চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকাবাইচ!ঈদের ছুটির সময় গত ২২ আগস্ট খুব ভোরে গিয়েছিলাম মুন্সিগঞ্জের শ্রীনগরে আমার এক বন্ধুর আত্মীয়ের বাড়িতে। বর্ষার পানিতে নৌকাভ্রমণের আনন্দ উপভোগ করার জন্য আমরা প্রায় ২০-২৫ জন মিলে সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে রওনা হলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীর দিকে। ইছামতী নদীর দুই পারের প্রকৃতি এখানে খুবই নয়নাভিরাম। বিকেলে সেই চমৎকার প্রকৃতি দেখতে দেখতে যখন ফিরছিলাম, তখন ভাঙ্গাভিটা গ্রামের কাছে এসে ভয়ংকর এক দৃশ্য দেখে আঁতকে উঠলাম। ১০-১২টি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে গ্রামের তরুণেরা সাউন্ড সিস্টেমে উচ্চ ভলিউমে গান বাজিয়ে উদ্দাম নৃত্য করছে এবং তাদের সবার হাতে হকিস্টিক, বিশাল বিশাল রামদা, ছোরা, টেঁটা, বল্লম, চায়নিজ কুড়াল ইত্যাদি দেশীয় ধারালো অস্ত্র। নির্দিষ্ট একটা সীমানার মধ্যে নৌকাগুলো ঘুরপাক খাচ্ছে। নদীর দুই পাড়ে শত শত শিশু, নারী, পুরুষ ও আবালবৃদ্ধবনিতা তা উপভোগ করছে। আমি সবার অগোচরে ক্যামেরা বের করে কয়েকটি ছবি তুলে নিই। ভাঙ্গাভিটা গ্রামটি ইছামতী নদীর পারে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত। গ্রামটি ঢাকা থেকে কলাকোপা-বান্দুরাগামী সড়কের ইছামতী নদীর ওপর অবস্থিত মরিচা ব্রিজের একেবারে কাছে। অতি সন্তর্পণে অন্য কয়েকটি নৌকার মাঝিদের কাছ থেকে জানতে পারলাম যে আগে এখানে শরতের সময় প্রতিবছর নৌকাবাইচ হতো। বাইচটি প্রায় ১০০ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী। কিন্তু ১৫-২০ বছর ধরে বাইচকে কেন্দ্র করে অনেক খুনোখুনি হয়েছে। অনেকের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেনি। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন আর নৌকাবাইচ হয় না। নৌকাবাইচের দিনে আধিপত্য বিস্তারের জন্য চলে অস্ত্রের মহড়া। ভাঙ্গাভিটা গ্রামটি আশপাশের গ্রামের মানুষের কাছে ‘ডাকাতের গ্রাম’ নামে পরিচিত। দিনের বেলাতেও এখান দিয়ে নৌকা চালিয়ে যাওয়ার সময় সবাই ভয়ে থাকে। আমি এই দৃশ্য দেখে এবং মাঝিদের কাছ থেকে এসব কথা শুনে ভাবি, এও কি সম্ভব! বাংলাদেশ কি সন্ত্রাসীদের অভয়ারণ্য? এসব সন্ত্রাসী দিনদুপুরে মারাত্মক সব অস্ত্র নিয়ে এভাবে আনন্দ-উল্লাস করার সাহস কীভাবে পায়? তাদের মনে কি পুলিশ, প্রশাসন ও আইনের কোনো ভয় নেই? নদীর তীরে মা-বাবার হাত ধরে দাঁড়িয়ে যেসব শিশু আজ এই দৃশ্য দেখছে, তারা বড় হয়ে কি কলমের বদলে হাতে অস্ত্র তুলে নেবে? এ কথা ভাবতেই গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে। এম এ মুহিতদুবার এভারেস্ট বিজয়ী বাংলাদেশি।কুম্ভকর্ণের নিন্দ্রাগত ১৪ আগস্ট প্রথম আলোতে গ্যাসের অপচয়সংক্রান্ত প্রধান সংবাদটি পড়ে রীতিমতো বিস্মিত। রাজধানী ঢাকাসহ সারা দেশে আবাসিক ও অনাবাসিক উভয় খাতে গ্যাস-সংযোগ এবং সরবরাহ নিয়ে যেখানে আকুতি-হাহাকার, সেখানে গ্যাসের অপচয়সংক্রান্ত জরিপ ও গবেষণা প্রতিবেদনটি আমাদের স্তম্ভিত করেছে। আশা এটুকু যে বর্তমানে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের সেকেলে প্রযুক্তির বয়লার ব্যবহারের কারণে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, তাতে এসব প্রতিষ্ঠানে যন্ত্রপাতির দক্ষতা বাড়ানো হলে যে পরিমাণ গ্যাস সাশ্রয় হবে, শুধু তা দিয়েই সব ক্ষেত্রের বর্তমান ঘাটতি পূরণ করা সম্ভব। অন্যদিকে ওই প্রতিবেদন অনুযায়ী, গ্যাসের অপচয় রোধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। নানা অজুহাতে বারবার এ কাজ ফেলে রাখা হয়েছে। এরপর একটি বিদেশি সংস্থার সহায়তায় এ ব্যাপারে কার্যক্রম নেওয়ার বিষয়ে আলোচনা, সেমিনার, প্রশিক্ষণ প্রভৃতি করা হচ্ছে তিন বছর ধরে। এখন পর্যন্ত অপচয় রোধের কার্যক্রম দৃশ্যমান নয়—এটাই হতাশার। জাতীয় দৈনিকের প্রধান সংবাদ আকারে এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যার ওপর প্রতিবেদন প্রকাশের পর স্বাভাবিকভাবেই আশা করেছিলাম, জনগণের কাছে দায়বদ্ধতা ও জবাবদিহির তাগিদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ দ্রুত এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করবে। কিন্তু তা না হওয়ায় অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাদের শুধু নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু ভাবার সময় নেই। তারা কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন।শাহীদুল আযম।মিরপুর, ঢাকা