চি ঠি প ত্র
গ্যাসের অপচয় ১৪ আগস্ট দৈনিক প্রথম আলোয় ‘গ্যাসের অপচয় বন্ধ হলে ঘাটতি থাকবে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘দেশে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের অপচয় এত ব্যাপক যে তা রোধ করা গেলে বর্তমানে ৫০ কোটি ঘনফুট ঘাটতির পুরোটাই পূরণ করা সম্ভব।’ প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় সেকেলে যন্ত্রপাতির ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানে কয়লার এই ভয়াবহ অপচয়ের প্রধান কারণ।’গ্যাস আমাদের জাতীয় সম্পদ। এটা রক্ষা করা তথা এর অপচয় রোধ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই জ্বালানি অপচয় রোধ করতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে কঠোর মনোভাব পোষণ করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। দেখা যায়, একটি দেশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়; যা সত্যি দুঃখজনক। প্রত্যেক ব্যক্তি যদি গ্যাসের ব্যবহার যথাযথ করে, তবে গ্যাসের ঘাটতি কমবে। সঞ্জয় কুমার ভৌমিক শ্রীমঙ্গল। মেডিকেলে ভর্তিমেডিকেল ভর্তিবিষয়ক সিদ্ধান্তে আজ আমরা অনেকেই হতাশ। বিশেষ করে জিপিএর ভিত্তিতে মেডিকেলে ভর্তি অনেকাংশেই মেধার সঠিক মূল্যায়ন হবে না বলে আমরা মনে করি। এরই মধ্যে বিভিন্ন শিক্ষার্থীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা মেধাবী হওয়ার পরও দুর্ঘটনাবশত ‘গোল্ডেন এ+’ পায়নি; তাদের মধ্যে তীব্র হতাশা কাজ করছে। বিষয়টা এ রকম, যেন তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এসএসসি পরীক্ষা চলাকালে আমার বাবা মারা যান। বাবার মৃত্যুতে আমি ভীষণ মানসিকভাবে ভেঙে পড়ি কিন্তু তার পরও আমি আমার পরবর্তী পরীক্ষাগুলো চালিয়ে যাই; শুধু আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার ফলাফল জিপিএ-৫ এলেও গোল্ডেন এ+ আসেনি। বাবার বড় ইচ্ছা ছিল, আমি বড় হয়ে ডাক্তার হব। আমি তখন থেকে মনে মনে প্রতিনিয়ত স্বপ্ন দেখেছি এবং সে মোতাবেক লেখাপড়া চালিয়ে গেছি। কিন্তু এ কথাও সত্যি যে মানুষের সব স্বপ্ন কখনো পূরণ হয় না। তবে আমাদের মতো শিক্ষার্থীদের পরবর্তীকালে ভালো করার সুযোগ হতে বঞ্চিত করা হচ্ছে। যা নিশ্চয়ই আমাদের কাম্য নয়। বর্তমান কোচিং-বাণিজ্য বন্ধ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এ ক্ষেত্রে কোচিং-বাণিজ্য বন্ধ করার জন্য বিকল্প ব্যবস্থা নিলে ভালো হয়। তাদের সঙ্গে আমাদের ভবিষ্যৎকে কেন ধূলিসাৎ করার চেষ্টা চালানো হচ্ছে? এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য। কারণ, এর ওপর নির্ভর করবে আমাদের আগামী চিকিৎসাব্যবস্থা। ইশরাত জাহান পাবনা।কোন ভরসায়?দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু ঋণ প্রকল্প বাতিল করেছে বিশ্বব্যাংক। দুর্নীতি বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। আমরা এ ক্ষেত্রে চ্যাম্পিয়ন। প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি হয়েছে। ভবিষ্যতেও হবে। পদ্মা সেতুর ঋণ বাতিলের মাধ্যমে আবারও তা প্রমাণিত হলো। সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে জনগণের অনুদানের জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে আলাদা হিসাব খুলছে। আমার প্রশ্ন, সরকার দুর্নীতি করেছে। তার মাশুল জনগণ দেবে কেন? আর যদি জনগণ দেবে? লেখক সাংবাদিক আনিসুল হক একবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, প্রধানমন্ত্রী যেন নিজ মুখে ঘোষণা দেন যে তাঁর কোনো মন্ত্রী দুর্নীতিবাজ নন। কোনো প্রমাণ লাগবে না। বলা বাহুল্য, তাতে কোনো সাড়া মেলেনি। মন্ত্রীদের অনেকে যে দুর্নীতিবাজ, আমাদের এই বিশ্বাস আরও পোক্ত হয়েছে। তাহলে পদ্মা সেতুর জন্য জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবারও যে দুর্নীতি হবে না—তার নিশ্চয়তা কে দেবে? নূরল জাহিদসহকারী শিক্ষক ডা. জারিফ হোসেন উচ্চবিদ্যালয়তুলসীপুর, মাধবপুর, হবিগঞ্জ।