচ এ সেতুই ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও পাবনা জেলার সংযোগ স্থাপন করছে। এক সপ্তাহ আগে পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও সেতুটি রক্ষা করার জন্য কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সেতু অতিক্রম করা সময় কথা হলো স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সঙ্গে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পিলারের নিচে কংক্রিকেটর ব্লক ফেলে এবং ভাঙনকবলিত এলাকায় নদীশাসন করলে এ যাত্রায় হয়তো সেতুটি রক্ষা করা সম্ভব। আমি মনে করি, জরুরি উদ্যোগ না নিলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের অবর্ণনীয় কষ্ট হবে। আমরা আশা করব, যোগাযোগমন্ত্রী, স্থানীয় সাংসদ এবং এলজিইডি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেতুটি বাঁচাতে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এখনো সময় আছে।মো. আবু আলীবড়বিলা, ঘিওর, মানিকগঞ্জ।প্রতিবাদগত ২৯ জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘নরসিংদীতে দুই পীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৩০’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে নরসিংদীর রায়পুরায় ধর্মীয় মতবিরোধকে কেন্দ্র করে কাশিমপুরী ও চরমোনাই পীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে কাশিমপুরী পীরের সমর্থকদের সঙ্গে চরমোনাই পীরের সমর্থকদের কোনো সংঘর্ষ হয়নি। যেসব ব্যক্তিকে চরমোনাই পীরের সমর্থক বলে চিহ্নিত করা হয়েছে, তারা কোনোক্রমেই চরমোনাইর পীর সাহেবের সমর্থক নয়। তাদের সঙ্গে চরমোনাই পীর সাহেবের কোনো সম্পর্ক নেই। চরমোনাই পীরের সমর্থকেরা কোনোভাবেই দাঙ্গা-হাঙ্গামায় বিশ্বাস করে না। চরমোনাই পীর সাহেবের দরবার একটি ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এখান থেকে ধর্মীয় জ্ঞানদানের মাধ্যমে মানুষকে ধর্মের আহ্বান করা হয় মাত্র। কাচারিকান্দী গ্রামে সংঘটিত দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে চরমোনাই পীরের সমর্থকদের কোনো সম্পর্ক নেই। এই সংবাদ প্রকাশের কারণে চরমোনাই পীর সাহেবের দরবার শরিফের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।মো. মেহের উদ্দিনসভাপতি, ইসলামী আন্দোলন, নরসিংদী জেলা শাখা, নরসিংদী।