চি ঠি প ত্র
আমাদের পথ দেখাওওই চলে মহাশ্রমণের দল, পার্বত্য মহানৈঃশব্দ্য পথে, বৃক্ষের ছায়ায় ছায়ায় অহিংসার মহাজাগতিক আলোকবর্তিকা ছড়াতে ছড়াতে। তাদের পেছন পেছন চলেন হিংসাশ্রয়ী আর্যবীর সম্রাট অশোক। গৌতমের ধর্ম গ্রহণ করে আজ তিনি অহিংসার প্রতিভূ। মহামতি বুদ্ধের মহিমায় তাঁর হিংসাশ্রয়ী হূদয়ে লেগেছে প্রেমের শীতল চন্দনের প্রলেপ।ওই চলে জ্ঞানী ভিক্ষুর দল, তালের পাতায় পাতায় বর্ণনা করে মানুষের দুঃখের কারণ কিংবা জানান দিয়ে চলে অজানা কোনো জগতের খবর। জন্মেই দুঃখী মানুষকে দুঃখমুক্ত আলোময় জগতের সন্ধান দেওয়াই তাদের মহাজাগতিক পরিভ্রমণের উদ্দেশ্য। সেখানে আছেন মহাশ্রমণা সুজাতা, দুগ্ধ আর ধান্য বীজের সংমিশ্রণে, সংযমের অগ্নিতাপে তিনি তৈরি করেন পবিত্র পায়েসান্ন, যা ভক্ষণে নির্বাণ লাভের মাধ্যমে দুঃখকে জয় করা যায়। ওই চলেন মহাশ্রমণ বাংলার অতীশ দীপঙ্কর। দুঃখ মুক্তির জ্ঞানভান্ডার বুকে নিয়ে, পর্বত থেকে পর্বতে। প্রতিটি বৃক্ষ-লতা, কীটপতঙ্গ, জীবজন্তুকে সাক্ষী রেখে, মানুষ নামক প্রাণীর অন্তরে আলোকরশ্মি ছুঁইয়ে দেওয়ার মানসে। ওই চলে শান্ত-সৌম্য শ্রমণের দল, তাদের ঘামের গন্ধ পরিণত হয় প্রেমময় চন্দনের সুবাসে। হূদয়ের প্রেম ভর করে তাদের হাতের বাটালি ও কুঠারে। পরম যত্নে, পরম নিষ্ঠায়, পরম প্রেমে, রাত্রি-দিন পরম অধ্যবসায় তারা নির্মাণ করে মহামতির বিগ্রহ। ধ্যানস্থ সেই বিগ্রহ আনন্দময় করে তোলে তাদের শ্রমময় দিন-রাত্রিকে । কালে কালে নীরবে-নিভৃতে প্রাণ প্রতিষ্ঠা হয় মহামতির বিগ্রহে...আলোকিত হয় মানবাত্মা। কিন্তু হায়, সেই আলো আজ কোথায় হারাল! আমাদের অন্তরের নিজস্ব অন্ধকার যে গাঢ় থেকে গাঢ়তর হয়েছে, সে আঁধারের উন্মত্ততায়, চাঁদের আলোয় হিংস্রতায়, আমরা ঝাঁপিয়ে পড়েছি অহিংস আলোকিত মহামতি বুদ্ধের ওপর। এই নিজস্ব অন্ধকার, ক্রোধ ও হিংসা থেকে আমাদের কে রক্ষা করবেন? জ্বলে যায় তালপাতার পুঁথি, আমাদের পূর্বপুরুষের ভাষা, আমাদের সভ্যতার ইতিহাস, মহাপৃথিবীর অহিংসার প্রতীক মহামতির বিগ্রহ। কোথায় মহাশ্রমণ সম্রাট অশোক, তুমি কি শুনতে পাও না...বুদ্ধের ধড় থেকে মস্তক ছিঁড়ে চূর্ণ করার শব্দ? কোথায় তোমার তরবারি, তুমি জাগো, তোমার তরবারিতে আমাদের হিংসাকে হত্যা করে আমাদের পবিত্র করো, আমাদের মুক্তি দাও। আমরা আজ আশ্রয়হীন অসহায়, আমরা কোথায় যাব মানবতা ভিক্ষার তরে? আমাদের প্রশাসন অন্ধ বধির। আমার শান্তির ধর্মের মানুষ, হিংস্র, ক্রুদ্ধ, ধর্মান্ধ, দাবার ঘুঁটি হয়ে এক মহান্ধকারে নিমজ্জিত। আর আমাদের রাজনীতি, আদিম হিংস্রতায় একদল আরেক দলের দিকে উদ্যত, শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক হাতিয়ার একে অপরের দিকে ছুড়ে মারার মহোল্লাসে মত্ত। নিজেদের মানবিক দায়টুকু থেকেও তারা আজ বিস্মৃত। রাতের অন্ধকারে আক্রান্ত, প্রাণভয়ে ভীত অসহায় মানুষের আর্তনাদ তাদের কাছে পৌঁছুবে কেমন করে! এমন অহম তমসায়, বাংলার মহাজ্ঞানী অতীশ দীপঙ্কর কোথায় তুমি...জাগো, দেখো, তোমার বাংলার জ্ঞানভান্ডার আজ দুর্বৃত্তের হিংসায় খাক হয়ে যায়। বাংলার হূদয় আজ শতখণ্ডিত অন্ধকারাচ্ছন্ন, এই অন্ধকারের গহ্বর থেকে বেরিয়ে আসে শ্বাপদন্যায় মানুষরূপী জানোয়ার। তারা অবলীলায় ধ্বংস করে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, মানবিকতা। তাদের হাত থেকে আমাদের রক্ষা করো। আজ এই অবস্থায় দাঁড়িয়ে, তোমাদের আহ্বান করা ছাড়া আর কী করতে পারি আমরা? আমরা আজ অসহায়, আশ্রয়হীন। তোমরা জাগো, আমাদের নিজস্ব অন্ধকার, লোভ, ক্রোধ, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে আমাদের রক্ষা করো। মহামতি বুদ্ধের দোহাই, তোমাদের আলোয় আবার আমাদের আলোকিত করো, পবিত্র করো, আমাদের ক্ষমা করো, আমাদের পথ দেখাও, আমাদের মানবজন্ম মানবিক হোক...সাধনা আহমেদ, নাট্যকার[email protected]পিএসসির জিপিএপিএসসির ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষাগুলোতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ডিভিশন/জিপিএ ধরা হতো এইভাবে। জিপিএ-৩-এর ওপরে প্রথম বিভাগ এবং জিপিএ-২ থেকে ৩ দ্বিতীয় বিভাগ।বর্তমানে নন-ক্যাডার পরীক্ষাগুলোর ফরমফিলাপ করতে গিয়ে দেখা গেল, ২০০১, ২০০২, ২০০৩ সালের এসএসসি এবং ২০০৩-এর ক্ষেত্রে ৩.৫-এর ওপরে প্রথম বিভাগ এবং (২.৫০-৩.৫০) দ্বিতীয় বিভাগ ধরা হচ্ছে এবং ২০০৪ ও তার পরবর্তী সময়ে ৪-এর ওপরে প্রথম বিভাগ এবং ৩-৪ দ্বিতীয় বিভাগ ধরা হচ্ছে।এই নম্বর বণ্টনের সময় পিএসসি কর্তৃপক্ষ কি এতটুকু চিন্তা করেনি, ২০০১, ২০০২ ও ২০০৩ এই তিন সালের ব্যাচ পর্যায়ক্রমে ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে এইচএসসি পাস করেছে? ২০০৩-এর ক্ষেত্রে যে গ্রেডিং নম্বর বরাদ্দ, ২০০৪ ও ২০০৫-এর ক্ষেত্রে গ্রেডিং নির্ধারণ কেন এক হবে না?এ ছাড়া ২০০৩ ও ২০০৪ সালে জিপিএ-৫ কতজন ছাত্রছাত্রী পেয়েছে। ওই সময় ২.৫০ থেকে শুরু করে ৩-এর মধ্যে পাস করা বিপুল শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেছে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই তৃতীয় বিভাগে উত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে অনার্সে ভর্তি করেনি। তা হলে পিএসসি কেন ২০০৪ সালে পাস করা জিপিএ-৩-এর নিচে হলে তৃতীয় শ্রেণী গণ্য করবে? বর্তমান সময়ে এসএসসি ও এইচএসসির ফলের সঙ্গে প্রথম দিকের গ্রেডিং সিস্টেম রেজাল্টের সঙ্গে তুলনা করাটা কি অবাঞ্ছিত নয়?পিএসসির এই জিপিএ নির্ধারণ যদি বিভিন্ন নন-ক্যাডার ও বিএসসি পরীক্ষার ক্ষেত্রে বজায় রাখে, তা হলে হাজার হাজার মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীর জীবন বিপন্ন হয়ে যাবে। তাই আগের নম্বর বণ্টন চালু করার জন্য পিএসসি কর্তৃপক্ষকে অনুরোধ করছি।ফারহানা, সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়।মায়াদ্বীপ৩ অক্টোবর প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘আমাগো দ্যাশ কাইটা নিয়া যাইতেছে’ শীর্ষক কলামের জন্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ যে, লেখাটি প্রকাশিত হওয়ার পর সোনারগাঁ-নারায়ণগঞ্জ অঞ্চলে বালুদস্যুদের আগ্রাসনে হুমকির মুখে থাকা মায়াদ্বীপ-নুনেরটেক চরের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়েছে। বালুদস্যুদের বিরুদ্ধে আন্দোলনের অপরাধে মিথ্যা মামলায় আটক জিলানী মেম্বারের কথা লেখক তাঁর লেখায় প্রকাশ করেছেন। লেখাটি প্রকাশিত হওয়ার পরদিন কুমিল্লা আদালতে জিলানী মেম্বারের মামলাটি শুনানির জন্য উত্থাপিত হলে, আদালতের গোচরে প্রথম আলোর লেখাটি আনা হয়। এবং সুখের কথা, আদালত নুনেরটেক-মায়াদ্বীপের সংগ্রামী জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জিলানী মেম্বারের জামিন মঞ্জুর করেন। মায়াদ্বীপ নামটি নিয়ে অনেকের মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছে। ২০০৭ সালে সোনারগাঁয়ের সমাজ সংগঠক সোনারগাঁ ফাউন্ডেশনের নির্বাহী তথ্যপ্রযুক্তিবিদ শাহেদ কায়েস নতুন এই চরে ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ গড়ে তোলেন এবং ভালোবেসে এই চরের নাম দেন মায়াদ্বীপ। ২০১০ সালে নারায়ণগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক সামছুর রহমান চরবাসীর অনুরোধে চর পরিদর্শনে আসেন। এই চরের নামকরণ কিংবা আন্দোলন সংগঠনের সঙ্গে সাবেক জেলা প্রশাসকের কোনো সম্পৃক্ততা নেই। তিন বছর ধরে ওই চর রক্ষার জন্য চরবাসীর স্বতঃস্ফূর্ত ও সোচ্চার আন্দোলনের ফলে জাতীয় মিডিয়া ও মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে। ফলে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই চর রক্ষার বিষয়ে আগ্রহও প্রকাশ করে এবং বাংলাদেশ সরকারকে একটি চিঠি দেয়। সেই থেকে চরটি মায়াদ্বীপ নামে পরিচিতি পেতে শুরু করে। বর্তমানে এই চরের কৃষক ও জেলেরা বালুদস্যুদের হুমকির মুখে চাষবাস ও মাছ ধরার কাজে নিয়মিতভাবে বাধা পাচ্ছেন। জাতীয় বালুনীতির লঙ্ঘন করে, প্রকৃত ইজারাস্থলের থেকে অনেক দূরে চরের মাটি কেটে বালু তুলে নেওয়া বন্ধ করায় সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। শাহেদ কায়েস, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন সোনারগাঁ, নারায়ণগঞ্জ।