চি ঠি প ত্র
জাতীয় পরিচয়পত্রভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। অনেকেই নতুন ভোটার হচ্ছেন। যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, তাঁদের প্রত্যেকের কাছেই যাচ্ছেন তথ্য সংগ্রহকারী। এরপর এই ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। শহরে এই জাতীয় পরিচয়পত্র তথা ভোটার আইডি কার্ডের গুরুত্ব সম্পর্কে অনেকেই সচেতন। কিন্তু গ্রামগঞ্জে গেলে দেখা যায় এর উল্টো চিত্র। অনেকেরই এর গুরুত্ব সম্পর্কে ধারণা নেই; যা খুবই দুঃখজনক। অনেকে হারিয়ে ফেলেন গুরুত্ব না বোঝার কারণে। প্রতিটি মানুষকে ভোটার হওয়ার পাশাপাশি ভোটার আইডি কার্ডের গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে। সে জন্য প্রয়োজন সচেতনতা বাড়ানো। সে জন্য ভোটার আইডি কার্ডের গুরুত্ব এবং নানা তথ্যসংক্রান্ত বিষয় নিয়ে জনস্বার্থে বিজ্ঞাপন দেওয়া উচিত সব সময় টেলিভিশন চ্যানেলগুলোতে। এমনকি পাঠ্যপুস্তকেও এ বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তা হলে সবাই এর গুরুত্ব বুঝবে। কাউকে দুর্ভোগ পোহাতে হবে না। সেই সঙ্গে ভোটার আইডি কার্ড যাতে নির্ভুল হয়, সে জন্য তথ্য সংগ্রহকারী ও তথ্যদাতা উভয়কেই সচেতন থাকতে হবে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।ইএমটিএস সার্ভিসবাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস বা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এই অর্থ স্থানান্তর সেবা একাধারে সাশ্রয়ী, লাভজনক ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ফলে এই সেবা নেওয়ার জন্য ক্রমেই আগ্রহ বাড়ছে। চালু হওয়ার পর গত দুই বছরে এই কার্যক্রম থেকে ডাক বিভাগ মুনাফা করেছে প্রায় ৩৭ কোটি টাকা। এখন দেশের দুই হাজার ৭৫০টি ডাকঘর থেকে টাকা পাঠানো ও সংগ্রহের এই সেবা পাওয়া যাচ্ছে। তবে মুঠোফোনভিত্তিক এই সেবার বিষয়টি সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে তেমন কোনো প্রচার-প্রচারণা নেই। তাই বহু মানুষের কাছে সস্তায় ও দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে টাকা পাঠানোর বিষয়টি অজানা থেকে যাচ্ছে। মুঠোফোনভিত্তিক ডাক বিভাগের এই ইএমটিএস সেবার মাধ্যমে মিনিটের মধ্যেই টাকা পাঠানো যায়। বেসরকারি ব্যবস্থায় ও বেসরকারি কুরিয়ার সার্ভিসের চেয়ে ডাক বিভাগের এই সেবাটি এখন অনেক সাশ্রয়ী। তবে এর পরিসর আরও বাড়াতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দেশের সব ডাকঘরে এই সেবা প্রদান নিশ্চিত করা দরকার। জাহেদুর রহমানতাহেরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী।