চি ঠি প ত্র
জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা ২০০৬-০৭ শিক্ষাবর্ষের অভিশপ্ত শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম। দুঃখের বিষয়, ছয় বছর পার হয়ে গেলেও আমরা আমাদের চার বছরের কোর্স শেষ করতে পারিনি। আশার কথা, আমাদের পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে। আশা করি, তাড়াতাড়ি পরীক্ষার সময়সূচি পাব। ভয়ের কথা, ঈদের পর বিরোধী দলের বড় রাজনৈতিক কর্মসূচির হুংকার রয়েছে। হরতাল হলো তার প্রধান হাতিয়ার। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের পরীক্ষার সময়সূচিগুলো শুক্র ও শনিবার করে, তবে হরতাল নামক বিপদ আমাদের শিক্ষাজীবনের মূল্যবান সময় গ্রাস করতে পারবে না। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।কুদরাতছাত্র, জাতীয় বিশ্ববিদ্যালয়।মূল্যায়নসহকারী থানা শিক্ষা অফিসার পদে বিভাগীয় প্রার্থীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত। কিন্তু এটি শুধু মৌখিক পরীক্ষার সময় বিবেচনা করা হয়। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সকাল নয়টা ১৫ মিনিট থেকে বিকেল চারটা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করতে হয়। অন্য আনুষঙ্গিক কাজের পর পড়ার জন্য অবশিষ্ট সময় আর কতটুকু পাওয়া যায়। অথচ ১০০ নম্বরের বাছাই ও ২০০ নম্বরের লিখিত পরীক্ষার উত্তরপত্রগুলো সাধারণ প্রার্থীদের থেকে আলাদা দেখা হয় না। তাই সাধারণ প্রার্থীদের চেয়ে বিভাগীয় প্রার্থীদের উত্তরপত্রগুলো আলাদাভাবে দেখে প্রার্থী বাছাই করার জন্য কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো।নাছরিন সুলতানাপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকঘাটাইল, টাঙ্গাইল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি৬ আগস্ট সোমবার প্রথম আলোর প্রথম পাতায় মেডিকেল কলেজে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তির আবেদন প্রস্তাবিত হয়েছে এবং এ বিষয় নিয়ে ১২ আগস্ট মন্ত্রণালয়ে আলোচনা হওয়ার কথা। মেডিকেল কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এ বছর যদি নতুনভাবে পরীক্ষা নেওয়া হয়, তবে ছাত্রছাত্রীদের জন্য খুব কষ্টকর হবে। আর যাঁদের জিপিএ কম আছে; তাঁরাও এখন আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন না। যদি কোনো পরিবর্তনের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সদস্যরা নিয়ে থাকেন, তবে তা এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার পর আগামী বছরগুলোর জন্য ঘোষণা দিলে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। তাঁরাও বুয়েটে ভর্তি-ইচ্ছুকদের মতো বায়োলজি এবং অন্য যে বিষয়ে বেশি পয়েন্ট প্রয়োজন, তার প্রতি গুরুত্ব দিয়ে এইচএসসি বা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এ প্রস্তাব নিঃসন্দেহে চমৎকার। কিন্তু ছাত্রছাত্রীদের কিছু সময় যদি দেওয়া হয়, তবেই বাংলাদেশ পাবে স্বাস্থ্য উন্নয়নে নিবেদিত একঝাঁক সুদক্ষ চিকিৎসক।তাজিন২০১২ সালের সব মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীর পক্ষে।জাল টাকার বিস্তারঈদ সামনে রেখে টাকা জালকারী চক্রের তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে প্রতিদিনই মার্কেটগুলো থেকে শুরু করে মুদি দোকান, মাছের বাজার, ফলের দোকান, ফুটপাতের দোকানপাট এমনকি ব্যাংকগুলোতে পর্যন্ত জাল টাকা ধরা পড়ছে। জাল টাকার ব্যাপক বিস্তারের ফলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সামান্য অর্থের মধ্যেও জাল টাকা পাওয়ার পর তাদের সীমাহীন দুর্ভোগের কথা সহজেই অনুমেয়। জাল টাকা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। টাকা জালকারী চক্রগুলো দরিদ্র শ্রেণীর মানুষকে লোভে ফেলে তারা তাদের সদস্যসংখ্যা বৃদ্ধি করে এই অপরাধমূলক কর্মকাণ্ড নিরাপদে চালিয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই জাল টাকা নিয়ে চুনোপুঁটি ব্যক্তিরাই ধরা পড়ছে। কিন্তু রাঘববোয়ালেরা ধরাছোঁয়ার বাইরে থেকে অবৈধ কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে। কাজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টাকা জালকারী চক্রের মূল ব্যক্তিদের হাতেনাতে ধরার ক্ষেত্রে বিশেষ কৌশল নিতে হবে। এ ছাড়া টাকা জালকারী দোষী ব্যক্তিদের দ্রুত বিচার আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি, ঢাকা।