চি ঠি প ত্র
মেডিকেল কলেজে ভর্তিপ্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা নির্ধারণে ভর্তি পরীক্ষা বন্ধ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তি কোচিং-বাণিজ্য বন্ধ করা, ৫০ থেকে ৬০ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা গ্রহণের ঝামেলা এড়ানো এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া।খেয়াল রাখতে হবে, উচ্চশিক্ষার যেকোনো শাখায় ভর্তির ক্ষেত্রে মৌলিক পরিবর্তন বা নীতিমালা প্রণয়নে দীর্ঘ আলাপ-আলোচনা ও সংশ্লিষ্ট সব মহলের মতামত যাচাই শেষে কমপক্ষে ছয় মাস আগেই নীতিমালা ঘোষণা করা উচিত। হুট করে মৌলিক কোনো পরিবর্তন করা হলে তা সুবিবেচনাপ্রসূত হতে পারে না।কোচিং-বাণিজ্য বন্ধের জন্য একটি ভালো পদ্ধতি বাতিল করতে হবে, এটি যুক্তি হতে পারে না। ভর্তি পরীক্ষা বন্ধ হলে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নম্বর বাড়ানোর জন্য কোচিং-বাণিজ্য আরও জোরালো হবে। প্রকৃতপক্ষে অসংখ্য সমস্যায় জর্জরিত আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা না গেলে কোচিং-বাণিজ্য কখনো বন্ধ করা যাবে না। ভর্তি পরীক্ষা বন্ধ করে শুধু নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হলে বোর্ডগুলোর মধ্যে পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য আঞ্চলিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে, যা এখনো পরীক্ষায় পাসের হারের ক্ষেত্রে কিছুটা পরিলক্ষিত হয়। তা না হলে কীভাবে একটি পশ্চাৎপদ এলাকার পাসের হার অপেক্ষাকৃত উন্নত অঞ্চলে থেকে বেশি হয়? তা ছাড়া পুরো দেশে এ পরীক্ষাগুলো একই প্রশ্নে অনুষ্ঠিত হয় না বিধায় প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে সমতা বিধান করা যাবে না। অনেক ক্ষেত্রে পরীক্ষকভেদেও নম্বরের ব্যাপক পার্থক্য হয়ে যায়। তদুপরি এসএসসি বা এইচএসসি পরীক্ষায় অপেক্ষাকৃত কম নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য দ্বিতীয় বার পরীক্ষায় অংশগ্রহণের প্রবণতা বাড়বে। বর্তমানে প্রযুক্তিগত উন্নতির কারণে ৫০-৬০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ কোনো সমস্যা নয়। দেশে এর চেয়ে বেশি পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ সুষ্ঠুভাবে সম্পাদন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এটি যদি বড় সমস্যা হয় তাহলে আমাদের শিক্ষার হার কমিয়ে দিতে হবে।মেডিকেলে ভর্তির যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবেচনার জন্য কিছু প্রস্তাব উপস্থাপন করছি ১. বর্তমানে জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। এ বছর ৬২ হাজারের অধিক পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৯ ভর্তির আবেদনের যোগ্যতা নির্ধারণ মোটেই যৌক্তিক হতে পারে না। এ ক্ষেত্রে মোট জিপিএ-৯.৫০ বা ১০-এর কাছাকাছি করা যেতে পারে।২. পরীক্ষার্থীদের একটি বিশাল অংশ এক বছর ভর্তি হতে না পেরে সারা বছর কোচিং করে পরের বছরের জন্য প্রস্তুত হয়। মেধা ও অর্থের দিক থেকে এটি যেমন জাতীয় অপচয়, অন্যদিকে ন্যায়বিচার পরিপন্থী একটি অসম প্রতিযোগিতা। এতে কখনো প্রকৃত মেধার যাচাই হতে পারে না। তা ছাড়া এর ফলে কোচিং প্রতিষ্ঠানগুলো বছরব্যাপী বাণিজ্যের সুযোগ পাচ্ছে। এতে করে মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের সঙ্গে ধনীদের বৈষম্য সৃষ্টি হচ্ছে। এ প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে দ্বিতীয়বার অংশগ্রহণ সম্পূর্ণরূপে বন্ধ অথবা নিরুৎসাহিত করার জন্য কমপক্ষে ১০ পয়েন্ট বিয়োগ করতে হবে।৩. বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনের যোগ্যতা নির্ধারণে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে জিপিএ-৫ বাধ্যতামূলক। মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও জীববিজ্ঞানে জিপিএ-৫ বাধ্যতামূলক করা যেতে পারে।বিষয়গুলো বিবেচনা করে মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা।জাহিদ মাহমুদসহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞানচট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।গ্যাস-সংযোগদেশে প্রাকৃতিক গ্যাসস্বল্পতার জন্য ২০০৯ থেকে শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সাল থেকে আবাসিক খাতে নতুন গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ আছে। গ্যাসের সংযোগ বন্ধ থাকা সত্ত্বেও কারচুপির মাধ্যমে অবৈধভাবে অনেক গ্রাহককে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাই এই অসাধু কাজের জন্য দায়ী।এ কথা সত্য যে, কোনো পণ্য বা সেবার দুষপ্রাপ্যতা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধ অর্থ সংগ্রহের সুযোগ পায়। সেই সুযোগে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের কিছু দুর্নীতিপরায়ণ কর্মচারী-কর্মকর্তা গ্রাহকদের অবৈধ সংযোগ দিয়ে থাকেন, যা অন্যায়, দুঃখজনক ও অনভিপ্রেত। অতএব অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।