চি ঠি প ত্র
কমিউনিটি ক্লিনিকস্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাক—এটা প্রত্যেক সচেতন নাগরিকের কামনা। আওয়ামী লীগ যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসে, তখন দেশের মানুষ যেন বাড়ির কাছে ন্যূনতম স্বাস্থ্যসেবাটুকু পায়, এই উদ্দেশ্যে ‘কমিউনিটি ক্লিনিক’ নামে একটি উদ্যোগ নেয়। জনসংখ্যার ঘনত্ব ও লোকালয় থেকে উপজেলা সদর হাসপাতালের দূরত্ব অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একাধিক কমিউনিটি ক্লিনিক চালু হয়। মানুষ স্বল্প সময়ে কম খরচে বাড়ির কাছে স্বাস্থ্যসেবা পেতে শুরু করে। কিন্তু বিএনপি জোট সরকার এসে এই মহতী সেবার ‘কমিউনিটি ক্লিনিক’ বন্ধ করে দেয়। আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবারও ‘কমিউনিটি ক্লিনিক’ চালু করে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি বরাদ্দ করে। কিন্তু দক্ষ চিকিৎসকের অভাবে এসব ওষুধ ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার হচ্ছে না। এ কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবাটুকু পাচ্ছে না। কমিউনিটি ক্লিনিকগুলোতে একজন করে দক্ষ চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।মো. রেজওয়ানুল হকবামুনিয়া, ঠাকুরগাঁও।জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর এখান থেকে অনেক ছাত্রছাত্রী অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করছেন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তাদের অধীনে বিবিএ (চার বছরে আট সেমিস্টার) কোর্সটি শুরু করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, প্রতিষ্ঠানটি ঠিক সময়মতো পরীক্ষা নিচ্ছে না বা পরীক্ষা নিলেও ফল প্রকাশ করছে না। আমরা ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখন বিবিএর অষ্টম সেমিস্টারে পড়ছি। আমাদের গত তিনটি সেমিস্টারের (পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম) পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি। আমাদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা হয়েছিল ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে। পরীক্ষা হওয়ার ১৭ মাস হয়ে গেলেও আমরা ফল পাইনি। এরপর আবার ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের ফল আছে। সময়মতো পরীক্ষা নিলে আগামী ডিসেম্বর মাসে আমাদের অষ্টম সেমিস্টারের পরীক্ষা হবে। কিন্তু সময়মতো ফলাফল প্রকাশ না করলে আগামী দুই বছরেও আমরা সব পরীক্ষার ফল পাব না। আর ফল না পেলে এমবিএতে ভর্তি বা বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারব না।জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঠিকমতো পরীক্ষা নেওয়ার এবং ফলাফল প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।রন্তু চন্দ্র বর্মণকেবিএম কলেজদিনাজপুর।আমড়ার পুষ্টিগুণএখন আমড়ার মৌসুম। এ দেশে দুই ধরনের আমড়া পাওয়া যায়। দুই রকমের আমড়াতেই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’। এর ভিটামিন দাঁতের মাড়ি শক্ত করে, দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ, রক্তরস বের হওয়া প্রতিরোধ করে। আমড়ার ভেতরের অংশের চেয়ে বাইরের খোসায় রয়েছে বেশি ভিটামিন ‘সি’ আর ফাইবার বা আঁশ, যা দেহের রোগ প্রতিরোধক্ষমতাকে দ্বিগুণ শক্তিশালী করে। আর আঁশজাতীয় খাবার পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্রের জন্য ভীষণ উপকারী। তাই আমড়াগাছ লাগান।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।