চি ঠি প ত্র
প্রযুক্তির ব্যবহারপ্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয়। আমরা এর সুফল ও কুফল দুটোই পাচ্ছি। আসুন, আমরা কিছুক্ষণ চিন্তা করি এবং গ্রহণ করি সুফলকে। কারও ব্যক্তিজীবনকে উন্মোচিত না করে বরং গোপনে ছবি তুলতে পারি কোনো ঘুষখোরের, ছিনতাইকারীর বা দুর্নীতিরত অবস্থায় কোনো রাঘববোয়ালের। যেভাবে ধরা হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং বা তারও আগে ভারতে ‘তেহেলকা’ শীর্ষক ঘুষ আদান-প্রদানের দুর্দান্ত দৃশ্য। কিছুটা সংযত আচরণ করুক মিডিয়াও। অল্প-বিস্তর পত্রিকা কিছু অহেতুক ঘটনার অতিপ্রচার করে থাকে কেবল নিজেদের ব্যবসার স্বার্থে। সুতরাং প্রযুক্তিকে ব্যবহার করি ইতিবাচক দিকে, যা কারও মুখ নয় মুখোশ উন্মোচন করবে।আহমেদ হীরক, সাহিত্যকর্মী।সরকারি কবরস্থানবাংলাদেশের প্রকৃত জনসংখ্যা কত, তা সম্প্রতি অনুষ্ঠিত আদমশুমারির পর জানা যাবে। তবে ১৫ কোটি জনসংখ্যা যদি আনুমানিকভাবেই ধরে নিই, তাহলেও বিপুল এ জনসংখ্যার ভার বইবার ক্ষমতা এ মাটির নেই। ১৯৭১ সালে এ দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। আর ৪০ বছরেই তা হয়েছে দ্বিগুণ। জনসংখ্যা জিরো লেভেল তো দূরের কথা, কম রাখার সব চেষ্টাও অতীতে ব্যর্থ হয়েছে। জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব পড়ছে সর্বত্র। গ্রামে কাজের সংস্থান না থাকায় ঢাকার ওপর ক্রমাগত চাপ বাড়ছে। বছরে যা কিছু প্রবৃদ্ধি হচ্ছে, বাড়তি জনসংখ্যা তা গ্রাস করে নিচ্ছে। শহরে উন্নত জীবনযাত্রার লক্ষ্যে প্রাণান্ত চেষ্টা করলেও গ্রামে তার বিপরীত চিত্র। কোনো রকম খেয়ে-পরে বেঁচে থাকলেই তাদের জীবন সার্থক। কিন্তু গ্রাম ও শহর উভয় জায়গায়ই এর বিরূপ প্রভাব পড়ছে। মানুষের থাকার জন্য প্রথম দরকার বাসস্থান। আর এই বাসস্থানের জন্য পৈতৃক সম্পত্তি ভাগ হয়ে গড়ে উঠছে অপরিকল্পিত ঘরবাড়ি। যাঁরা বিদেশে যেতে পেরেছে, তাঁরা আবাদি জমি কিনে নতুন নতুন ঘরবাড়ি নির্মাণ করছেন। এতে ফসলি জমি দিন দিন কমে যাচ্ছে। এর সঙ্গে নতুন করে যোগ হচ্ছে কবরস্থান। কবরস্থান একটি পবিত্র স্থান। যাদের টাকা আছে, তারা কবরস্থান পাকা করছে। অন্যরা পারিবারিক কবরস্থানে কবর দিচ্ছে। এ কবরস্থানগুলো অনেক ক্ষেত্রেই অরক্ষিত।কবরস্থানে গাছপালা জন্মে আগাছায় পরিণত হচ্ছে। এসব কবরস্থানে কুকুর-বিড়াল প্রাকৃতিক কাজও সারছে। কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য এখন প্রয়োজন প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারি কবরস্থান নির্মাণ করা। প্রতিটি কবরস্থানে যদি মসজিদ-মাদ্রাসা বা হেফজখানার ব্যবস্থা থাকে, তাহলে দেখা যাবে সেখানে হরহামেশা কোরআন খতম ও দোয়া-দরুদ হচ্ছে। কুমিল্লা ও চট্টগ্রামে ওয়ার সিমেট্রির আদলে কবরস্থানের পাশে বিভিন্ন ফুলের গাছও লাগানো যেতে পারে। কবরস্থানের পবিত্রতা রক্ষা করা সরকারেরও দায়িত্ব। এতে একদিকে যেমন আবাদি জমি রক্ষা পাবে, অন্যদিকে এসব জমি রক্ষা পেলে গ্রামে গ্রামে খেলার মাঠ ও ক্লাব গড়ে উঠবে। ইংল্যান্ড, ইতালিতে মাঠসংলগ্ন ক্লাব গড়ে উঠেছে। এমনকি শ্রীলঙ্কায়ও ইউরোপের আদলে গ্রামে গ্রামে ক্লাব গড়ে উঠছে। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে সরকারি ব্যবস্থাপনায় কবরস্থান তৈরির পরিকল্পনার এখনই সময়।কাজী রকীবুল ইসলামশান্তিনগর, ঢাকা।রিকশা ও যানজটপ্রিয় দেশবাসী, রিকশা যানজট নিয়ে কিছু কথা বলছি। ঢাকা শহরের আটটি সড়কে রিকশা-চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন হয়তো পুরো ঢাকা শহর রিকশাশূন্য হয়ে যাবে। রিকশা-চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে যাত্রীরা কোন বাহনে কীভাবে চলাচল ও মালামাল পরিবহন করবে, সেটি বিবেচনা করা উচিত। যোগাযোগ মন্ত্রণালয় এবং ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড কর্তৃক ২০১০ সালের তথ্যানুযায়ী দেখা যায়, ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৩৮ দশমিক ৭ শতাংশ যাতায়াত হয় রিকশায়। এই বিপুলসংখ্যক মানুষ কীভাবে যাতায়াত করবে, সে চিন্তা না করে কার স্বার্থে রিকশা-চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশবাসী বুঝতে পারছে। কর্তৃপক্ষ হয়তো গাড়ি কোম্পানির প্রতিনিধিত্বকারী বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থার প্রেসক্রিপশন পেয়েছে। ফলে ঢাকা শহরের বিভিন্ন সড়কে প্রাইভেট কার দ্রুত বাড়ছে। এতে বেড়েছে দূষণ, জ্বালানিনির্ভরতা ও যাতায়াত খরচ। এতে পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এসটিপিএ গবেষণা অনুযায়ী প্রাইভেট কার রিকশার চেয়ে আড়াই গুণ বেশি জায়গা নেয়। তার পরও কেন এই সিদ্ধান্ত? ঢাকা ছাড়া পৃথিবীর কোনো শহরেই রিকশা চলে না—এমন কথা কেউ কেউ বলে থাকেন।পরিবেশের উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ের জন্য বিশ্বের অনেক শহরেই রিকশা চলছে। নিউইয়র্কে রিকশার পেছনে লেখা থাকে, ‘The streets are green with pedi cab’। আমেরিকার বিভিন্ন শহরে রিকশার প্রচলনকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়। বিশ্বে জনপ্রিয় বাহন হিসেবে রিকশার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সারা বিশ্বে বর্তমানে ৫০ লাখ রিকশা আছে এবং ৯০টিরও বেশি শহরে রিকশা চলছে। ঢাকা শহরের অধিকাংশ যাতায়াত স্বল্প দূরত্বের। আর স্বল্প দূরত্বে বিরতিহীনভাবে যাতায়াতের জন্য রিকশা জ্বালানিমুক্ত, পরিবেশবান্ধব ও নিরাপদ বাহন। এর মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সুতরাং রিকশা চলাচল কীভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রিকশা দেশের পরিবহন খাতে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকার জ্বালানি সাশ্রয় করছে।মনোহর চন্দ্র দাসরায়পুরা, নরসিংদী।